• facebook
  • twitter
  • youtube
Thursday, 15 October, 2026

কাটল জটিলতা, ২৪ ঘণ্টার মধ্যেই ১৪ ঘাটে চালু ফেরি পরিষেবা

পুজোর সময়ে ফেরি ঘাট বন্ধ নিয়ে অনেকেই সমস্যায় পড়েছিলেন। তবে ২৪ ঘণ্টার কাটতে না কাটতেই ফের ফেরি পরিষেবা শুরু হল। ফলে পুজোয় কলকাতায় ঠাকুর দেখতে যাওয়া নিয়ে যে অনিশ্চয়তা তৈরি হয়েছিল, তা কাটল।

কাটল জটিলতা, ২৪ ঘণ্টার মধ্যেই ১৪ ঘাটে চালু ফেরি পরিষেবা

প্রতিনিধিত্বমূলক চিত্র

দুর্গাপুজোর সময়ে কলকাতায় ঠাকুর দেখতে আসার জন্য অনেকেই ফেরি পরিষেবার উপর নির্ভর করেন। বুধবার অর্থাৎ চতুর্থীর দিন সেই ফেরি পরিষেবাই দুপুরের পর থেকে বন্ধ করে দেওয়া হয়েছিল। হাওড়া, হুগলি ও উত্তর ২৪ পরগনার প্রায় ১৪টি ঘাটের ফেরি পরিষেবা বন্ধ করা হয়েছিল। সেই ঘটনার ২৪ ঘণ্টা কাটতে না কাটতেই ফেরিঘাট খুলে দেওয়া হল। ১৪ ঘাট থেকে চালু হলো লঞ্চ পরিষেবা।

জানা গিয়েছে, বৃহস্পতিবার পঞ্চমী দিন দুপুর সাড়ে ১২টা থেকে এই পরিষেবা শুরু হয়ে গিয়েছে। পুর নগরন্নোয়ন প্রতিমন্ত্রী উমেশ রায় হুগলি নদী জলপথ পরিবহণ সমবায় সমিতির কর্মীদের সঙ্গে এ বিষয়ে বৈঠক করেছেন। মন্ত্রী জানিয়েছেন, এক-দু দিনের মধ্যে বকেয়া বেতন মিটিয়ে দেওয়া হবে।

উমেশ রায়ের আশ্বাসের পরে ফেরি পরিষেবা চালু করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ২ মাসের বকেয়া বেতন এবং পুজোর বোনাস না পেয়ে বুধবার থেকে অনির্দিষ্টকালের জন্য পরিষেবা বন্ধ করে দিয়েছিলেন হাওড়া, হুগলি ও উত্তর ২৪ পরগনার ফেরি কর্মীরা। এর ফলে পুজোর দিনে হাওড়া স্টেশনে নামা লক্ষ লক্ষ দর্শনার্থীর কলকাতায় পৌঁছনো নিয়ে আশঙ্কা তৈরি হয়। বিশেষ করে ভিড়ের মধ্যে সীমিত বাস ও ক্যাবের উপরে নির্ভর করে কীভাবে বাড়তি যাত্রীর চাপ সামলানো যাবে, তা নিয়ে প্রশ্ন উঠেছিল।

আরও পড়ুন: বদলেছে ঠিকানা, বদলায়নি রীতি- রায় চৌধুরী পরিবারের ৩০০ বছরের দুর্গাপুজোয় রয়েছে ইতিহাসের ছোঁয়া

মঙ্গলবার বিকেলে হাওড়া স্টেশন লাগোয়া ফেরিঘাটে বিক্ষোভ দেখিয়ে কর্মীরা হুঁশিয়ারির সুরে জানিয়েছিলেন, পাওনা না মেটালে বুধবার দুপুরের পর থেকে তাঁরা পরিষেবা বন্ধ করে দেবেন। সেই মতো তাঁরা বন্ধও করে দিয়েছিলেন। পুজোর সময়ে ফেরি ঘাট বন্ধ নিয়ে অনেকেই সমস্যায় পড়েছিলেন। তবে ২৪ ঘণ্টার কাটতে না কাটতেই ফের ফেরি পরিষেবা শুরু হল। ফলে পুজোয় কলকাতায় ঠাকুর দেখতে যাওয়া নিয়ে যে অনিশ্চয়তা তৈরি হয়েছিল, তা কাটল।