• facebook
  • twitter
  • youtube
Monday, 23 November, 2026

ওয়ার্ড পুনর্বিন্যাসে আইনি জট, ভোট ঘোষণা করলেও আদালতের নির্দেশ মানতে হবে কমিশনকে

হাওড়া পুরসভার ওয়ার্ড পুনর্বিন্যাস নিয়ে আইনি জটিলতা। তার মধ্যেই পুরভোটের নির্ঘণ্ট ঘোষণা নিয়ে নির্বাচন কমিশনকে সতর্ক করে দিল

ওয়ার্ড পুনর্বিন্যাসে আইনি জট, ভোট ঘোষণা করলেও আদালতের নির্দেশ মানতে হবে কমিশনকে

হাওড়া পুরসভার ওয়ার্ড পুনর্বিন্যাস নিয়ে আইনি জটিলতা। তার মধ্যেই পুরভোটের নির্ঘণ্ট ঘোষণা নিয়ে নির্বাচন কমিশনকে সতর্ক করে দিল কলকাতা হাই কোর্ট। ভোট ঘোষণায় আপাতত স্থগিতাদেশ না দিলেও আদালত স্পষ্ট জানিয়ে দিল, পরবর্তী শুনানির আগে ভোট ঘোষণা হয়ে গেলেও মামলার নির্দেশ মানতে হবে কমিশনকে। অর্থাৎ, ভোটের নির্ঘণ্ট প্রকাশ করে আদালতের নির্দেশ এড়ানোর কোনও সুযোগ থাকছে না।

সোমবার বিচারপতি রাজা বসু চৌধুরীর একক বেঞ্চে হাওড়া পুরসভার ওয়ার্ড পুনর্বিন্যাস সংক্রান্ত মামলার শুনানি হয়। ওয়ার্ড পুনর্বিন্যাসের প্রক্রিয়াকে চ্যালেঞ্জ করে মামলা করেছেন সিপিএমের প্রাক্তন মেয়র পারিষদ তথা মধ্য হাওড়ার প্রাক্তন বিধানসভা নির্বাচনের প্রার্থী ইমতিয়াজ আহমেদ।

মামলাকারীর অভিযোগ, আইন মেনে ওয়ার্ড পুনর্বিন্যাস করা হয়নি। সম্প্রতি বিধানসভায় হাওড়া পুরসভার ওয়ার্ডের সংখ্যা ৫০ থেকে বাড়িয়ে ৬৮ করার বিল পাশ হয়েছে। এই পুনর্বিন্যাসের বৈধতা নিয়েই প্রশ্ন তুলেছেন তিনি।

এ দিন শুনানির পর ভোট ঘোষণার উপর কোনও অন্তর্বর্তী স্থগিতাদেশ দেয়নি আদালত। তবে বিচারপতি জানিয়ে দিয়েছেন, আগামী ১ ডিসেম্বর মামলার পরবর্তী শুনানি। তার আগে ভোট ঘোষণা হলেও মামলার পরবর্তী নির্দেশের উপরেই তার ভবিষ্যৎ নির্ভর করবে।
উল্লেখ্য, কলকাতা পুরসভার ওয়ার্ড পুনর্বিন্যাস নিয়েও একই ধরনের আইনি জটিলতা তৈরি হয়েছে। সেখানে ওয়ার্ডের সংখ্যা ১৪৪ থেকে বাড়িয়ে ২০৯ করা হয়েছে। ওই পুনর্বিন্যাসকে চ্যালেঞ্জ করে সিপিএম নেত্রী দীপু দাস হাই কোর্টে মামলা করেন। গত ৬ নভেম্বর বিচারপতি সব্যসাচী ভট্টাচার্য ও বিচারপতি অর্জুন রায় মুখোপাধ্যায়ের ডিভিশন বেঞ্চ নির্দেশ দিয়েছিল, সিঙ্গল বেঞ্চে মামলার নিষ্পত্তি না হওয়া পর্যন্ত কলকাতা পুরসভার ভোট ঘোষণা করা যাবে না। সেই নির্দেশকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছে রাজ্য।

সোমবার শীর্ষ আদালতে সেই মামলার শুনানিতে প্রধান বিচারপতি সূর্য কান্তের বেঞ্চ কলকাতা পুরসভার ওয়ার্ড পুনর্বিন্যাস নিয়ে একাধিক প্রশ্ন তোলে। নির্বাচিত জনপ্রতিনিধি না থাকা এবং পুরসভা ভেঙে দেওয়ার পর সংশ্লিষ্ট সংস্থার সুপারিশের ভিত্তিতে কী ভাবে ওয়ার্ড পুনর্বিন্যাস করা সম্ভব, তা নিয়ে প্রশ্ন তোলে শীর্ষ আদালত।

কলকাতা পুরসভার মামলা যখন সুপ্রিম কোর্টে বিচারাধীন, তখন হাওড়া পুরসভার ওয়ার্ড পুনর্বিন্যাস নিয়েও হাই কোর্টের এই নির্দেশ তাৎপর্যপূর্ণ। আপাতত ভোট ঘোষণায় বাধা না থাকলেও আদালতের পরবর্তী নির্দেশের অপেক্ষায় থাকতে হবে কমিশনকে।