• facebook
  • twitter
  • youtube
Monday, 16 November, 2026

‘আপনি সৎ নন, ওই চেয়ারে বসার আপনি যোগ্যই নন’, প্রধান বিচারপতি সূর্য কান্তকে সুপ্রিম কোর্টেই বেনজির আক্রমণ

সুপ্রিম কোর্টে বেনজির ঘটনা! ভরা এজলাসে প্রধান বিচারপতি সূর্য কান্তকে 'অসৎ' এবং 'অযোগ্য' বলে আক্রমণ এক আইনজীবীর। মিউট করা হল সম্প্রচার। জানুন পুরো ঘটনা।

‘আপনি সৎ নন, ওই চেয়ারে বসার আপনি যোগ্যই নন’, প্রধান বিচারপতি সূর্য কান্তকে সুপ্রিম কোর্টেই বেনজির আক্রমণ

Counsel appearing before CJI Surya Kant says 'you don't deserve to sit in the chair, you don't have integrity" (AI Retouched)

সুপ্রিম কোর্টের (Supreme Court) অন্দরে বেনজির ঘটনা! খোদ ভারতের প্রধান বিচারপতির (Chief Justice of India) দিকে আঙুল তুলে এক আইনজীবী বলে বসলেন, ‘আপনি সৎ নন, ওই চেয়ারে বসার কোনও যোগ্যতাই আপনার নেই!’ সোমবার শীর্ষ আদালতে প্রধান বিচারপতি সূর্য কান্তের (CJI Surya Kant) এজলাসে এই অভাবনীয় ঘটনাটি ঘটেছে। পরিস্থিতি এতটাই উত্তপ্ত হয়ে ওঠে যে, আদালতের কার্যবিবরণীর সম্প্রচার বা প্রোসিডিংস (Proceedings) মিউট করে দিতে বাধ্য হয় শীর্ষ আদালত। ওই আইনজীবীকে শেষ পর্যন্ত কোর্টরুম থেকে বের করে দেওয়া হয়।

ঠিক কী ঘটেছিল?

জানা গিয়েছে, এদিন প্রধান বিচারপতি সূর্য কান্ত, বিচারপতি মোহনা (J Mohana) এবং বিচারপতি বাগচীর (J Bagchi) বেঞ্চে আচমকাই একটি বিষয় উত্থাপন (Mentioning) করতে ওঠেন এক আইনজীবী। শুরুতেই তিনি বিনা নোটিশে এভাবে বিষয়টি উত্থাপন করার জন্য ক্ষমা চেয়ে নেন। তিনি দাবি করেন, বিষয়টি অত্যন্ত জরুরি (Emergency)।

ওই আইনজীবীর কথায়, ‘গত ২ নভেম্বর বিচারপতি সূর্য কান্তের অফিসে এই সংক্রান্ত নথিপত্র দেওয়া হয়েছিল। ১৫ দিন কেটে গেলেও তাঁর তরফ থেকে কোনও উত্তর আসেনি। তাই আমি বাধ্য হয়ে আদালতের দ্বারস্থ হয়েছি’।

বিচারপতির নির্দেশ

নিয়ম ভেঙে এভাবে বিষয় উত্থাপন করায় উষ্মা প্রকাশ করেন বিচারপতি মোহনা। তিনি স্পষ্ট ভাষায় জানিয়ে দেন, ‘আপনি এভাবে কোনও বিষয় মেনশন করতে পারেন না’।

পরিস্থিতি সামলাতে প্রধান বিচারপতি সূর্য কান্ত ওই আইনজীবীকে অপেক্ষা করতে বলেন। তিনি বলেন, ‘আমরা দেখছি, আপনি একটু অপেক্ষা করুন।‘ কিন্তু ওই আইনজীবী অপেক্ষা করতে রাজি ছিলেন না। প্রধান বিচারপতির উদ্দেশে তিনি রীতিমতো মেজাজ হারিয়ে বলে ওঠেন, ‘না, আমি অপেক্ষা করব না। আপনি ওই চেয়ারে বসার যোগ্য নন। ওই পদে থাকার মতো সততা (Integrity) আপনার নেই।‘

কোর্টরুমে হইচই

এই বেনজির আক্রমণের পর ওই আইনজীবীকে রক্ষীদের সাহায্যে কোর্টরুম থেকে বের করে দেওয়া হয় (Escorted out)। এজলাসে উপস্থিত অন্যান্য আইনজীবীরা এই ঘটনার তীব্র নিন্দা করেন এবং প্রধান বিচারপতির কাছে ওই ব্যক্তির বিরুদ্ধে কড়া পদক্ষেপ করার আর্জি জানান।

আদালত সূত্রে খবর, নিজের বিরুদ্ধে চলা কোনও একটি আদালত অবমাননার মামলা (Contempt Case) নিয়ে ওই আইনজীবী অত্যন্ত ক্ষুব্ধ ছিলেন। তবে তাৎপর্যপূর্ণভাবে, তিনি প্রধান বিচারপতিকে ব্যক্তিগত আক্রমণ করলেও বেঞ্চের অপর দুই সদস্য বিচারপতি বাগচী এবং বিচারপতি মোহনার প্রতি তিনি যথেষ্ট শ্রদ্ধাশীল ছিলেন।