• facebook
  • twitter
  • youtube
Monday, 12 October, 2026

সংশোধিত ফর্ম ৬-এর প্রসঙ্গই ওঠেনি আদালতে, জানাল প্রধান বিচারপতির বেঞ্চ

ব্যাখ্যা দিতে গিয়ে আদালত জানিয়েছে, বিহারের এসআইআর সংক্রান্ত মামলার রায় দেওয়ার সময় নতুন ফর্ম ৬ নিয়ে কোনও আলোচনাই হয়নি

সংশোধিত ফর্ম ৬-এর প্রসঙ্গই ওঠেনি আদালতে, জানাল প্রধান বিচারপতির বেঞ্চ

Image: SNS (File Photo)

নির্বাচন কমিশনের সংশোধিত ফর্ম ৬-কে সুপ্রিম কোর্ট অনুমোদন দেয়নি। এ কথা আগেই জানিয়েছিলেন প্রধান বিচারপতি সূর্য কান্ত। এ বার সেই বক্তব্যের ব্যাখ্যা দিল দেশের শীর্ষ আদালত। ব্যাখ্যা দিতে গিয়ে আদালত জানিয়েছে, বিহারের এসআইআর সংক্রান্ত মামলার রায় দেওয়ার সময় নতুন ফর্ম ৬ নিয়ে কোনও আলোচনাই হয়নি। কারণ সেই সময় মামলায় সংশোধিত ফর্মটির প্রসঙ্গই ওঠেনি। তাই সংশোধিক ফর্ম ৬-কে অনুমোদন দেওয়া বা আপত্তি জানানোর কোনও প্রশ্ন ছিল না। সোমবার প্রধান বিচারপতি সূর্য কান্তের বেঞ্চ বিষয়টি স্পষ্ট করেছে।

নির্বাচন কমিশনের কাজকর্ম নিয়ে একটি মামলা বর্তমানে সুপ্রিম কোর্টে বিচারাধীন রয়েছে। গত সোমবার সেই মামলার শুনানিতে প্রধান বিচারপতি জানিয়েছিলেন, ফর্ম ৬-এর পরিবর্তনকে আদালত অনুমোদন দেয়নি। এর আগে, গত ২৬ সেপ্টেম্বর নির্বাচন কমিশন একটি বিবৃতিতে জানিয়েছিল, ফর্ম ৬-এর সঙ্গে ভোটারদের যে ঘোষমাপত্র দিতে হচ্ছে তা সুপ্রিম কোর্ট রায়ে বহাল রেখেছিল। প্রধান বিচারপতির মন্তব্যের পর কমিশনের সেই বিবৃতি নিয়ে প্রশ্ন উঠতে শুরু করে।

লাইভ ল-এর প্রতিবেদন অনুযায়ী, সোমবার অন্য একটি মামলার শুনানিতে বিষয়টি নিয়ে আরও বিস্তারিক ব্যাখ্যা দিয়েছে সুপ্রিম কোর্ট। মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে ওঠা অভিযোগগুলিকে চ্যালেঞ্জ করে পাল্টা মামলা করেছেন প্রিয়া মিশ্র নামে এক মহিলা। সোমবার প্রধান বিচারপতি সূর্য কান্ত, বিচারপতি জয়মাল্য বাগজী এবং বিচারপতি ভি মোহনার বেঞ্চে মামলাটির শুনানি হয়।