বৃষ্টির জেরে সাময়িক স্বস্তি মিললেও দিল্লির বাতাসের গুণমানের ফের অবনতি। রবিবার বিকেলে একসময় রাজধানীর বায়ুর গুণমান সূচক বা একিউআই নেমে এসেছিল ৯০-এ। কিন্তু সেই স্বস্তি দীর্ঘস্থায়ী হয়নি। বিকেল ৪টের সরকারি পরিসংখ্যান অনুযায়ী, দিল্লির একিউআই বেড়ে দাঁড়িয়েছে ২৯০-এ। ফলে বাতাসের গুণমান ফের খারাপ পর্যায়ে পৌঁছেছে।
গত ১১ নভেম্বর থেকে দিল্লির বাতাসের গুণমান ধারাবাহিকভাবে অত্যন্ত খারাপ পর্যায়ে ছিল। একাধিক সময়ে দূষণের মাত্রা গুরুতর পর্যায়ের কাছাকাছি পৌঁছে যায়। একবার সেই সীমাও অতিক্রম করেছিল। এর মধ্যে রবিবার হালকা বৃষ্টির পর দূষণের মাত্রা উল্লেখযোগ্যভাবে কমে যায়। একিউআই নেমে ৯০ হওয়ায় কিছুটা স্বস্তি পেয়েছিলেন রাজধানীবাসী। তবে কয়েক ঘণ্টার মধ্যেই ফের পরিস্থিতির অবনতি হয়।
কেন্দ্রীয় দূষণ নিয়ন্ত্রণ পর্ষদ (CPCB)-এর নির্ধারিত সূচক অনুযায়ী, একিউআই শূন্য থেকে ৫০-এর মধ্যে থাকলে বাতাসের গুণমান ‘ভালো’। ৫১-১০০ হলে ‘সন্তোষজনক’, ১০১-২০০ হলে ‘মাঝারি’, ২০১-৩০০ হলে ‘খারাপ’, ৩০১-৪০০ হলে ‘অত্যন্ত খারাপ’, ৪০১-৫০০ হলে ‘গুরুতর’ হিসেবে বিবেচিত হয়।
দূষণের অন্যতম প্রধান কারণ হিসেবে উঠে এসেছে খড় পোড়ানো ও গৃহস্থালিতে কাঠ ও গোবরের ঘুঁটির মতো জৈব জ্বালানির ব্যবহার। রিপোর্ট অনুযায়ী, দিল্লির মোট দূষণের ২৫.৫ শতাংশের জন্য দায়ী এই দুই উৎস। এয়ার কোয়ালিটি আর্লি ওয়ার্নিং সিস্টেমের (AQEWS) তথ্য অনুযায়ী, দ্বিতীয় সর্বাধিক দূষণকারী উপাদান সেকেন্ডারি অর্গানিক অ্যারোসল, যার অবদান ২৩.৬ শতাংশ। এরপর রয়েছে যানবাহনের ধোঁয়া। মিশ্র দহন থেকে ১২.৬ শতাংশ এবং সেকেন্ডারি অ্যারোসল থেকে ১০.৭ শতাংশ দূষণ ছড়াচ্ছে।
আরও পড়ুন: এখনই কমছে না পেট্রল-ডিজেলের দাম, ৪২ হাজার কোটি টাকা লোকসানের কথা জানালেন সুরেশ গোপীর
এছাড়া পুরসভার বর্জ্য, প্লাস্টিক ও রবার পোড়ানোর ফলে ৬.৮ শতাংশ এবং খনিজ ধুলো ও ছাইয়ের কারণে ১.৫ শতাংশ দূষণ হচ্ছে। বৃষ্টিতে পিএম২.৫(PM2.5) ও পিএম১০(PM10)-এর মাত্রা কমার সম্ভাবনা তৈরি হলেও সামগ্রিক দূষণ পরিস্থিতি এখনও উদ্বেগজনক।




