• facebook
  • twitter
  • youtube
Monday, 16 November, 2026

‘ছটপুজোর বিরোধীদের মানুষ প্রত্যাখ্যান করেছে’, তৃণমূলের নাম না করে তোপ শমীকের

অন্যদিকে নিউ আলিপুরের ট্রায়াঙ্গুলার পার্কেও একটি অনুষ্ঠানে যান শমীক ভট্টাচার্য। তাঁর সঙ্গে ছিলেন দুই বিধায়ক সৌরভ শিকদার, শঙ্কর শিকদার

‘ছটপুজোর বিরোধীদের মানুষ প্রত্যাখ্যান করেছে’, তৃণমূলের নাম না করে তোপ শমীকের

BJP State President Shamik Bhattacharya Photo-SNS

রাজ্যে এখন ছটপুজোয় মেতে উঠেছেন মানুষজন। রাজ্য সরকারের পক্ষ থেকে নানা উদ্যোগ নেওয়া হয়েছে। যাতে ছটপুজোয় পুণ্যার্থীদের অসুবিধা না হয়। কলকাতার নানা প্রান্ত থেকে শুরু করে জেলাতেও সাড়ম্বরে পালিত হচ্ছে ছটপুজো। সুতরাং এখন রাজ্যজুড়ে একটা উৎসবমুখর পরিবেশ তৈরি হয়েছে। এই আবহে সোমবার ছটপুজোয় অংশ নেন বিজেপির রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য। আর সেখান থেকেই নাম না করে তৃণমূলকে ছটপুজো বিরোধী বলেছেন। আর নিজেদের নেতা-কর্মীদের বেশি করে মানুষের কাছে যেতে নির্দেশ দেন। থানায় কম গিয়ে মানুষের কাছে বেশি যেতে নিদান দিয়েছেন তিনি।

এদিকে তোলাবাজির অভিযোগ বিজেপি নেতা-কর্মীদের বিরুদ্ধে দেদার উঠছে। এই অভিযোগের পাশাপাশি রয়েছে দলের গোষ্ঠীদ্বন্দ্ব। যা নিয়ে বারবার সতর্ক করেছেন বিজেপির রাজ্য সভাপতি। কিন্তু তারপরও তা কমেনি বলেই অভিযোগ। খোদ মুখ্যমন্ত্রীর নাম ভাঙিয়ে তোলাবাজি করেছেন বিজেপি নেতা বলে অভিযোগ উঠেছে। আবার গোষ্ঠীদ্বন্দ্ব এমন পর্যায়ে পৌঁছেছে যে, পানিহাটিতে গতকালই খুন হয়েছেন বিজেপি কর্মী। এই আবহে পন্ডিতিয়া রোডে ছটপুজোর অনুষ্ঠানে গিয়ে শমীক ভট্টাচার্যর তোপ, ‘যাঁরা ছটপুজোর বিরোধীতা করেছেন, তাঁরা কিন্তু কেউ নেই! মানুষ তাঁদের প্রত্যাখ্যান করেছেন। যাঁরা বিরোধীতা করেছিলেন, মানুষের আবেগকে আহত করেছিলেন, বহিরাগত বলেছিলেন, তাঁদের দেবী বিসর্জন দিয়ে দিয়েছেন।’

অন্যদিকে নিউ আলিপুরের ট্রায়াঙ্গুলার পার্কেও একটি অনুষ্ঠানে যান শমীক ভট্টাচার্য। তাঁর সঙ্গে ছিলেন দুই বিধায়ক সৌরভ শিকদার, শঙ্কর শিকদার। সেখানেই বিজেপির রাজ্য সভাপতির বার্তা, ‘প্রত্যেকের মনে রাখা দরকার, মানুষের ভোটে আমরা জিতেছি। মানুষই শেষ কথা। আমাদের মধ্যে বিচ্যুতি এলে মানুষ দেখবে। সবাই সংযত থাকুন, নমনীয় হোন। মানুষের কাছে যান। থানায় বেশি যাওয়ার দরকার নেই। গোটা সমাজটা এখনও অপরাধীদের সমাজ হয়ে যায়নি।’

তাছাড়া ছটপুজোকে কেন্দ্র করে অনেক আগে থেকেই শুরু হয়েছে রাজনৈতিক বিতর্ক। বিজেপিকে একহাত নিয়ে সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় প্রশ্ন তোলেন, ‘বাংলা কি আদৌ বাঙালিদের? নাকি উগ্র বিহারীদের? সনাতন ধর্ম পালন করার অর্থ কি বাঙালিদের সরিয়ে বিহারিদের প্রতিষ্ঠা করা? বাংলার সংস্কৃতি ধ্বংসের চেষ্টা করা হচ্ছে।’ তার প্রেক্ষিতেই শমীক জবাব দিলেন বলে মনে করা হচ্ছে। বিজেপির রাজ্যসভার সাংসদ আরও বলেন, ‘হিন্দুদের ধর্মান্তকরণের কাজ করছেন একজন নামী খিষ্টান কলেজের অধ্যক্ষ। জোর করে এমন কাজ করলে ভাগ্যে অন্য কিছু লেখা থাকবে। সরকার চুপ থাকবে না। গেরুয়ার অপমান কোনওভাবেই বরদাস্ত হবে না। গৈরিকের সমালোচনা করলে ছেড়ে কথা বলব না।’