ভারত আজ এক নতুন স্বপ্ন নিয়ে এগিয়ে চলেছে। ২০৪৭ সালে স্বাধীনতার শতবর্ষে দেশকে একটি উন্নত রাষ্ট্র হিসেবে গড়ে তোলার লক্ষ্য নিয়েছে সরকার। এই লক্ষ্য পূরণে দেশের মানুষের পাশাপাশি বিদেশে বসবাসকারী ভারতীয়দের ভূমিকাও অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রবাসী ভারতীয়রা শুধু বিদেশের মাটিতে নিজেদের প্রতিষ্ঠিত করছেন না, তাঁরা নানা ভাবে ভারতের অর্থনীতি, শিক্ষা, বিজ্ঞান, প্রযুক্তি ও সংস্কৃতির প্রসারেও গুরুত্বপূর্ণ অবদান রাখছেন। তাই তাঁদের সঙ্গে দেশের সম্পর্ক আরও দৃঢ় করা আজ প্রয়োজন।
সম্প্রতি বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর এই বিষয়টির ওপর বিশেষ গুরুত্ব দিয়েছেন। বুধবার পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সঙ্গে তিনি ১৯তম প্রবাসী ভারতীয় দিবস সম্মেলন ২০২৭-এর ওয়েবসাইট উদ্বোধন করে বলেছেন, ভারতীয় প্রবাসীরা ভারত ও বিশ্বের মধ্যে একটি জীবন্ত সেতুর মতো কাজ করছেন। তাঁদের মাধ্যমে বিশ্বের বিভিন্ন দেশের সঙ্গে ভারতের জ্ঞান, অভিজ্ঞতা, সংস্কৃতি, উদ্ভাবন ও ব্যবসায়িক যোগাযোগ বাড়ছে। তাঁর এই বক্তব্য অত্যন্ত তাৎপর্যপূর্ণ। কারণ বর্তমান বিশ্বে কোনও দেশের উন্নয়ন শুধু তার ভৌগোলিক সীমার মধ্যে আটকে থাকে না। আন্তর্জাতিক যোগাযোগ, পারস্পরিক সহযোগিতা এবং জ্ঞান বিনিময়ের ওপরও উন্নয়নের গতি অনেকখানি নির্ভর করে।
আগামী ২০২৭ সালের ৭ থেকে ৯ জানুয়ারি কলকাতায় অনুষ্ঠিত হবে ১৯তম প্রবাসী ভারতীয় দিবস সম্মেলন। পশ্চিমবঙ্গ সরকারের সহযোগিতায় এই সম্মেলনের আয়োজন করা হচ্ছে। তিন দিনের এই অনুষ্ঠানের সূচনা হবে যুব প্রবাসী ভারতীয় দিবস দিয়ে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সম্মেলনের উদ্বোধন করবেন। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু সমাপ্তি অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন এবং বিশিষ্ট প্রবাসী ভারতীয়দের হাতে প্রবাসী ভারতীয় সম্মান পুরস্কার তুলে দেবেন।
এই সম্মেলনের গুরুত্ব শুধু আনুষ্ঠানিকতার মধ্যে সীমাবদ্ধ নয়। বিদেশে বসবাসকারী ভারতীয়দের সঙ্গে দেশের সম্পর্ককে আরও শক্তিশালী করার একটি বড় সুযোগ এটি। বিদেশে কর্মরত ভারতীয় বিজ্ঞানী, চিকিৎসক, শিক্ষক, প্রযুক্তিবিদ, ব্যবসায়ী ও শিল্পোদ্যোগীদের অভিজ্ঞতা দেশের উন্নয়নে কাজে লাগানো সম্ভব। তাঁদের অনেকেই আন্তর্জাতিক ক্ষেত্রে নিজেদের যোগ্যতার পরিচয় দিয়েছেন। তাঁদের জ্ঞান, দক্ষতা, বিনিয়োগ এবং নতুন চিন্তাভাবনা ভারতের উন্নয়নের পথকে আরও মসৃণ করতে পারে।
