হাওড়ার রাসবাড়ি ঘাটে ছটপুজো করার অনুমতি দিল কলকাতা হাইকোর্ট। তবে শর্তসাপেক্ষে, শুধুমাত্র এ বছরের জন্যই এই অনুমতি দেওয়া হয়েছে। আগামী বছর থেকে ওই ব্যক্তিগত সম্পত্তিতে আর ছটপুজো করা যাবে না বলে স্পষ্ট জানিয়ে দিয়েছে আদালত। সম্পত্তির মালিকের সম্মতির ভিত্তিতেই এই বছরের পুজোর অনুমতি দেওয়া হয়েছে। একই সঙ্গে নিরাপত্তা ও ভিড় নিয়ন্ত্রণে একাধিক নির্দেশ দিয়েছে প্রধান বিচারপতি রবীন্দ্র ভি ঘুগে এবং বিচারপতি ওম নারায়ণ রায়ের ডিভিশন বেঞ্চ।
রাসবাড়ি ঘাটে ছটপুজো নিয়ে আপত্তি জানিয়েছিলেন ব্যক্তিগত সম্পত্তির মালিকেরা। সেই আপত্তিকে কেন্দ্র করেই আদালতের দ্বারস্থ হয় ছটপুজো কমিটি। মামলার শুনানিতে উঠে আসে শ্রীরামপুরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের রাজনৈতিক সভা এবং চোরবাগানের দুর্ঘটনার প্রসঙ্গ।
শুনানিতে রাসবাড়ি ঘাটের মন্দির কমিটির আইনজীবী সাক্য সেন আশঙ্কা প্রকাশ করেন, বিকল্প ঘাটগুলিতে পর্যাপ্ত পরিকাঠামো নেই। ফলে সেখানে বিপুল মানুষের ভিড় হলে চোরবাগানের মতো দুর্ঘটনা ঘটতে পারে। তাঁর বক্তব্য, রাসবাড়ি ঘাটের সংকীর্ণ পরিসর দিয়ে হাজার হাজার মানুষ যাতায়াত করেন। সেক্ষেত্রেও দুর্ঘটনার আশঙ্কা রয়েছে।
এই প্রসঙ্গে প্রধান বিচারপতি চোরবাগানের দুর্ঘটনার কথা উল্লেখ করে বলেন, সংকীর্ণ পরিসরই ওই ঘটনার অন্যতম কারণ ছিল। ঘটনাটি অত্যন্ত দুঃখজনক বলেও মন্তব্য করেন তিনি।
রাজ্যের তরফে আদালতে জানানো হয়, বিকল্প ঘাটগুলির পরিকাঠামো সন্তোষজনক নয়। সেখানে পুজোর আয়োজন করলে অতিরিক্ত ভিড়ের কারণে দুর্ঘটনার আশঙ্কা রয়েছে। তাই অন্তত এ বছরের জন্য রাসবাড়ি ঘাটে ছটপুজোর অনুমতি দেওয়ার আবেদন জানানো হয়।
তবে ব্যক্তিগত সম্পত্তিতে কোনও অনুষ্ঠান আয়োজনের ক্ষেত্রে মালিকের সম্মতির বিষয়টি স্পষ্ট করে দেয় আদালত। প্রধান বিচারপতি মনে করিয়ে দেন, পূজার অবকাশের আগে শ্রীরামপুরে রাজনৈতিক সভার অনুমতি সংক্রান্ত মামলাতেও রাজ্যের অতিরিক্ত অ্যাডভোকেট জেনারেল জানিয়েছিলেন, সম্পত্তির মালিকের অনুমতি ছাড়া ব্যক্তিগত জমিতে কোনও কর্মসূচির অনুমোদন দেওয়া যায় না। একই নীতি এ ক্ষেত্রেও প্রযোজ্য।
আদালতের একাধিক শর্ত
শেষ পর্যন্ত সম্পত্তির মালিকের সম্মতি এবং রাজ্যের আশ্বাসের ভিত্তিতে এ বছরের জন্য রাসবাড়ি ঘাটে ছটপুজোর অনুমতি দিয়েছে আদালত। তবে আগামী বছর থেকে ওই ব্যক্তিগত সম্পত্তিতে কোনওভাবেই ছটপুজোর আয়োজন করা যাবে না। ভবিষ্যতে এই অনুমতি চেয়ে কেউ আদালতের দ্বারস্থও হতে পারবেন না বলে নির্দেশ দিয়েছে ডিভিশন বেঞ্চ।
আদালতের নির্দেশ অনুযায়ী—
১. শনিবার দুপুর থেকে সোমবার সকাল ৭টা পর্যন্ত ছটপুজো করা যাবে।
২. ঘাটে কোনওভাবেই ৩৫০০-র বেশি মানুষের সমাগম করা যাবে না। নির্দিষ্ট সংখ্যক মানুষ প্রবেশ করার পর পুলিশকে প্রবেশ বন্ধ করতে হবে।
৩. ভিড় নিয়ন্ত্রণ ও নিরাপত্তার জন্য পুলিশকে সিসিটিভি ক্যামেরা এবং মেটাল ডিটেক্টরের ব্যবস্থা করতে হবে।
৪. ছটপুজো কমিটির ছয় সদস্যের নাম আদালতে নথিভুক্ত থাকবে। সম্পত্তির কোনও ক্ষতি হলে বা অপ্রীতিকর ঘটনা ঘটলে ওই সদস্যদের দায় নিতে হবে।
৫. সম্পত্তি চত্বরে কোনও দু’চাকার গাড়ি-সহ কোনও ধরনের যানবাহন প্রবেশ করতে পারবে না।
৬. মহিলাদের পোশাক পরিবর্তনের ঘর ছাড়া অন্য কোনও অস্থায়ী নির্মাণ করা যাবে না।
৭. আদালতের নির্দেশ মাইকের মাধ্যমে প্রচার করতে হবে পুলিশকে।
অর্থাৎ, এ বছরের জন্য রাসবাড়ি ঘাটে ছটপুজোর অনুমতি মিললেও আগামী বছর থেকে ওই ব্যক্তিগত সম্পত্তিতে পুজোর আয়োজনের পথ কার্যত বন্ধ করে দিল কলকাতা হাই কোর্ট।




