• facebook
  • twitter
  • youtube
Saturday, 28 November, 2026

মত্ত অবস্থায় মহিলা চিকিৎসককে গালিগালাজের অভিযোগ, গ্রেপ্তার কলকাতা পুলিশের ট্রাফিক সার্জেন্ট  

অভিযুক্ত ট্র্যাফিক সার্জেন্টকে বিধাননগর উত্তর থানার পুলিশ গ্রেপ্তার করে। নিয়ম অনুযায়ী, দিব্যেন্দুকে গ্রেপ্তারের পর মেডিক্যাল পরীক্ষা করানোর জন‍্য বিধাননগর মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

মত্ত অবস্থায় মহিলা চিকিৎসককে গালিগালাজের অভিযোগ, গ্রেপ্তার কলকাতা পুলিশের ট্রাফিক সার্জেন্ট  

File Photo

ঘুষ নিতে গিয়ে এসিবি-র হাতে ধরা পড়েছিল এন্টালি থানার ট্রাফিক সার্জেন্ট। এই ঘটনার পর সপ্তাহ ঘুরতে না ঘুরতেই মত্ত অবস্থায় এক মহিলা চিকিৎসককে গালিগালাজের অভিযোগে গ্রেপ্তার হল লালবাজার ট্রাফিক গার্ডের সার্জেন্ট। ধৃতের নাম দিব‍্যেন্দু সিংহ। শনিবার অভিযুক্তকে আদালতে পেশ করা হলে ১৪ দিনের জেল হেফাজতের নির্দেশ দেওয়া হয়েছে।

জানা গিয়েছে, অভিযুক্ত সার্জেন্ট দিব্যেন্দু লালবাজারে কর্মরত ছিলেন। শুক্রবার রাত আড়াইটে নাগাদ বিধাননগর উত্তর থানায় একটি ফোন আসে। অভিযোগ, বিধাননগর উত্তর থানার এলাকার সিএবি ক্যাম্পের কাছে কলকাতা পুলিশের আবাসনের কাছে একজন পুলিশকর্মী মত্ত অবস্থায় বাকি পুলিশকর্মী এবং তাঁদের পরিবারের লোকজনকে গালিগালাজ করছে।

অভিযোগ, দিব্যেন্দুকে থানায় নিয়ে আসার পরেও তিনি ডিউটি অফিসারকে অশ্রাব্য ভাষায় গালিগালাজ করেন। এমনকী অশালীন অঙ্গভঙ্গিও করেন। এরপরেই অভিযুক্ত ট্র্যাফিক সার্জেন্টকে বিধাননগর উত্তর থানার পুলিশ গ্রেপ্তার করে। নিয়ম অনুযায়ী, দিব্যেন্দুকে গ্রেপ্তারের পর মেডিক্যাল পরীক্ষা করানোর জন‍্য বিধাননগর মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

আরও পড়ুন: জাতীয় চকবল ফেডারেশনে বাংলার বড় প্রাপ্তি, সহ-সভাপতির পদ সামলাবেন দিবাকর

অভিযোগ, ওই হাসপাতালে অভিযুক্ত এক মহিলা চিকিৎসকে গালিগালাজ করে মারমুখী হয়ে ওঠেন। এরপর অভিযুক্তের শারীরিক পরীক্ষা করার পর তাঁকে বিধাননগর উত্তর থানায় ফিরিয়ে আনা হয়। শনিবার অভিযুক্ত ট্র্যাফিক সার্জেন্টকে বিধাননগর আদালতে পেশ করা হয়। তখন তাঁর মামলার সঙ্গে যুক্ত নয় এমন আইনজীবীকে বেধড়ক মারধর করার অভিযোগ উঠেছে অভিযুক্তের বিরুদ্ধে।