বিদেশমন্ত্রী যথার্থই বলেছেন, ২০৪৭ সালের উন্নত ভারত গড়ার লক্ষ্যে প্রবাসীদের অবদান ক্রমশ বাড়বে। ভারতের অর্থনীতি যত শক্তিশালী হবে, দেশে কাজ ও ব্যবসার সুযোগ যত বাড়বে, ততই প্রবাসী ভারতীয়রা দেশের সঙ্গে নতুন করে যুক্ত হওয়ার উৎসাহ পাবেন। কেউ দেশে বিনিয়োগ করবেন, কেউ নতুন প্রযুক্তি নিয়ে আসবেন, কেউ শিক্ষা ও গবেষণার ক্ষেত্রে সহযোগিতা করবেন। আবার অনেকে নিজেদের অভিজ্ঞতা দিয়ে নতুন প্রজন্মকে পথ দেখাতে পারবেন। এই পারস্পরিক সহযোগিতা দেশের দীর্ঘমেয়াদি উন্নয়নের জন্য অত্যন্ত জরুরি।
এ ক্ষেত্রে তরুণ প্রজন্মের ভূমিকাও বিশেষভাবে উল্লেখযোগ্য। প্রবাসী ভারতীয়দের নতুন প্রজন্ম বিদেশে জন্মালেও তাদের অনেকের সঙ্গে ভারতের ভাষা, সংস্কৃতি, ইতিহাস ও পারিবারিক সম্পর্ক জড়িয়ে রয়েছে। তাদের কাছে ভারতকে নতুনভাবে পরিচিত করানো এবং দেশের উন্নয়নের সঙ্গে যুক্ত করা প্রয়োজন। যুব প্রবাসী ভারতীয় দিবস সেই উদ্দেশ্য পূরণে গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে পারে। তরুণদের মধ্যে শিক্ষা, প্রযুক্তি, গবেষণা ও শিল্পোদ্যোগের ক্ষেত্রে নতুন সহযোগিতার পথ খুলে দিতে পারে এই সম্মেলন।
এবারের সম্মেলনের আয়োজক শহর হিসেবে কলকাতার নির্বাচনও বিশেষ তাৎপর্যপূর্ণ। ভারতের ইতিহাসে কলকাতার একটি গুরুত্বপূর্ণ স্থান রয়েছে। বিদেশে ভারতীয়দের যাত্রা, বিশেষ করে বিভিন্ন দেশে কর্মসংস্থানের সন্ধানে যাওয়া মানুষের ইতিহাসের সঙ্গেও এই শহরের গভীর সম্পর্ক রয়েছে। অতীতের বন্দরনগরী হিসেবে কলকাতা বহু মানুষের বিদেশযাত্রার সাক্ষী। বাংলার সাহিত্য, সংস্কৃতি, শিক্ষা ও চিন্তাভাবনার প্রভাবও বিশ্বের নানা প্রান্তে ছড়িয়ে পড়েছে। ফলে কলকাতায় এই সম্মেলনের আয়োজন একদিকে যেমন শহরের ঐতিহাসিক গুরুত্বকে তুলে ধরবে, অন্যদিকে পশ্চিমবঙ্গের আন্তর্জাতিক পরিচিতি বাড়ানোর সুযোগও তৈরি করবে।
এই উপলক্ষে পশ্চিমবঙ্গের পরিকাঠামো উন্নয়নে ২০ হাজার কোটি টাকার প্রকল্প ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। এই সম্মেলন থেকে রাজ্যের পর্যটন, সংস্কৃতি, শিল্প ও বাণিজ্যের ক্ষেত্রেও নতুন সম্ভাবনা তৈরি হতে পারে। বিদেশে বসবাসকারী ভারতীয়দের কাছে পশ্চিমবঙ্গের বিনিয়োগের সুযোগ, ঐতিহ্য, শিল্পসম্পদ এবং পর্যটন কেন্দ্রগুলিকে তুলে ধরা সম্ভব হবে। তবে এই সুযোগকে কাজে লাগাতে হলে সম্মেলনের পরেও যোগাযোগ ও সহযোগিতার ধারাবাহিকতা বজায় রাখতে হবে।
প্রবাসী ভারতীয়রা ভারতের বাইরে থাকলেও দেশের উন্নয়নের স্বপ্ন থেকে বিচ্ছিন্ন নন। তাঁদের অভিজ্ঞতা, মেধা ও আন্তর্জাতিক যোগাযোগ ভারতের বড় সম্পদ। তাঁদের সঙ্গে দেশের সম্পর্ক শুধু আবেগের নয়, বাস্তব উন্নয়নেরও সম্পর্ক হওয়া দরকার। ১৯তম প্রবাসী ভারতীয় দিবস সেই সম্পর্ককে আরও গভীর ও কার্যকর করে তুলুক।




