• facebook
  • twitter
  • youtube
Sunday, 8 November, 2026

‘বাংলাদেশে চলে যাক’, দীপাবলিতে বামেদের কড়া ভাষায় আক্রমণ শানালেন দিলীপ

অন্যদিকে দীপাবলিতে মুর্শিদাবাদ গিয়েছেন পঞ্চায়েতমন্ত্রী। সেখানে ভিবি জিরামজি প্রকল্পের কাজ খতিয়ে দেখতে গিয়েছেন। সেখানেই

‘বাংলাদেশে চলে যাক’, দীপাবলিতে বামেদের কড়া ভাষায় আক্রমণ শানালেন দিলীপ

Dilip Ghosh Photo-SNS

দুর্গাপুজোর সময় বামেদের বুক স্টলে হামলা হয়েছিল। রাজ্যের নানা প্রান্তে বুক স্টলের উপর আক্রমণ নেমে এসেছিল বলে অভিযোগ। তা নিয়ে সভা-সমাবেশ থেকে শুরু করে আন্দোলনে নেমে পড়েন সিপিএম-সহ বাম নেতারা। বিজেপির বিরুদ্ধে তাঁরা তোপ দাগতে থাকেন। এমনকী মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে যখন দেশজুড়ে আওয়াজ উঠেছে তখন বামেরা তাতে সামিল হয়েছিল। আর সেখান থেকেও একের পর এক তোপ দাগেন বাম নেতারা। এবার দীপাবলির দিনে বামেদের একহাত নিলেন রাজ্যের পঞ্চায়েতমন্ত্রী দিলীপ ঘোষ। শুধু তাই নয়, বামেদের বাংলাদেশে চলে যাওয়ার কথা বলেও খোঁচা দেন তিনি।

এদিকে বামেদের বুক স্টলে বাধা দেওয়া থেকে শুরু করে ভাঙচুর করার নানা অভিযোগে বিজেপিকে ধারাবাহিক আক্রমণ করে গিয়েছে বামেরা। রবিবার সেসবের জবাব দিলেন পঞ্চায়েতমন্ত্রী। বামেদের তুলোধনা করে দিলীপ ঘোষ বলেন, ‘বুকস্টলে কেউ বই পড়ে না। এমনকী বামেরা নিজেরাই বই পড়েন না।’ যদিও বামেরা এই ঘটনা নিয়ে সমাজমাধ্যমে সরব হয়েছিলেন। পথে নেমেও প্রতিবাদ জানিয়েছিলেন। এই পরিস্থিতিতে বামেদের পাশে এসে দাঁড়িয়েছিল অন্যান্য রাজনৈতিক দল। সংবাদমাধ্যমে এই ঘটনার জন্য জায়গায় পেয়েছিল তারা।

অন্যদিকে দীপাবলিতে মুর্শিদাবাদ গিয়েছেন পঞ্চায়েতমন্ত্রী। সেখানে ভিবি জিরামজি প্রকল্পের কাজ খতিয়ে দেখতে গিয়েছেন। সেখানেই সাংবাদিকদের মুখোমুখি হয়ে বামেদের খোঁচা দেন তিনি। দিলীপ ঘোষের খোঁচা, ‘কেউ বাধা দেয়নি। নিজেরা গণ্ডগোল করে খবরে আসার চেষ্টা করছেন। এই যে বামপন্থীরা, তাঁদের বুক স্টলে কে বই পড়ে? তাঁরা নিজেরাও পড়ে না। সাধারণ মানুষও পড়ে না। ওরকম মিউজিয়াম করে রেখে কী লাভ। আমার তো মনে আছে আমি ৪০ থেকে ৪৫ বছর রাষ্ট্রীয় আন্দোলনের সঙ্গে যুক্ত রয়েছি। জাতীয়তবাদী বুক স্টল করতে গেলে একটা বাঁশ পর্যন্ত পুঁততে দিত না। কোনওদিন একটা স্টল করতে দেয়নি। আজ এসব কথা বলছে।’

তাছাড়া বামেদের পরামর্শও দিয়েছেন রাজ্যের পঞ্চায়েতমন্ত্রী। বাম নেতাদের বাংলাদেশে গিয়ে বুক স্টল করার পরামর্শ দিয়েছেন তিনি। মুর্শিদাবাদ থেকে দিলীপ ঘোষের তোপ, ‘কিছু অতি প্রগতিশীল হালকা রঙের লাল যাঁরা, তাঁরা এখন তাঁদের সাপোর্ট করছেন। যখন সারা দুনিয়ার লোক বামেদের ছুঁড়ে ফেলে দিয়েছেন, তখন কেন তাঁদের মিউজিয়ামে রাখা হয়েছে? ওদের প্রতি কোনও মায়া-মমতা নেই। সারা দুনিয়ার লোক তাঁদের উপড়ে ফেলে দিয়েছে। আমরা কেন ওদের মিউজিয়ামে রাখব? যেখানে জায়গা আছে, বাংলাদেশে চলে যাক।’