• facebook
  • twitter
  • youtube
Sunday, 15 November, 2026

রেললাইন বিস্ফোরণের ঘটনায় পাঞ্জাব থেকে গ্রেপ্তার দুই, ধৃত তরুণীর সঙ্গে পাক জঙ্গি যোগ!

পাকিস্তানের দুই দালাল ‘চাচা’ এবং ‘শাহ’ নামে দুজনের সঙ্গে যোগাযোগ ছিল দেবেন্দ্র সিংয়ের। প্রেমের ফাঁদে ফেলে ও টাকা দিয়ে

রেললাইন বিস্ফোরণের ঘটনায় পাঞ্জাব থেকে গ্রেপ্তার দুই, ধৃত তরুণীর সঙ্গে পাক জঙ্গি যোগ!

Mahakdip Kaur-Devendra Singh Photo-SNS

কদিন আগে রাজস্থানের রেললাইন বিস্ফোরণের ঘটনা ঘটেছিল। ওই ঘটনায় দু’জনকে গ্রেপ্তার করা হয়েছে। রাজস্থানের অ্যান্টি টেরোরিজম স্কোয়াড, রাজস্থান পুলিশ এবং পাঞ্জাব পুলিশের যৌথ অভিযানে তাদের পাকড়াও করা সম্ভব হয়েছে। রবিবার পাঞ্জাবের গুরুদাসপুর থেকে ওই দুই অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়েছে।  রেললাইন বিস্ফোরণের সঙ্গে পাকিস্তানের জঙ্গি যোগের সন্দেহ আগেই করেছিলেন তদন্তকারীরা। পুলিশ সূত্রে খবর, এই গ্রেপ্তারের পর সেই সন্দেহ আরও দৃঢ় হল। কারণ, যারা ধরা পড়েছে তাদের সঙ্গে পাকিস্তানের যোগ পাওয়া গিয়েছে। এই খবর সামনে আসতেই তুমুল আলোড়ন পড়ে গিয়েছে।

তদন্তকারীদের সূত্রে পাওয়া খবর, অভিযুক্তদের নাম মহকদীপ কৌর (২১) ও দেবেন্দ্র সিং (২৩)। তাদের পাকিস্তানে থাকা কয়েকজন হ্যান্ডলারের সঙ্গে যোগাযোগ ছিল। মহকদীপের অ্যাকাউন্টে পাকিস্তান থেকে টাকার লেনদেন পাওয়া গিয়েছে। বিস্ফোরণের কাজের জন্য তাদের এই টাকা এবং অস্ত্র সরবরাহ করা হয়েছে। আরও তিনজনকে জিজ্ঞাসাবাদ করে শাহ নামে এক হ্যান্ডেলারের কথা উঠে এসেছে। পুলিশ মহকদীপের কাছ থেকে দুটি পিস্তল, ৪৬টি কার্তুজ এবং ৩০ হাজার টাকা পেয়েছে। এই ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। আরও কেউ এই নাশকতার সঙ্গে জড়িয়ে রয়েছে কিনা সেই বিষয়টি খতিয়ে দেখছে তদন্তকারী দল। মহকদীপের সঙ্গে পাকিস্তানের দুই দালালের যোগাযোগের প্রমাণ মিলেছে।

পাকিস্তানের দুই দালাল ‘চাচা’ এবং ‘শাহ’ নামে দুজনের সঙ্গে যোগাযোগ ছিল দেবেন্দ্র সিংয়ের। প্রেমের ফাঁদে ফেলে ও টাকা দিয়ে মহকদীপকে নাশকতামূলক কাজে যুক্ত করা হয় বলে অভিযোগ। এই কাজে পাক গুপ্তচর সংস্থা আইএসআইয়ের যোগ রয়েছে। আগে ববিতা নামে শ্রীগঙ্গানগর এলাকার এক যুবতীকে এভাবে ফাঁদে ফেলা হয়েছিল। মহকদীপ বিবাহিত হলেও স্বামীর সঙ্গে থাকে না। বহুদিন ধরেই আলাদা বাড়িতে ভাড়া করে থাকত মহকদীপ। তার স্বামী মাদক মামলায় গ্রেপ্তার হয়ে জেলবন্দি। এমন একাকী বধূদের নিশানা করে আইএসআই। আর রেললাইন বিস্ফোরণের ঘটনার জন্য টাকা পেয়েছিলেন মহকদীপ। তদন্তে এমন সব তথ্যই উঠে এসেছে।

তাছাড়া গত ৩ নভেম্বর রাজস্থানের শ্রীগঙ্গানগর জেলার অনুপগড়-সুরাতগড় রেললাইনে ভয়ঙ্কর বিস্ফোরণ হয়েছিল। এই বিস্ফোরণের জেরে রেললাইনের নীচে থাকা সিমেন্টের স্লিপার ক্ষতিগ্রস্ত হয়ে মাটিতে গর্ত তৈরি করেছিল। তারপর সেই ঘটনার সূত্র ধরে দুই অভিযুক্তকে গ্রেপ্তার করে পুলিশ। এই মহকদীপের সঙ্গে আইএসআইয়ের যোগ গড়ে উঠেছিল। রেইকি করে বিস্ফোরণের যাবতীয় কাজ করে সাহায্য করেছিল মহকদীপ বলে পুলিশ সূত্রে খবর।