• facebook
  • twitter
  • youtube
Friday, 13 November, 2026

দূষণে হাঁসফাঁস দিল্লি-এনসিআর! সিভিয়ার জোনে বাতাস, একাধিক এলাকায় AQI ৪৫০ পার

রাজধানীর একাধিক এলাকায় একিউআই ৪৫০ ছাড়িয়ে গিয়েছে। উদ্বেগজনক পরিস্থিতি নয়ডায়। সেখানে দূষণের মাত্রা দিল্লিকেও ছাপিয়ে গিয়েছে

দূষণে হাঁসফাঁস দিল্লি-এনসিআর! সিভিয়ার জোনে বাতাস, একাধিক এলাকায় AQI ৪৫০ পার

Image: SNS

শীত পড়তে না পড়তেই ভয়াবহ দূষণে জেরবার দিল্লি এবং সংলগ্ন এলাকা। শুক্রবার সকালেও ঘন ধোঁয়ার চাদরে ঢাকা ছিল রাজধানী। দৃশ্যমানতা কমার সঙ্গে সঙ্গে পাল্লা দিয়ে কমেছে বাতাসের গুণমান। সকাল ৮টা ৪০ মিনিটে দিল্লির সামগ্রিক বায়ুর গুণমান সূচক বা একিউআই ছিল ৪১৯। অর্থাৎ, বাতাসের মান সিভিয়ার বা অত্যন্ত গুরুতর পর্যায়ে। রাজধানীর একাধিক এলাকায় একিউআই ৪৫০ ছাড়িয়ে গিয়েছে। উদ্বেগজনক পরিস্থিতি নয়ডায়। সেখানে দূষণের মাত্রা দিল্লিকেও ছাপিয়ে গিয়েছে।

কেন্দ্রীয় দূষণ নিয়ন্ত্রণ পর্ষদের তথ্য অনুযায়ী, শুক্রবার সকালে দিল্লির ৫৮টি বায়ুর গুণমান পর্যবেক্ষণ কেন্দ্রের মধ্যে ৩৩টিতেই দূষণের মাত্রা ছিল ‘সিভিয়ার’ পর্যায়ের। চাঁদনি চকে একিউআই ছিল ৪৭৯-এ। দিল্লি বিশ্ববিদ্যালয়ের নর্থ ক্যাম্পাসে এই সূচক ছিল ৪৭৮। আইআইটি দিল্লিতে একিউআই রেকর্ড হয়েছে ৪৮৮, যা সর্বোচ্চ। পুসায় ৪৬৯, পাঞ্জাবি বাগ এবং বুরারি ক্রসিংয়ে ৪৫৬ করে একিউআই রেকর্ড হয়েছে।

আরও পড়ুন: হাসিনার পাসপোর্টের আবেদন খারিজের পরেই স্থগিত ভারত-বাংলাদেশ কনসুলার বৈঠক!

অন্যান্য এলাকাতেও পরিস্থিতি যথেষ্ট উদ্বেগজনক। এনআইএইচ নরেলায় একিউআই ৪৪৫, ডিটিইউ-তে ৪৪৩, তালকাটোরা গার্ডেনে ৪৩৬, আয়ানগরে ৪৩৩ এবং ছাওলায় ৪২৫। সিরিফোর্টে এই সূচক ছিল ৪১৮ এবং বাওয়ানায় ৪১৩।

এ ছাড়াও তিকরি কালানে একিউআই ৪০২, বদরপুরে ৪০৩, সোনিয়া বিহারে ৪০৯, মুন্ডকায় ৪৩৫ এবং ওখলা ফেজ-২-তে ৪০০। বুরারিতে ৩৯৮, শাদিপুরে ৩৮৫, ময়দান গড়িতে ৩৬৭, ঘোগা ও নাংলোইয়ে ৩৬৫ করে, ঘুম্মনহেরায় ৩৫৩ এবং কারালায় ৩৪০ একিউআই রেকর্ড হয়েছে। তুলনায় দিল্লি ক্যান্টনমেন্ট এলাকায় দূষণের মাত্রা কিছুটা কম, সেখানে একিউআই ছিল ১৬০।

দিল্লির পাশাপাশি গোটা এনসিআর জুড়েই দূষণের দাপট অব্যাহত। শুক্রবার সকাল ৮টা ৫ মিনিটে নয়ডার গড় একিউআই ছিল ৪৭৪। অর্থাৎ সেখানেও বাতাসের গুণমান ‘সিভিয়ার’ পর্যায়ে ছিল। অন্যদিকে, গাজিয়াবাদে একিউআই ছিল ৩৬৯, গুরুগ্রামে ৩৫২ এবং গ্রেটার নয়ডায় ৩৫১। এই এলাকাগুলিতে বাতাসের গুণমান ছিল ‘ভেরি পুওর’ বা অত্যন্ত খারাপ পর্যায়ে।

আরও পড়ুন: জেনসেন হুয়াংয়ের বিদায়ের পর এনডিভিয়ার হাল ধরেছেন কোয়েলেট ক্রেস, কে এই মহিলা?

সিপিসিবি-র নির্ধারিত সূচক অনুযায়ী, একিউআই ০ থেকে ৫০-এর মধ্যে থাকলে তা ‘ভাল’, ৫১ থেকে ১০০ হলে ‘সন্তোষজনক’ এবং ১০১ থেকে ২০০ হলে ‘মাঝারি’ বলে বিবেচিত হয়। ২০১ থেকে ৩০০-এর মধ্যে থাকলে ‘খারাপ’, ৩০১ থেকে ৪০০ হলে ‘অত্যন্ত খারাপ’ এবং ৪০১ থেকে ৫০০-এর মধ্যে থাকলে ‘সিভিয়ার’ বা গুরুতর দূষণ হিসেবে চিহ্নিত করা হয়।

দিল্লি-এনসিআরের দূষণ দেশের সামগ্রিক বায়ুদূষণ পরিস্থিতিরও প্রতিফলন। AQI.in-এর তথ্য অনুযায়ী, শুক্রবার বিশ্বের সবচেয়ে দূষিত ১০০টি শহরের মধ্যে ৮৬টিই ভারতের। আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী, আগামী কয়েক দিনে দিল্লির দূষণ পরিস্থিতির বিশেষ উন্নতি সম্ভাবনা নেই। ১৬ নভেম্বর পর্যন্ত বাতাসের গুণমান ‘ভেরি পুওর’ থেকে ‘সিভিয়ার’ পর্যায়ের মধ্যে থাকতে পারে। তবে বাতাসের গতিবেগ ও অনুকূল আবহাওয়া পরিস্থিতি তৈরি হলে তারপর দূষণের মাত্রা কিছুটা কমতে পারে।

দেখুন: