আদালত অবমাননা করেছেন কুণাল ঘোষ। এমন অভিযোগ তুলে মামলা করা হয় কলকাতা হাইকোর্টে। ওই মামলায় তৃণমূল বিধায়ক কুণাল ঘোষকে দোষী সাব্যস্ত করে জরিমানার নির্দেশ দিয়েছিল কলকাতা হাইকোর্ট। কিন্তু সোমবার সুপ্রিম কোর্টের দুই বিচারপতির ডিভিশন বেঞ্চ কলকাতা হাইকোর্টের রায়ে হস্তক্ষেপ করে স্থগিতাদেশ দিল। এমনকী সংশ্লিষ্ট পক্ষগুলিকে নোটিস জারি করার নির্দেশ দিয়েছে বলে জানিয়েছেন কুণাল ঘোষের আইনজীবী। সুতরাং কুণাল ঘোষকে দোষী বলা যাচ্ছে না। বরং এই মামলায় তিনি এখন স্বস্তি পেলেন। পরবর্তী ক্ষেত্রে সব দিক খতিয়ে দেখে তিনি দোষী কিনা জানাবেন বিচারপতিরা।
এই মামলায় আগে কলকাতা হাইকোর্টের তিন বিচারপতির বিশেষ বেঞ্চ বেলেঘাটার বিধায়ককে দোষী সাব্যস্ত করেছিলেন। সেই রায়ের ওপর এবার স্থগিতাদেশ জারি করল সুপ্রিম কোর্ট। কলকাতা হাইকোর্টের বিশেষ বেঞ্চের রায়কে চ্যালেঞ্জ করে দেশের সর্বোচ্চ আদালতের দ্বারস্থ হয়েছিলেন বিধায়ক কুণাল ঘোষ। সোমবার তাঁর আইনজীবী অয়ন চক্রবর্তী এবং শাম্ব নন্দী বিষয়টি সুপ্রিম কোর্টের দুই বিচারপতির ডিভিশন বেঞ্চের সামনে নিয়ে আসেন। সওয়াল-জবাব শোনার পরই কলকাতা হাইকোর্টের নির্দেশের উপর অন্তর্বর্তীকালীন স্থগিতাদেশ জারি করল সুপ্রিম কোর্ট।
যে ঘটনার প্রেক্ষিতে মামলা হয়েছিল সেটি হল, ২০২৫ সালের এপ্রিল মাসে কলকাতা হাইকোর্টের এক বিচারপতির এজলাসে উচ্চ প্রাথমিকে সুপারনিউমেরারি পদে নিয়োগ নিয়ে মামলার শুনানি চলছিল। ওই নিয়োগ প্রক্রিয়ায় কলকাতা হাইকোর্টের স্থগিতাদেশ বহাল ছিল। এই শুনানি চলাকালীন রাজ্যের তৎকালীন অ্যাডভোকেট জেনারেল (এজি) কিশোর দত্ত আদালতের কাছে স্থগিতাদেশ প্রত্যাহারের আর্জি জানান। জবাবে বিচারপতি স্পষ্ট জানান, রাজ্য সরকারকে এই আবেদন লিখিত আকারে পেশ করতে হবে। তারপরই কলকাতা হাইকোর্ট চত্বরে বিক্ষোভে ফেটে পড়েন চাকরিপ্রার্থীদের একাংশ। তাঁদের অভিযোগ ছিল, সুপারনিউমেরারি পদ নিয়ে সুপ্রিম কোর্টের নির্দেশ থাকা সত্ত্বেও কলকাতা হাইকোর্টে নিয়োগ মামলার কোনও অগ্রগতি হচ্ছে না। বিক্ষোভ চলাকালীন বিচারপতির সঙ্গে প্রবীণ আইনজীবী বিকাশরঞ্জন ভট্টাচার্যের ‘আঁতাঁত’ থাকার অভিযোগ তোলা হয়। ওই বিচারপতির বিরুদ্ধে স্লোগান দেওয়ার পাশাপাশি তাঁর ছবি রাস্তায় ফেলে দেন বলেও অভিযোগ। আইনজীবী বিকাশরঞ্জনের চেম্বারের বাইরেও বিক্ষোভ দেখানো হয়। কলকাতা হাইকোর্ট চত্বরে ১৪৪ ধারা জারি ছিল। সেখানেই জমায়েত করে বিক্ষোভ দেখানো হয়েছিল। আর সেখানে কুণাল ঘোষ থাকায় তাঁকে আদালত অবমাননা করার অভিযোগ দোষী সাব্যস্ত করা হয়।
তাছাড়া এই কথা জানতে পারার পর নিজের পক্ষ তুলে ধরে সুপ্রিম কোর্টে মামলা করেন কুণাল ঘোষ। যে মামলায় এবার স্থগিতাদেশ দিয়ে দিল সুপ্রিম কোর্ট। এই বিষয়ে বেলেঘাটার বিধায়ক কুণাল ঘোষ সমাজমাধ্যমে এদিন লিখলেন, ‘যে বা যাঁরা আমার বিরুদ্ধে মিথ্যা অভিযোগ করে মামলা সাজিয়েছিলেন, তাঁরা আজ একটু দুঃখ পাবেন। আমি আদালতকে মানি। বিশেষ বেঞ্চের তিন বিচারপতিকে শ্রদ্ধা করি। কিন্তু তাঁদের রায়ে আমি ন্যায়বিচার পাইনি বলেও মনে করি। তাই সুপ্রিম কোর্টে গিয়েছিলাম। আইনি লড়াই চলবে।’




