• facebook
  • twitter
  • youtube
Saturday, 14 November, 2026

প্রেম, শোক ও ক্ষমতার রাজনীতির অন্তরালে এক নারীর জীবনসংগ্রাম

তবে এই বইকে নিরপেক্ষ রাজনৈতিক ইতিহাস বলে মেনে নেওয়ার সুযোগ নেই। স্মৃতিকথা মূলত লেখকের নিজের দেখা, নিজের অনুভব এবং নিজের অবস্থান থেকে লেখা। ফলে সেখানে কিছু কথা গুরুত্ব পায়, কিছু কথা আড়ালে থেকে যায়। বোফর্স বিতর্কের মতো রাজীব গান্ধী সরকারের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ও বিতর্কিত বিষয়ের তুলনামূলক সংক্ষিপ্ত আলোচনা প্রশ্ন তুলতেই পারে। কংগ্রেসের শাসনকালের দুর্নীতি, স্বজনপ্রীতি ও ক্ষমতার অপব্যবহার নিয়েও আরও স্পষ্ট আত্মসমালোচনার প্রত্যাশা ছিল। নিজের রাজনৈতিক জীবনের ব্যর্থতা ও সীমাবদ্ধতা নিয়ে লেখকের নীরবতা বইটির একটি দুর্বলতা হিসেবে বিবেচিত হতে পারে।

প্রেম, শোক ও ক্ষমতার রাজনীতির অন্তরালে এক নারীর জীবনসংগ্রাম

Photo: Statesman

ইতিহাস সাধারণত রাষ্ট্রনায়কদের পরিচয় দেয় তাঁদের রাজনৈতিক সিদ্ধান্ত, ক্ষমতার উত্থান-পতন এবং সাফল্য-ব্যর্থতার নিরিখে। কিন্তু ইতিহাসের সেই পরিচিত ছবির আড়ালে থেকে যায় মানুষের ব্যক্তিগত জীবন, দুঃখ, ভয়, অভিমান এবং না-বলা অনেক কথা। বিশেষ করে রাজনীতির সঙ্গে যুক্ত পরিবারের সদস্যদের জীবন যে কতটা ব্যক্তিগত মূল্য চুকিয়ে এগিয়ে চলে, তা বাইরে থেকে সব সময় বোঝা যায় না। সোনিয়া গান্ধীর স্মৃতিকথা ‘বিলংগিং: এ জার্নি অব লাভ’ সেই অন্দরমহলের কিছু দরজা খুলে দিয়েছে। এখানে শুধু একজন রাজনীতিকের জীবনকথা নেই, আছে এক বিদেশিনী নারীর ভারতীয় হয়ে ওঠার কাহিনি, স্বজন হারানোর যন্ত্রণা এবং অনিচ্ছা সত্ত্বেও ইতিহাসের দায়িত্ব কাঁধে তুলে নেওয়ার গল্প।

সোনিয়া গান্ধীর ভারত-জীবনের শুরু রাজনীতির হাত ধরে নয়, প্রেমের হাত ধরে। ইতালির এক সাধারণ পরিবার থেকে আসা উনিশ বছরের তরুণী প্রেমের টানে ভারতে এসেছিলেন। রাজীব গান্ধীর সঙ্গে তাঁর পরিচয়, প্রেম এবং বিবাহ তাঁকে ধীরে ধীরে যুক্ত করেছিল নেহরু-গান্ধী পরিবারের সঙ্গে। ইন্দিরা গান্ধীর সঙ্গে তাঁর সম্পর্কও ক্রমে ঘনিষ্ঠ হয়ে ওঠে। ভারত তাঁর কাছে শুধু স্বামীর দেশ ছিল না, হয়ে উঠেছিল নিজের দেশ, নিজের সংসার। কিন্তু এই সংসারের সঙ্গে জড়িয়ে ছিল এমন এক রাজনৈতিক ইতিহাস, যার অভিঘাত তাঁকে বারবার ব্যক্তিগতভাবে বিপর্যস্ত করেছে।

১৯৮৪ সালের ৩১ অক্টোবর সেই বিপর্যয়ের সবচেয়ে ভয়াবহ দিন। ইন্দিরা গান্ধী তাঁরই দুই দেহরক্ষীর গুলিতে নিহত হলেন। সোনিয়া গান্ধী নিজের চোখে দেখলেন রক্তাক্ত শাশুড়িকে। একজন মানুষের কাছে এই দৃশ্য কতটা অসহনীয়, তা সহজেই অনুমেয়। কিন্তু শোকের মধ্যেই তাঁকে ভাবতে হয়েছিল স্বামীর নিরাপত্তার কথা। রাজীব গান্ধীকে প্রধানমন্ত্রী হওয়ার দায়িত্ব নিতে বলা হলে তিনি আতঙ্কিত হয়ে বলেছিলেন, এবার তাঁর স্বামীকেও মেরে ফেলা হবে। রাজীবের উত্তর ছিল, তাঁকে এমনিতেও মেরে ফেলা হবে। এই সংক্ষিপ্ত কথোপকথনের মধ্যে ধরা পড়ে সেই পরিবারের জীবনের এক নির্মম বাস্তবতা। যেখানে ক্ষমতা মানেই শুধু সম্মান নয়, অনেক সময় মৃত্যুর আশঙ্কাও।

