• facebook
  • twitter
  • youtube
Friday, 13 November, 2026

প্রেসিডেন্সির জেলে গান গেয়েই সময় কাটাচ্ছেন ইন্দ্রনীল, শুনছে অন্যান্য বন্দিরাও

পুলিশের দাবি, মাস আর্ট সংস্থা ধ্রুবজ্যোতি এবং ইন্দ্রনীলের মস্তিষ্কপ্রসূত ছিল। পাস বিক্রি, প্রিভিউ শো-এর নামে কোটি কোটি টাকার দুর্নীতি হয়েছে

প্রেসিডেন্সির জেলে গান গেয়েই সময় কাটাচ্ছেন ইন্দ্রনীল, শুনছে অন্যান্য বন্দিরাও

Indranil Sen Photo-ANI

দুর্গাপুজোর পাস বিক্রিকে কেন্দ্র করে রাজ্যের প্রাক্তন মন্ত্রী ইন্দ্রনীল সেনের স্ত্রীর সংস্থা মাস আর্টে দুর্নীতির অভিযোগ উঠেছে। এই দুর্নীতির সঙ্গে ইন্দ্রনীলের যোগ আছে বলেই পুলিশের দাবি। কিন্তু জেলে কেমন আছেন ইন্দ্রনীল? সময় কাটছে কীভাবে? সারাদিন করেন কী তিনি? এমন নানা প্রশ্নের উত্তর জানতে চায় তাঁর অনুগামীরা। মাস আর্টের মাথায় ছিলেন ইন্দ্রনীলের স্ত্রী মধুছন্দা সেন। গুরুত্বপূর্ণ পদে ছিলেন ধ্রুবজ্যোতি। ২০২১ সালে কলকাতার দুর্গাপুজো ইউনেস্কোর স্বীকৃতি পাওয়ার পরই সংস্থাটি গড়ে উঠেছিল। ইউনেস্কোর নাম কাজে লাগিয়ে এই সংস্থার মাধ্যমে দুর্গাপুজোর পাস বিক্রি করা হতো বেআইনিভাবে বলে অভিযোগ। সেখানে এখন রাতে অনেকটা সময় জেগে কাটাচ্ছেন প্রাক্তন মন্ত্রী।

এদিকে ‘জেলবন্দি’ দশা মোটেই ভালে লাগছে না ইন্দ্রনীল সেনের! ব্যাঙ্কশাল আদালতের নির্দেশে অভিযুক্ত প্রাক্তন এই মন্ত্রী এখন প্রেসিডেন্সি জেলে আছেন। জেল সূত্রের খবর, সবার থেকে নিজেকে আলাদা করে রেখেছেন চন্দননগরের প্রাক্তন বিধায়ক। খাওয়া-দাওয়ার প্রতিও তাঁর খুব একটা আগ্রহ নেই। এমনকী পড়ছেন না সংবাদপত্র, দেখছেন না টিভি। রাজ্যে বদলের আগে ক্ষমতার ‘ভরকেন্দ্রে’ থাকা ইন্দ্রনীল সেন জেলে নীরবে নিভৃতেই আছেন। দিনের বেলায় অনেকটা সময় আকাশের দিকে তাকিয়ে থাকেন। কারও সঙ্গে কথা বলেন না। মাঝে মাঝে এদিক ওদিক ঘুরে সেলে ফিরে আসেন। অনেকেই তাঁকে নাকি চোখের জল ফেলতে দেখেছেন। কদিন আগে এক বন্দিকে ইন্দ্রনীল বলেছেন, তাঁকে ফাঁসানো হয়েছে। প্রকৃত দোষী তিনি নন।

অন্যদিকে পুলিশের দাবি, মাস আর্ট সংস্থা ধ্রুবজ্যোতি এবং ইন্দ্রনীলের মস্তিষ্কপ্রসূত ছিল। পাস বিক্রি, প্রিভিউ শো-এর নামে কোটি কোটি টাকার দুর্নীতি হয়েছে। এই বিষয়ে এফআইআরে ইন্দ্রনীল, মধুছন্দার পাশাপাশি নাম ছিল ধ্রুবজ্যোতিরও। মধুছন্দা কলকাতা হাইকোর্ট থেকে আগাম জামিন পেয়েছেন। তাঁকে একাধিকবার তলব করে জিজ্ঞাসাবাদ করেছেন তদন্তকারীরা। ইন্দ্রনীলের মেয়েকেও জিজ্ঞাসাবাদ করা হয়েছিল। কারণ তাঁর ব্যাঙ্ক অ্যাকাউন্টে বিপুল পরিমাণ টাকা ঢুকেছিল বলে অভিযোগ। এই নিয়ে মামলা চলছে কলকাতা হাইকোর্টে। আর ইন্দ্রনীল সেন জেলের অন্দরে মুখবন্ধ করে রেখেছেন।

তাছাড়া প্রথম শ্রেণির বন্দির মর্যাদার আর্জি আদালত মঞ্জুর করেছে। অন্য বন্দির তুলনায় তিনি কিছু বাড়তি সুযোগ‑সুবিধা পাচ্ছেন। তবে সূত্রের খবর, ইন্দ্রনীল সেলের মধ্যে পায়চারি করেন অনেকটা সময়। এক জেল কর্মীকে কাঁদতে কাঁদতে বলেছেন, ‘আমাকে ফাঁসিয়ে দেওয়া হল।’ তারপর আবার নীরবতা। তবে জেলের চৌহদ্দির মধ্যে এখন তাঁর নিত্যসঙ্গী গান। কখনও নিজের গান, আবার কখনও রবীন্দ্রসঙ্গীত গেয়ে থাকেন। তিনি যখন গান করেন তখন বহু বন্দি তা মন দিয়ে শোনেন। আবার পায়চারি করার সময় বিড় বিড় করেন। কলকাতার প্রেসিডেন্সি জেল তাঁর ‘ঠিকানা’ হওয়ার পর গান গেয়ে সময় কাটান প্রাক্তন মন্ত্রী।