সমাজমাধ্যমে এখন রাজনীতিবিদদের বার্তা দিতে দেখা যায়। এটাই এখন রাজনীতির মধ্যে প্রযুক্তির প্রবেশ বলা চলে। আর এবার সেই প্রযুক্তিকে কাজে লাগিয়ে ইঙ্গিতপূর্ণ পোস্ট করলেন রাজ্যের পর্যটনমন্ত্রী শঙ্কর ঘোষ। আর যে পোস্ট তিনি সমাজমাধ্যমে করেছেন তা নিয়ে নানা গুঞ্জন ছড়িয়ে পড়েছে রাজ্য-রাজনীতির আঙিনায়। বিজেপির অন্দরেও যে চর্চা হয়েছে তা বলার অপেক্ষা রাখে না। এমনকী নানা প্রশ্ন উঠতে শুরু করেছে। তাহলে কারও মন্তব্যে ক্ষুব্ধ পর্যটনমন্ত্রী? কেউ তাঁকে কিছু বলেছেন? হঠাৎ এমন কথা তিনি পোস্ট করলেন কেন? এইসব প্রশ্নের মাঝেই রবিবার শঙ্করের পোস্টকে সমর্থন করলেন রাজ্যের পঞ্চায়েতমন্ত্রী দিলীপ ঘোষ। তাতেই এই নিয়ে চর্চার মাত্রা তুঙ্গে উঠেছে।
এদিকে বিজেপির পক্ষ থেকে খোঁজ করা শুরু হয়ে গিয়েছে শঙ্কর ঘোষ আসলে কোন মন্ত্রীকে বার্তা দিয়েছেন। কারণ শঙ্কর ঘোষ খুব একটা প্রযুক্তি ব্যবহার অথবা সমাজমাধ্যমে পোস্ট করেন না। তিনি যা বলার সবার সামনে স্পষ্ট ভাষাতেই বলে থাকেন। এটাই তাঁর পরিচয়। সেখানে এমন পোস্ট প্রশ্ন তুলে দিচ্ছে। কারণ শঙ্কর ঘোষ সমাজমাধ্যমে লিখেছেন, ‘মন্ত্রী হলেই সব কিছু বলবার অধিকার জন্মায় না এবং জ্ঞানও জন্মায় না।’ তাঁর এই পোস্ট ঘিরেই রাজ্য-রাজনীতিতে জোর চর্চা শুরু হয়েছে। এবার এই বিষয়ে মুখ খুলেছেন রাজ্যের পঞ্চায়েতমন্ত্রী দিলীপ ঘোষ। শঙ্করের বক্তব্যকে রীতিমতো সমর্থনও করেছেন তিনি। তাই চর্চাও তুঙ্গে উঠেছে।
অন্যদিকে এটা স্পষ্ট হয়েছে রাজ্যের কোনও মন্ত্রী এমন কিছু বলেছেন যা শঙ্কর ঘোষের খারাপ লেগেছে। এমন কোনও কথা যা অধিকারের বাইরে গিয়ে বলেছেন কোনও মন্ত্রী। কিন্তু কে তিনি? সেটা খোলসা করেননি শঙ্কর ঘোষ। শঙ্করবাবু লিখেছেন, ‘মন্ত্রী হলেই সবকিছু বলবার অধিকার জন্মায় না এবং জ্ঞানও জন্মায় না।’ ওই কার্ডের নিচে পর্যটনমন্ত্রীর ছবি আছে। পদের উল্লেখও করা হয়েছে। এটা কি আত্মসমালোচনা, আত্মবিশ্লেষণ নাকি অন্য কোনও বিষয়? আর পর্যটনমন্ত্রীর এই লেখাকে সমর্থন করছেন রাজ্যের পঞ্চায়েতমন্ত্রী দিলীপ ঘোষ। তাঁর বক্তব্য, ‘মন্ত্রীর দায়িত্বটা অনেক বেশি।’
তাছাড়া রবিবার সকালে খড়গপুরে সাংবাদিকদের মুখোমুখি হন দিলীপ ঘোষ। সেখানে এই বিষয়ে প্রশ্ন করা হয়। তখনই পঞ্চায়েতমন্ত্রী ওই পোস্টকে সমর্থন করে বলেন, ‘সমাজে প্রত্যেক নাগরিকের একটা দায়িত্ব থাকে। আর মন্ত্রীর দায়িত্বটা অনেক বেশি। কারণ, মন্ত্রীকে মানুষ দেখে। সেখানে মন্ত্রীই যদি নিয়ম না মানেন, তাহলে প্রশ্ন উঠতে শুরু করবে। শুধু মন্ত্রী নয়, প্রত্যেকেরই সীমার মধ্যে থাকা উচিত। নাগরিকদের একটা দায়িত্ব আছে সমাজের জন্য। এমন কিছু বক্তব্য না বলা, যেটা অন্যকে আহত করে। রীতি নীতি সংবিধানের পরম্পরার বাইরে। প্রত্যেক মানুষেরই দায়িত্ব রয়েছে। মন্ত্রী যে তিনি নিজে আগে সংবিধানের আধারে চলবেন তো, না হলে তো বাকিরা প্রশ্ন তুলবেই।’ আর উত্তরবঙ্গের মন্ত্রীর কথায়, ‘এটা আত্মবিশ্লেষণ বলাই যেতেই পারে। এটি আমি মেনে চলি।’