সত্যিই, কয়েক বছরের মধ্যেই ১৯৯১ সালে রাজীব গান্ধী আততায়ীর হাতে নিহত হলেন। সোনিয়া গান্ধীর জীবনে নেমে এল দ্বিতীয় বড় আঘাত। স্বামীকে হারানোর পর দীর্ঘদিন তিনি জনজীবন থেকে নিজেকে সরিয়ে রেখেছিলেন। রাজনীতিতে আসার কোনো আগ্রহ তাঁর ছিল না। জনসমক্ষে দাঁড়ানো, বক্তৃতা দেওয়া, মানুষের সঙ্গে কথা বলা— সবই তাঁর কাছে কঠিন হয়ে উঠেছিল। স্মৃতিকথায় তিনি জানিয়েছেন, রাজীবের হত্যাকারীদের প্রতি প্রতিশোধ নেওয়ার কোনো ইচ্ছা তাঁর ছিল না। দালাই লামার প্রশ্নের উত্তরে এই কথা বলতে গিয়ে তিনি কান্নায় ভেঙে পড়েছিলেন। প্রতিহিংসার বদলে শোককে নিজের মধ্যে ধারণ করার এই অভিজ্ঞতা তাঁর ব্যক্তিত্বের একটি গুরুত্বপূর্ণ দিক তুলে ধরে।

তবু ব্যক্তিগত শোকের পরিসরে জীবন থেমে থাকে না। কংগ্রেস তখন সাংগঠনিক সংকটে। দলের প্রবীণ নেতারা সরে যাচ্ছেন, নেতৃত্ব দুর্বল হচ্ছে, রাজনৈতিক জমিও ক্রমশ সংকুচিত হচ্ছে। এমন পরিস্থিতিতে সোনিয়া গান্ধীর ওপর দায়িত্ব নেওয়ার চাপ বাড়তে থাকে। তিনি রাজনীতি অপছন্দ করতেন। তাঁর চোখের সামনে রাজনীতি কেড়ে নিয়েছে শাশুড়ি ও স্বামীকে। রাজনীতির মধ্যে তিনি দেখেছেন ক্ষমতার লোভ, বিশ্বাসঘাতকতা এবং স্বার্থের সংঘাত। তবু শেষ পর্যন্ত তিনি রাজনীতিতে এলেন। কারণ, তাঁর মনে হয়েছিল, যে বহুত্ববাদী ও ধর্মনিরপেক্ষ ভারতের স্বপ্ন নিয়ে ইন্দিরা ও রাজীব লড়েছিলেন, সেই আদর্শ বিপন্ন হচ্ছে। পরিবারের রাজনৈতিক উত্তরাধিকার রক্ষার পাশাপাশি দেশের বৃহত্তর চরিত্র রক্ষার দায়ও তিনি অনুভব করেছিলেন।

এখানে তাঁর সিদ্ধান্তের সঙ্গে জড়িয়ে আছে গীতার কর্মযোগের ধারণা। ১৯৯৭ সালে সংস্কৃত পণ্ডিতের কাছে গীতা পাঠ নিয়ে তিনি কর্তব্যের অর্থ বোঝার চেষ্টা করেছিলেন। ফলের প্রত্যাশা না করে নিজের দায়িত্ব পালন করার শিক্ষা তাঁকে দ্বিধা কাটাতে সাহায্য করে। রাজনীতিতে প্রবেশের ক্ষেত্রে এই আত্মজিজ্ঞাসা তাঁর জীবনের একটি উল্লেখযোগ্য অধ্যায়।

তাঁর রাজনৈতিক জীবনের সবচেয়ে আলোচিত সিদ্ধান্ত অবশ্য ২০০৪ সালে। কংগ্রেসের নির্বাচনী সাফল্যের পর অনেকেই ধরে নিয়েছিলেন, সোনিয়া গান্ধীই প্রধানমন্ত্রী হবেন। কিন্তু তিনি সেই পদ গ্রহণ করেননি। নিজের বিদেশে জন্মের বিষয়টি নিয়ে রাজনৈতিক বিতর্ক তৈরি হতে পারে, এমনকি তা দেশের স্বার্থের পক্ষেও ক্ষতিকর হতে পারে বলে তিনি আশঙ্কা করেছিলেন। শেষ পর্যন্ত মনমোহন সিংকে প্রধানমন্ত্রী হিসেবে বেছে নেন। এই সিদ্ধান্তকে কেউ রাজনৈতিক দূরদর্শিতা, কেউ ত্যাগ, আবার কেউ কৌশল হিসেবে ব্যাখ্যা করতে পারেন। তবে এটুকু স্পষ্ট, ক্ষমতার সর্বোচ্চ পদ সামনে থাকা সত্ত্বেও তিনি তা গ্রহণ করেননি। ভারতীয় রাজনীতিতে এই ঘটনা নিঃসন্দেহে বিশেষ তাৎপর্যপূর্ণ।

