• facebook
  • twitter
  • youtube
Friday, 13 November, 2026

দমদমে ফ্ল্যাট থেকে উদ্ধার বাবা ও পালিত ছেলের দেহ, রান্নাঘরে খোলা গ্যাসের নব! রহস্য

দমদমের শেঠবাগানে ফ্ল্যাটের ভিতর থেকে উদ্ধার বাবা ও পালিত ছেলের দেহ। শুক্রবার দুপুরে তিনতলার ফ্ল্যাটের দরজা ভেঙে ভিতরে ঢুকে

দমদমে ফ্ল্যাট থেকে উদ্ধার বাবা ও পালিত ছেলের দেহ, রান্নাঘরে খোলা গ্যাসের নব! রহস্য

প্রতীকী

দমদমের শেঠবাগানে ফ্ল্যাটের ভিতর থেকে উদ্ধার বাবা ও পালিত ছেলের দেহ। শুক্রবার দুপুরে তিনতলার ফ্ল্যাটের দরজা ভেঙে ভিতরে ঢুকে দু’টি আলাদা ঘর থেকে দেহ উদ্ধার করে নাগেরবাজার থানার পুলিশ। রান্নাঘরে গ্যাসের বার্নারের নব খোলা ছিল। গোটা ফ্ল্যাটে ছড়িয়ে ছিল গ্যাসের গন্ধ। কীভাবে দু’জনের মৃত্যু হল, তা নিয়ে রহস্য দানা বেঁধেছে।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃত ব্যক্তির নাম তপনকুমার চট্টোপাধ্যায়। তিনি একটি বেসরকারি ব্যাঙ্কের কর্মী ছিলেন। ফ্ল্যাটে তাঁর সঙ্গেই থাকতেন পালিত ছেলে। শুক্রবার দুপুরে খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় নাগেরবাজার থানার পুলিশ। দরজা ভেঙে ভিতরে ঢুকে দু’টি পৃথক ঘর থেকে তাঁদের দেহ উদ্ধার করা হয়।

প্রতিবেশীদের দাবি, আবাসনের অন্য বাসিন্দাদের সঙ্গে বাবা ও ছেলের বিশেষ মেলামেশা ছিল না। শুক্রবার সকালে খবরের কাগজ দরজার সামনে পড়ে থাকতে দেখা যায়। দুধ দিতে এসেও ফিরে যান দুধওয়ালা।

এরপর প্রতিদিনের মতো বাজার করতে আসেন বাড়ির পরিচারিকা। কিন্তু ফ্ল্যাটে ঢুকতে না পেরে এবং ভিতর থেকে কোনও সাড়া না পেয়ে প্রতিবেশীদের বিষয়টি জানান তিনি। সন্দেহ হওয়ায় পুলিশে খবর দেন আবাসনের বাসিন্দারা।

পুলিশ এসে দরজা ভেঙে ভিতরে ঢোকে। প্রতিবেশীদের দাবি, ভিতরের দরজা বন্ধ থাকলেও বাইরে তালা লাগানো ছিল। তপনকুমারের শরীরে আঘাতের চিহ্নও মিলেছে বলে খবর। পাশের ঘর থেকে উদ্ধার হয় তাঁর পালিত ছেলের দেহ।

রান্নাঘরে গ্যাসের বার্নারের নব খোলা থাকার বিষয়টিও তদন্তকারীদের নজরে রয়েছে। আঘাতের চিহ্ন, মৃত্যুর কারণ এবং ঘটনার পিছনে অন্য কারও হাত রয়েছে কি না, তা খতিয়ে দেখছে পুলিশ। ময়নাতদন্তের রিপোর্ট হাতে এলেই মৃত্যুর প্রকৃত কারণ সম্পর্কে স্পষ্ট ধারণা পাওয়া যাবে। ঘটনার তদন্ত শুরু করেছে নাগেরবাজার থানার পুলিশ।