• facebook
  • twitter
  • youtube
Friday, 13 November, 2026

আসামের কাজিরাঙায় ভয়াবহ পথ দুর্ঘটনা, কন্টেনার লরির সঙ্গে মিনিবাসের মুখোমুখি সংঘর্ষে মৃত অন্তত ২০

আসামের গোলাঘাট জেলায় কাজিরাঙা জাতীয় উদ্যানের কাছে মিনিবাস ও লরির মুখোমুখি সংঘর্ষ। স্কুল পড়ুয়া-সহ অন্তত ২০ জনের মৃত্যুর আশঙ্কা। চলছে উদ্ধারকাজ।

আসামের কাজিরাঙায় ভয়াবহ পথ দুর্ঘটনা, কন্টেনার লরির সঙ্গে মিনিবাসের মুখোমুখি সংঘর্ষে মৃত অন্তত ২০

At least 2o people have died in a collision between a truck and a Traveller near Kaziranga in Assam (Image: X/@BulletinRa3)

শুক্রবার এক মর্মান্তিক পথ দুর্ঘটনার সাক্ষী রইল আসাম (Assam)। আসামের গোলাঘাট (Golaghat) জেলার কাজিরাঙা জাতীয় উদ্যান (Kaziranga National Park) সংলগ্ন রঙাজান এলাকায় একটি মিনিবাস ও কন্টেনার লরির মুখোমুখি সংঘর্ষে অন্তত ২০ জনের মৃত্যুর আশঙ্কা করা হচ্ছে। পুলিশ জানিয়েছে, মৃত ও আহতদের মধ্যে বেশ কয়েকজন স্কুল পড়ুয়াও রয়েছে। দুর্ঘটনার অভিঘাত এতটাই ভয়াবহ ছিল যে, মিনিবাসটি কার্যত দুমড়েমুচড়ে দলা পাকিয়ে যায়।

কীভাবে ঘটল দুর্ঘটনা?

স্থানীয় পুলিশ সূত্রে খবর, একটি ‘ফোর্স ট্রাভেলার’ (Force Traveller) বা মিনিবাসে করে ৩৫ জনেরও বেশি যাত্রী বোকাখাত থেকে নগাঁওয়ের (Nagaon) দিকে যাচ্ছিলেন। যাত্রীদের মধ্যে কাজিরাঙা হাইস্কুলের বেশ কয়েকজন পড়ুয়াও ছিল। কাজিরাঙার রঙাজান এলাকায় বিপরীত দিক থেকে আসা একটি বড় কন্টেনার লরির সঙ্গে ওই মিনিবাসটির সজোরে মুখোমুখি সংঘর্ষ হয়।

গোলাঘাটের সিনিয়র সুপারিনটেনডেন্ট অফ পুলিশ (SSP) স্বপ্ননীল ডেকা জানিয়েছেন, প্রাথমিক তদন্তে অনুমান, মিনিবাসটি অত্যধিক গতিতে চলছিল। কাজিরাঙা অভয়ারণ্য এলাকায় গাড়ির গতিবেগের যে নির্দিষ্ট সীমানির্দেশ বা স্পিড লিমিট রয়েছে, মিনিবাসের চালক তা লঙ্ঘন করেছিলেন। প্রবল গতির কারণেই চালক নিয়ন্ত্রণ হারিয়ে সোজা কন্টেনার লরিতে গিয়ে ধাক্কা মারেন বলে প্রাথমিক অনুমান।

হাসপাতালে দৌড়াদৌড়ি

দুর্ঘটনার খবর পেয়েই পুলিশ ও স্থানীয় বাসিন্দারা হাত মিলিয়ে উদ্ধারকাজ শুরু করেন। দুমড়ে যাওয়া বাসের ভেতর থেকে একে একে যাত্রীদের বের করে আনা হয়। আহতদের দ্রুত কোহরা মডেল হাসপাতালে (Kohora Model Hospital) নিয়ে যাওয়া হয়েছে। যাঁদের অবস্থা অত্যন্ত আশঙ্কাজনক, তাঁদের জোরহাট মেডিক্যাল কলেজ ও হাসপাতালে (Jorhat Medical College and Hospital) স্থানান্তরিত করা হয়েছে।

দুর্ঘটনার খবর পেয়েই ঘটনাস্থলে ছুটে যান অসমের মন্ত্রী তথা স্থানীয় বিধায়ক অতুল বোরা (Atul Bora)। তিনি নিজে দাঁড়িয়ে থেকে উদ্ধারকাজের তদারকি করছেন।

মৃত্যুর সংখ্যা নিয়ে ধোঁয়াশা

গোলাঘাটের এসএসপি স্বপ্ননীল ডেকা সংবাদমাধ্যমে জানিয়েছেন, এখনও পর্যন্ত উদ্ধার হওয়া দেহ এবং প্রাথমিক রিপোর্ট অনুযায়ী অন্তত ২০ জনের মৃত্যু হয়েছে বলে আশঙ্কা করা হচ্ছে। বাসের ভেতর অনেকেই আটকে থাকায় মৃতের সংখ্যা আরও বাড়তে পারে। তবে গোলাঘাটের ডিস্ট্রিক্ট কমিশনার (DC) বিশ্বজিৎ ফুকান সংবাদসংস্থা এএনআই-কে (ANI) জানিয়েছেন, সরকারিভাবে এখনও পর্যন্ত ৭ জনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করা গিয়েছে। উদ্ধারকাজ শেষ হলেই প্রকৃত মৃত্যুর সংখ্যা স্পষ্টভাবে জানা যাবে।