• facebook
  • twitter
  • youtube
Monday, 16 November, 2026

বিলকিস বানো মামলা: যাবজ্জীবন সাজা স্থগিত, দুই দোষীকে জামিন সুপ্রিম কোর্টের

বিলকিস বানো গণধর্ষণ ও হত্যা মামলায় সাজাপ্রাপ্ত দুই দোষীর যাবজ্জীবন সাজা স্থগিত করল সুপ্রিম কোর্ট। ১৭ বছরের কারাবাস ও শারীরিক প্রতিবন্ধকতার কারণ দর্শিয়ে দেওয়া হল জামিন।

বিলকিস বানো মামলা: যাবজ্জীবন সাজা স্থগিত, দুই দোষীকে জামিন সুপ্রিম কোর্টের

Bilkis Bano (ANI)

বিলকিস বানো (Bilkis Bano) গণধর্ষণ ও হত্যা মামলায় বড় নির্দেশ দিল সুপ্রিম কোর্ট (Supreme Court)। এই মামলায় সাজাপ্রাপ্ত দুই দোষীর যাবজ্জীবন সাজা সাময়িকভাবে স্থগিত করল শীর্ষ আদালত। একইসঙ্গে তাদের জামিনও (Bail) মঞ্জুর করা হয়েছে। বিচারপতি এম এম সুন্দরেশ এবং বিচারপতি প্রসন্ন বি বরালের বেঞ্চ এই নির্দেশ দিয়েছে।

জামিন পেল কারা

জানা গিয়েছে, জামিন পাওয়া ওই দুই দোষীর নাম বিপিন চন্দ্র জোশী এবং প্রদীপ মোর্দিয়া। শীর্ষ আদালতে তাদের আইনজীবী সিদ্ধার্থ লুথরা জানান, বিপিন ও প্রদীপ ইতিমধ্যেই ১৭ বছরের বেশি সময় জেলে কাটিয়েছে। এর পাশাপাশি, তাদের মধ্যে একজন গুরুতর শারীরিক প্রতিবন্ধকতায় ভুগছে। এমনকী, এফআইআর-এ (FIR) এক অভিযুক্তের নাম প্রথমে ছিল না এবং ঘটনার প্রায় তিন বছর পর তাকে মামলায় জড়ানো হয় বলেও দাবি করেন আইনজীবী।

বিরোধিতা উড়িয়ে নির্দেশ

আদালতে এই জামিনের তীব্র বিরোধিতা করেন অতিরিক্ত সলিসিটর জেনারেল রাজা ঠাকরে। তিনি অপরাধের ভয়াবহতার কথা তুলে ধরে জামিনের আর্জি খারিজের দাবি জানান। তবে শীর্ষ আদালত স্পষ্ট জানায়, এই আপিল মামলায় তথ্য ও আইনের ভিত্তিতে বেশ কিছু বিষয় এখনও মীমাংসা হওয়ার অবকাশ রয়েছে। তাই আপাতত তাদের সাজা স্থগিত রেখে শর্তসাপেক্ষে জামিন মঞ্জুর করা হচ্ছে।

জানুয়ারিতেই বাতিল হয় মুক্তি

প্রসঙ্গত, ২০০২ সালের গুজরাত দাঙ্গার সময় বিলকিস বানোকে গণধর্ষণ এবং তাঁর পরিবারের সদস্যদের খুনের অভিযোগে ১১ জনকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছিল। ২০২২ সালের আগস্ট মাসে গুজরাত সরকার তাদের আগাম মুক্তি (Premature Release) দেয়। কিন্তু ২০২৪ সালের জানুয়ারি মাসে সেই নির্দেশ খারিজ করে দেয় সুপ্রিম কোর্ট। ১১ জনকেই ফের জেলে ফিরতে হয়। সেই ১১ জনের মধ্যে থেকেই এই দু’জনকে এবার জামিন দিল শীর্ষ আদালত।