আর্কাইভে গুপ্তধন, উদ্ধারকাজে এআই-এর সাহায্য
এরপর গবেষক ওটিসের সামনে খুলে যায় আরও এক সম্ভাবনার দরজা। জার্মানির হাইডেলবার্গ বিশ্ববিদ্যালয়ে পুরনো নথিপত্র পরিষ্কার করার সময় আচমকাই সন্ধান মেলে জর্জ লিভিয়াসের সংগ্রহে থাকা হিকির গেজেটের কয়েকটি সংখ্যার।
২০১৫ সালে লন্ডনের ব্রিটিশ লাইব্রেরিতে হিকির গেজেটের সমস্ত সংস্করণ একত্রিত করার প্রস্তাব দিয়েছিলেন ওটিস। কিন্তু অর্থের অভাবে তাঁর সেই প্রস্তাবে সাড়া মেলেনি। পরে ক্যালিফোর্নিয়ার বার্কলে বিশ্ববিদ্যালয় এবং মেলবোর্ন বিশ্ববিদ্যালয় থেকেও ডিজিটাল প্রতিলিপি সংগ্রহ করেন তিনি। কিন্তু অর্থাভাব এবং প্রয়োজনীয় কারিগরি দক্ষতার অভাবে প্রায় আট বছর থমকে থাকে গোটা উদ্যোগ।
অবশেষে ২০২৬ সালের অক্টোবরে জেনারেটিভ কৃত্রিম বুদ্ধিমত্তা এবং মাইক জার্মানের সংস্থা ‘স্টেপস ভেঞ্চারস’-এর সহযোগিতায় সমস্যার সমাধান হয়। জীর্ণ ও ভঙ্গুর পাতাগুলির লেখা উদ্ধার করে প্রতিটি ছবির পাশে মূল লেখার প্রতিলিপি যুক্ত করা হয়। এভাবেই চালু হয় হিকির গেজেটের ডিজিটাল সংগ্রহশালা—hickysgazette.com।
হিকির হাত ধরে বাংলার সংবাদপত্রের ইতিহাস
হিকির গেজেটের এই পুনরুদ্ধারের সঙ্গে জড়িয়ে রয়েছে বাংলার সংবাদপত্রের শুরুর ইতিহাসও। হিকির প্রাক্তন সহকারী পল ফেরিস পরবর্তী সময়ে কলকাতায় একটি ছাপাখানা প্রতিষ্ঠা করেন। ১৮১৮ সালে গঙ্গাকিশোর ভট্টাচার্য ভারতীয়দের উদ্যোগে প্রথম সংবাদপত্র ‘বেঙ্গল গেজেটি’ প্রকাশের সময় তাঁর সহযোগী ছিলেন ফেরিস।
গবেষক ওটিসের মতে, ফেরিসের হাত ধরেই হিকির ছাপাখানার প্রযুক্তিগত জ্ঞান পৌঁছেছিল গঙ্গাকিশোরের কাছে। ক্যালিফোর্নিয়ার বার্কলে বিশ্ববিদ্যালয়ে থাকা হিকির গেজেটের প্রতিলিপিটিও সম্ভবত ফেরিসের ব্যক্তিগত সংগ্রহের অংশ ছিল। তবে আড়াইশো বছরেরও বেশি সময় আগে কলকাতায় ছাপা সংবাদপত্রের বিভিন্ন কপি কীভাবে মেলবোর্ন কিংবা হাইডেলবার্গে পৌঁছেছিল, সেই রহস্যের সম্পূর্ণ সমাধান এখনও হয়নি।
দীর্ঘ গবেষণা ও সংগ্রহের পর কাজ সম্পূর্ণ হওয়ায় স্বাভাবিকভাবেই তৃপ্ত ওটিস। তাঁর কথায়, অবশেষে ভারতের প্রথম সংবাদপত্রের সম্পূর্ণ সংগ্রহ এক জায়গায় সংকলিত ও ডিজিটাইজড করা সম্ভব হয়েছে। অতীতের সংবাদপত্রের ইতিহাসের মাধ্যমে বর্তমানকে বুঝতে এই ওয়েবসাইট আগামী প্রজন্মকে সাহায্য করবে বলেই আশা তাঁর।
হিকির গেজেটের ডিজিটাল সংগ্রহ দেখতে ক্লিক করুন: https://hickysgazette.com




