মালদহের মোথাবাড়ি-কাণ্ডে তদন্তের সূত্রে প্রাক্তন মন্ত্রী তথা সুজাপুরের বিধায়ক সাবিনা ইয়াসমিনকে তলব করেছিল জাতীয় তদন্তকারী সংস্থা (এনআইএ)। একই ঘটনায় তাঁর স্বামী মেহবুব আলমকেও হাজিরার নির্দেশ দেওয়া হয়। সোমবার বেলা ১১টা থেকে দুপুর ২টোর মধ্যে দু’জনকেই তদন্তকারী সংস্থার দফতরে হাজির হতে বলা হয়েছিল।
সেই নির্দেশ মেনে সোমবার বেলা ১১টার কিছু পরেই স্বামীকে সঙ্গে নিয়ে এনআইএ দফতরে পৌঁছন সাবিনা। সেখানে ঢোকার আগে মোথাবাড়ি-কাণ্ডে স্বামীর ভূমিকা নিয়ে মুখ খোলেন তিনি। সাবিনার দাবি, ঘটনার দিন তাঁর স্বামী ঘটনাস্থলে উপস্থিত ছিলেন না।
বিধায়কের বক্তব্য, নির্বাচনের আগে দলের একটি কর্মসূচি থেকে ফেরার পথে জাতীয় সড়কে অশান্তির মুখে পড়েছিলেন তাঁর স্বামী। সেই সময় উত্তেজিত জনতাকে সরিয়ে পরিস্থিতি স্বাভাবিক করার চেষ্টা করেছিলেন তিনি। গোটা ঘটনা ভিডিয়োতে ধরা রয়েছে বলেও দাবি করেন সাবিনা।
পাশাপাশি, কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার এই তলবের পিছনে রাজনৈতিক উদ্দেশ্য রয়েছে বলে অভিযোগ করেছেন প্রাক্তন মন্ত্রী। তাঁর দাবি, রাজনৈতিক কারণেই তাঁকে এবং তাঁর স্বামীকে তদন্তের মুখে পড়তে হচ্ছে।
উল্লেখ্য, গত ১ এপ্রিল পশ্চিমবঙ্গে ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন বা এসআইআর প্রক্রিয়া চলাকালীন মালদহের কালিয়াচকের মোথাবাড়ি এলাকায় উত্তেজনা ছড়ায়। ভোটার তালিকা থেকে নাম বাদ যাওয়ার আশঙ্কায় ক্ষুব্ধ একদল মানুষ প্রয়োজনীয় নথি থাকা সত্ত্বেও নাম বাদ দেওয়া হচ্ছে বলে অভিযোগ তোলেন।
এর পরেই যাচাইয়ের কাজে নিযুক্ত আধিকারিকদের মোথাবাড়ির বিডিও অফিসের ভিতরে ঘণ্টার পর ঘণ্টা আটকে রাখা হয়। জাতীয় সড়ক ১২-ও অবরোধ করেন বিক্ষোভকারীরা। আটকে থাকা আধিকারিকদের উদ্ধার করে নিয়ে যাওয়ার সময় তাঁদের গাড়িতেও হামলা চালানো হয়।
এই ঘটনায় এক মহিলা আধিকারিক-সহ সরকারি কর্মীদের হেনস্থা ও আটকে রাখার অভিযোগ ওঠে। পরে ঘটনার তদন্তভার নেয় এনআইএ। মোথাবাড়ি-কাণ্ডে মোট ১২টি মামলা দায়ের হয়েছিল। তার মধ্যে দু’টি মামলায় ইতিমধ্যেই চার্জশিট জমা দিয়েছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা।
একটি চার্জশিটে ২২ জন এবং অন্যটিতে এক জনের নাম রয়েছে। যথাক্রমে ৫৪ ও ১১ পাতার ওই চার্জশিটে মোট ২৩ জনকে অভিযুক্ত করা হয়েছে। ভারতীয় ন্যায় সংহিতার একাধিক ধারায় খুনের চেষ্টা, সরকারি কর্মীদের কাজে বাধা, মারধর, হেনস্থা এবং বেআইনি ভাবে আটকে রাখার মতো গুরুতর অভিযোগ আনা হয়েছে।
এই ঘটনায় সাবিনা ইয়াসমিন ও তাঁর স্বামী মেহবুব আলমের মদত ছিল বলেও অভিযোগ উঠেছে। সেই অভিযোগের সূত্রেই তাঁদের জিজ্ঞাসাবাদের জন্য তলব করেছে এনআইএ। যদিও সাবিনা সমস্ত অভিযোগের পিছনে রাজনৈতিক উদ্দেশ্য রয়েছে বলে দাবি করেছেন।
এর আগে গত ২৪ সেপ্টেম্বরও সাবিনাকে তলব করেছিল এনআইএ। সেবার তাঁকে মালদহের কালিয়াচক থানায় বেলা ১১টার মধ্যে হাজির হতে বলা হয়েছিল। কিন্তু স্বামী অসুস্থ হয়ে কলকাতার একটি নার্সিংহোমে চিকিৎসাধীন থাকায় সাবিনা মালদহে যেতে পারেননি।
সেই সময় কলকাতাতেই ছিলেন তিনি এবং সেখানকার এনআইএ দফতরে হাজিরা দেন। এক মাসের ব্যবধানে ফের কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার মুখোমুখি হলেন সুজাপুরের বিধায়ক সাবিনা ইয়াসমিন ও তাঁর স্বামী মেহবুব আলম।




