গোধরা-কাণ্ড নিয়ে সনিয়া গান্ধীর মন্তব্যের তীব্র সমালোচনা করলেন সিবিআইয়ের প্রাক্তন স্পেশাল ডিরেক্টর রাকেশ আস্থানা। কংগ্রেস নেত্রী তাঁর আত্মজীবনীতে সবরমতী এক্সপ্রেসে অগ্নিকাণ্ডের কারণ নিয়ে বিতর্ক রয়েছে বলে যে দাবি করেছেন, তা সম্পূর্ণ অসত্য বলে মন্তব্য করেছেন তিনি। রাকেশের দাবি, ফরেন্সিক প্রমাণেই আগুন লাগানোর কারণ স্পষ্ট হয়েছিল। আদালতেও তা প্রমাণিত হয়েছে। শনিবার সংবাদ সংস্থা এএনআই-কে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেন, এমন মন্তব্যের পিছনে রাজনৈতিক উদ্দেশ্য রয়েছে।
২০০২ সালের ২৭ ফেব্রুয়ারি অযোধ্যা থেকে ফেরার পথে গোধরা স্টেশনের কাছে সবরমতী এক্সপ্রেসের এস-৬ কামরায় আগুন লাগে। ট্রেনে ছিলেন কয়েক হাজার করসেবক। ওই ঘটনায় অগ্নিদগ্ধ হয়ে মৃত্যু হয় ৫৯ জনের। মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও ছিল। ঘটনাকে কেন্দ্র করে উত্তাল হয়ে ওঠে গোটা দেশ।
নিজের স্মৃতিকথা ‘বিলংগিং: আ জার্নি অফ লাভ’-এ সনিয়া লিখেছেন, ট্রেনের চারটি কামরায় আগুন ধরিয়ে দেওয়া হয়েছিল। তবে অগ্নিকাণ্ডের প্রকৃত কারণ নিয়ে বিতর্ক রয়েছে বলেও দাবি করেছেন তিনি। ঘটনার পর গুজরাটের বিভিন্ন এলাকায় সাম্প্রদায়িক অশান্তি ছড়ানোর প্রসঙ্গও উল্লেখ করেছেন কংগ্রেস নেত্রী।
সনিয়ার এই বক্তব্য খারিজ করে রাকেশ আস্থানার দাবি, দাহ্য তরল ব্যবহার করে পরিকল্পিত ভাবে আগুন লাগানো হয়েছিল, তদন্তে তা প্রমাণিত হয়েছে। তাঁর কথায়, “শুধু এস-৬ কামরাটিকেই নিশানা করা হয়েছিল। এখন তদন্তের ফলাফল নিয়ে কেউ প্রশ্ন তুললে তার পিছনে রাজনৈতিক কারণ ছাড়া অন্য কোনও ব্যাখ্যা থাকতে পারে না।”
গোধরা-কাণ্ডের তদন্তে নিহতদের ধর্মীয় পরিচয় যে কোনও গুরুত্ব পায়নি, তা-ও স্পষ্ট করেছেন প্রাক্তন সিবিআই কর্তা। তাঁর বক্তব্য, “হিন্দু, মুসলিম, খ্রিস্টান কিংবা শিখ—যে ধর্মের মানুষেরই মৃত্যু হোক না কেন, মৃত্যু মানে মৃত্যু, খুন মানে খুন। তাই অপরাধ হিসেবেই ঘটনার তদন্ত করা হয়েছিল।”
এই মামলায় ২০১১ সালে ৩১ জনকে দোষী সাব্যস্ত করে গোধরার বিশেষ আদালত। আদালতের পর্যবেক্ষণ ছিল, অযোধ্যা থেকে ফেরা করসেবকরাই ছিলেন হামলাকারীদের মূল লক্ষ্য। ওই রায়ের বিরুদ্ধে গুজরাট হাইকোর্টে আবেদন করেন সাজাপ্রাপ্তরা।
২০১৭ সালে গুজরাট হাইকোর্টও ষড়যন্ত্রের তত্ত্ব বহাল রাখে। আদালতের মতে, আগে থেকে পেট্রল মজুত রাখা, হামলাকারীদের দ্রুত জমায়েত হওয়া এবং নির্দিষ্ট কামরাকে নিশানা করার ঘটনা থেকে হামলার পূর্বপরিকল্পনার প্রমাণ মেলে। তবে রায়ে ১১ জনের সাজা বহাল রাখে আদালত এবং ২০ জনকে বেকসুর খালাস করে দেয়। পরে সুপ্রিম কোর্টও গুজরাট হাইকোর্টের রায় বহাল রেখে সাজাপ্রাপ্তদের আবেদন খারিজ করে দেয়।




