কোচবিহার জেলা পুলিশ সুপার দপ্তরের ভবনে অগ্নিকাণ্ড। সোমবার সকালে কোচবিহার জেলা পুলিশ সুপারের দপ্তরের ভবনের ছাদ থেকে প্রথমে ধোঁয়া বেরোতে দেখা যায়। বিষয়টি নজরে আসতেই তৎক্ষণাত দমকল বিভাগে খবর দেওয়া হয়। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় দমকলের একটি ইঞ্জিন। দমকল কর্মীদের তৎপরতায় আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে বলে জানা গিয়েছে।
স্থানীয় সূত্রের খবর, এদিন জেলা পুলিশের দপ্তরের ভবনের ছাদ থেকে হঠাৎই ধোঁয়া বের হতে দেখা যায়। অফিসে কর্তব্যরত পুলিশ কর্মীদের প্রথম বিষয়টি নজরে আসে। মুহূর্তের মধ্যে স্থানীয়দের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। এরপরেই দমকল বিভাগে খবর দেওয়া হয়। দমকল কর্মীরা উপস্থিত হয়ে আগুন নেভানোর কাজ শুরু করেন।
জানা গিয়েছে, ওই ভবনের ছাদে কিছু নথিপত্র রাখা ছিল। তাতে কোনওভাবে আগুন লেগে দ্রুত ছড়িয়ে পড়ে। অনেক কাগজপত্র পুড়ে ছাই হয়ে গিয়েছে বলে দমকল সূত্রের খবর। তবে কীভাবে আগুন লাগল, তা এখনও জানা যায়নি। ক্ষয়ক্ষতির পরিমাণ খতিয়ে দেখার পাশাপাশি অগ্নিকাণ্ডের আসল কারণ খতিয়ে দেখতে দমকলের আধিকারিকেরা তদন্ত শুরু করেছে।
আরও পড়ুন: মতামত জানানোর সময়সীমা বাড়ল সপ্তম বেতন কমিশনে, শেষ তারিখ কবে?
তবে পুলিশ সুপার মনীষ জোশি অগ্নিকাণ্ডের ঘটনায় কোনও প্রতিক্রিয়া দেননি। আগুন লাগার ঘটনা দ্রুত নজরে আসায় বড়সড় দুর্ঘটনা এড়ানো সম্ভব হয়েছে।




