শরীরে কীটনাশক প্রবেশের অভিযোগ। আশঙ্কাজনক অবস্থায় কলকাতার মুকুন্দপুরের একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন হিঙ্গলগঞ্জের বিজেপি বিধায়ক রেখা পাত্র। হাসপাতাল সূত্রে খবর, তাঁকে ভেন্টিলেশন সাপোর্টে রাখা হয়েছে।
পরিবারের দাবি, হাসপাতালের রেফারেল কার্ডে তাঁর পেটে বিষাক্ত ভেষজ কীটনাশক বা হার্বাল লার্ভিসাইডের উপস্থিতির উল্লেখ রয়েছে। শনিবার রাতে শারীরিক অবস্থার অবনতি হওয়ায় বসিরহাট জেলা হাসপাতাল থেকে রাত ৩টে নাগাদ তাঁকে কলকাতায় স্থানান্তরিত করা হয়।
শনিবার রাতেই হঠাৎ অসুস্থ হয়ে পড়েন রেখা। তাঁকে প্রথমে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরে শারীরিক অবস্থার অবনতি হওয়ায় বসিরহাট সুপারস্পেশালিটি হাসপাতালে স্থানান্তরিত করা হয়। সেখানে সিসিইউ-তে ভর্তি করা হয়েছিল তাঁকে। কিন্তু অবস্থার উন্নতি না হওয়ায় কলকাতার মুকুন্দপুরের বেসরকারি হাসপাতালে নিয়ে আসার সিদ্ধান্ত নেন পরিবারের সদস্যরা।
রবিবার সকালে তাঁর শারীরিক অবস্থা অত্যন্ত সংকটজনক ছিল বলে খবর। বিধায়কের অসুস্থতার খবর পেয়ে হাসপাতালে যান রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী। পরিবারের সদস্য ও চিকিৎসকদের সঙ্গে কথা বলেন তিনি। পরে স্বাস্থ্যমন্ত্রী জানান, খাবারে বিষক্রিয়ার কারণে অসুস্থ হয়ে পড়েছেন রেখা। তাঁর কথায়, আগের তুলনায় এখন কিছুটা ভাল রয়েছেন বিধায়ক। যদিও সম্পূর্ণ বিপদমুক্ত কি না, তা এখনই বলা সম্ভব নয়। রেখার দ্রুত আরোগ্য কামনা করেন তিনি।
উল্লেখ্য, বিধায়ক হওয়ার পর থেকেই একাধিক বিতর্কে জড়িয়েছেন রেখা পাত্র। সন্দেশখালিতে তাঁর পারিবারিক জমি নিয়ে বিবাদ প্রকাশ্যে এসেছিল। এক পুলিশকর্মীকে চড় মারার অভিযোগও উঠেছিল তাঁর বিরুদ্ধে। পরে অবশ্য ওই ঘটনার জন্য ক্ষমা চান তিনি।
সেই বিতর্কের পর থেকে সংবাদমাধ্যমের সামনে খুব একটা দেখা যায়নি তাঁকে। দিন পাঁচেক আগে অবশ্য একটি বৈঠকে উপস্থিত ছিলেন রেখা। তার পরেই শনিবার রাতে তাঁর অসুস্থতার খবর সামনে আসে। বর্তমানে কলকাতার বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন তিনি।




