• facebook
  • twitter
  • youtube
Friday, 13 November, 2026

ফেডারেশনের বার্ষিক সভায় প্রতিনিধিত্ব করার জন্য কোনো রাজ্যের সমর্থন পেলেন না সভাপতি কল্যাণ, সভাপতির পদে লড়বেন কী ভাবে?

অভিযোগ উঠেছে, এই তিন ম্যাচের জন্য কোথায়, কত টাকা খরচ হয়েছে এবং কার কাছে কত টাকা বকেয়া রয়েছে, তার বিস্তারিত তথ্য দিতে

ফেডারেশনের বার্ষিক সভায় প্রতিনিধিত্ব করার জন্য কোনো রাজ্যের সমর্থন পেলেন না সভাপতি কল্যাণ, সভাপতির পদে লড়বেন কী ভাবে?

AIFF President Kalyan Chaubey Photo-SNS

সর্বভারতীয় ফুটবল ফেডারেশনের বিদায়ী সভাপতি কল্যাণ চৌবে আসন্ন নির্বাচনে কোন রাজ্যের প্রতিনিধিত্ব করবেন? চার বছর আগে যে রাজ্যের প্রতিনিধি হিসেবে বার্ষিক সভায় যোগদান করে সভাপতির পদ পেয়েছিলেন, সেই গুজরাত, না এ বার অন্য কোনো রাজ্যের প্রতিনিধি হিসেবে বার্ষিক সভায় থাকবেন তিনি?

উত্তরটা শুনলে অবাক হয়ে যেতে পারেন। কোনো রাজ্য থেকেই এ বার ফেডারেশনের বার্ষিক সাধারণ সভায় প্রতিনিধিত্ব করতে পারছেন না কল্যাণ। অর্থাৎ, ফেডারেশনের অনুমোদিত রাজ্য ও সংস্থাগুলির একটিও এ বার কল্যাণকে তাদের প্রতিনিধি হিসেবে বার্ষিক সভায় পাঠাতে রাজি নয়। এর মানে ফেডারেশন সভাপতি পদে তাঁর পুনর্নির্বাচিত হওয়ার রাস্তাও কার্যত বন্ধ হয়ে গেল।

আগামী ২০ ডিসেম্বর ফেডারেশনের বার্ষিক সভা। ওই সভাতেই নতুন কমিটি গঠিত হবে। সেজন্য নির্বাচন হতেও পারে আবার নাও পারে। শুক্রবার সন্ধ্যা ৬টার মধ্যে অনুমোদিত রাজ্য ও সংস্থাগুলিকে ওই সভায় অংশ নেওয়ার জন্য দুজন করে প্রতিনিধির নাম পাঠানোর নির্দেশ দিয়েছিল ফেডারেশন। সেই সময়সীমা পেরিয়ে গেলেও কল্যাণের নাম কোনো রাজ্য বা সংস্থার পক্ষ থেকে জমা পড়েনি বলে ফেডারেশন সূত্রে খবর পাওয়া গিয়েছে।

শোনা যায়, তিনি শুক্রবার সারা দিন একাধিক রাজ্যের ফুটবল সংস্থাগুলির সঙ্গে এই ব্যাপারে দফায় দফায় কথাবার্তা বলেন। বিদায়ী সভাপতি কল্যাণ তাদের রাজি করানোর চেষ্টা করেন, যাতে তাঁকে বার্ষিক সভায় প্রতিনিধিত্ব করার জন্য মনোনয়ন দেওয়া হয়। কিন্তু কোনো রাজ্যই তাঁকে মনোনিত করতে রাজি হয়নি।

গত চার বছর ধরে যিনি ভারতীয় ফুটবল ফেডারেশনের সভাপতি পদে ছিলেন, তাঁর জনপ্রিয়তার এই বেহাল অবস্থা বেশ অস্বাভাবিকই বলা যায়। এর আগে, ২০২২-এ তিনি গুজরাতের প্রতিনিধি হিসেবে বার্ষিক সভায় উপস্থিতি থেকে সভাপতি নির্বাচিত হয়েছিলেন। কিন্তু এ বার প্রাক্তন সভাপতির কোনো রাজ্য না পাওয়া তাঁর বেহাল অবস্থারই প্রতিফলন।

তবে তাঁর সভাপতি পদে ফের প্রতিদ্বন্দিতা করার রাস্তা পুরোপুরি বন্ধ হয়ে যায়নি। ফেডারেশনের সংবিধান অনুযায়ী তিনি কোনো রাজ্যের প্রতিনিধি হিসেবে বার্ষিক সভায় যোগ দিতে না পারলেও প্রাক্তন সভাপতি হওয়ার সুবাদে ফের সভাপতি পদে পুনর্নির্বাচিত হওয়ার জন্য প্রতিদ্বন্দিতা করতে পারেন। তবে সেজন্য ফেডারেশনের একটি অনুমোদিত সংস্থাকে তাঁর নাম প্রস্তাব করতে হবে ও অপর একটি সংস্থাকে সেই প্রস্তাব সমর্থন করতে হবে। তাই কল্যাণ সম্ভবত এখন সেই শেষ চেষ্টাই করবেন।

কিন্তু সম্প্রতি যে সমস্যায় পড়েছেন তিনি, সেই সমস্যা থেকে তাঁকে উদ্ধার করে আনতে কেউ রাজি হবে কি না, সেটাই এখন সবচেয়ে বড় প্রশ্ন। ব্রাজিল, উরুগুয়ে ও পানামার মতো বিশ্বকাপার দলের বিরুদ্ধে ভারতের ম্যাচ আয়োজন করতে গিয়ে যে বিপুল অর্থ ব্যয় করা হয়েছে বলে শোনা যাচ্ছে, তার বেশিরভাগটুকুই এখনও বকেয়া হয়ে রয়েছে বলে জানা গিয়েছে। সেই বকেয়া মেটাতে গিয়ে ফেডারেশনের স্থায়ী আমানতও (ফিক্সড ডিপোজিট) ভাঙার প্রস্তাব দেন কল্যাণ। কিন্তু ফেডারেশনের কোনো সদস্য সেই প্রস্তাবে রাজি হননি।

অভিযোগ উঠেছে, এই তিন ম্যাচের জন্য কোথায়, কত টাকা খরচ হয়েছে এবং কার কাছে কত টাকা বকেয়া রয়েছে, তার বিস্তারিত তথ্য দিতে পারেননি কল্যাণ ও তাঁর নেতৃত্বাধীন ফেডারেশনের সর্বোচ্চ স্তরের কর্তারা। গোপনীয়তার শর্তের দোহাই দিয়ে এই আর্থিক তথ্যগুলি গোপন রেখেছেন তাঁরা। অথচ, ফেডারেশনের সংবিধান অনুযায়ী, বড় কোনো অঙ্কের আর্থিক লেনদেন করতে হলে ফেডারেশনের যে অনুমোদন লাগে, তার কিছুই নেননি বলে অভিযোগ রয়েছে সভাপতি কল্যাণের বিরুদ্ধে।

নতুন কমিটি ক্ষমতায় এলে বা ফেডারেশন সভাপতি পদে অন্য কেউ এলে কল্যাণের এই কীর্তি-ফাঁস হতে পারে বলে ওয়াকিবহাল মহলের ধারণা। সেই আশঙ্কাতেই এখন নাকি তিনি ফের সভাপতির পদে বসার জন্য মরিয়া হয়ে উঠেছেন। কিন্তু কোনো দিক থেকেই ভরসা না পাওয়ায় আপাতত সময় খারাপ যাচ্ছে তাঁর।