স্মৃতিকথায় প্রণব মুখার্জি ও মানেকা গান্ধী সম্পর্কে তাঁর কিছু ব্যক্তিগত পর্যবেক্ষণও আলোচনার জন্ম দিয়েছে। প্রণব মুখার্জির প্রধানমন্ত্রী হওয়ার আকাঙ্ক্ষা সম্পর্কে তাঁর মন্তব্য নতুন করে বিতর্ক তৈরি করেছে। প্রণব-কন্যা শর্মিষ্ঠা মুখার্জির প্রতিক্রিয়াও সেই বিতর্ককে সামনে এনেছে। অন্যদিকে মানেকা গান্ধীর সঙ্গে পারিবারিক সম্পর্কের টানাপোড়েনের বিবরণ গান্ধী পরিবারের অন্দরমহলের জটিলতা প্রকাশ করে। এসব ঘটনা মনে করিয়ে দেয়, রাজনৈতিকভাবে প্রভাবশালী পরিবারেও সম্পর্কের টানাপোড়েন, অভিমান ও মতবিরোধ অন্য সাধারণ পরিবারের মতোই থাকে।

তবে এই বইকে নিরপেক্ষ রাজনৈতিক ইতিহাস বলে মেনে নেওয়ার সুযোগ নেই। স্মৃতিকথা মূলত লেখকের নিজের দেখা, নিজের অনুভব এবং নিজের অবস্থান থেকে লেখা। ফলে সেখানে কিছু কথা গুরুত্ব পায়, কিছু কথা আড়ালে থেকে যায়। বোফর্স বিতর্কের মতো রাজীব গান্ধী সরকারের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ও বিতর্কিত বিষয়ের তুলনামূলক সংক্ষিপ্ত আলোচনা প্রশ্ন তুলতেই পারে। কংগ্রেসের শাসনকালের দুর্নীতি, স্বজনপ্রীতি ও ক্ষমতার অপব্যবহার নিয়েও আরও স্পষ্ট আত্মসমালোচনার প্রত্যাশা ছিল। নিজের রাজনৈতিক জীবনের ব্যর্থতা ও সীমাবদ্ধতা নিয়ে লেখকের নীরবতা বইটির একটি দুর্বলতা হিসেবে বিবেচিত হতে পারে।

কিন্তু এই সীমাবদ্ধতা সত্ত্বেও স্মৃতিকথাটির গুরুত্ব অস্বীকার করা যায় না। কারণ, এটি শুধু ক্ষমতার অলিন্দে বসবাসকারী এক পরিবারের কাহিনি নয়৷ এটি এমন এক নারীর জীবনসংগ্রামের বিবরণ, যিনি ব্যক্তিগতভাবে রাজনীতি চাননি, অথচ পরিস্থিতি তাঁকে রাজনীতির কেন্দ্রে নিয়ে এসেছে। প্রেম তাঁকে ভারতে এনেছিল, শোক তাঁকে ভেঙে দিয়েছিল, আর কর্তব্যবোধ তাঁকে আবার জনজীবনে ফিরিয়ে এনেছিল।
সোনিয়া গান্ধীর স্মৃতিকথার সবচেয়ে মানবিক দিক সম্ভবত এখানেই। তিনি জীবনের নানা পর্যায়ে জয় ও পরাজয় দেখেছেন, ক্ষমতার কাছাকাছি থেকেছেন, আবার ক্ষমতার শীর্ষ পদ প্রত্যাখ্যানও করেছেন। তবু তাঁর নিজের মূল্যায়নে সবচেয়ে বড় প্রশ্ন থেকে গেছে— যে আদর্শ রক্ষার জন্য তিনি লড়াইয়ে নেমেছিলেন, তা কতটা রক্ষা করতে পেরেছেন?

এই প্রশ্নের উত্তর শুধু সোনিয়া গান্ধীর ব্যক্তিগত জীবনের সঙ্গে সম্পর্কিত নয়। এটি ভারতের গণতন্ত্র, ধর্মনিরপেক্ষতা এবং বহুত্ববাদী সমাজের ভবিষ্যতের সঙ্গেও জড়িয়ে আছে। শেষ পর্যন্ত তাঁর স্মৃতিকথা আমাদের মনে করিয়ে দেয়, রাজনীতির ইতিহাস শুধু নেতা-নেত্রীদের ক্ষমতা দখল বা ক্ষমতা হারানোর ইতিহাস নয়। তার আড়ালে থাকে অসংখ্য ব্যক্তিগত ক্ষত, ত্যাগ, অনিশ্চয়তা এবং মানুষের বেঁচে থাকার লড়াই। সেই মানবিক ইতিহাসটুকুই এই বইয়ের সবচেয়ে মূল্যবান সম্পদ।