• facebook
  • twitter
  • youtube
Monday, 23 November, 2026

গ্রাহক কমেছে, বাড়ছে অনাদায়ী ঋণ, অস্তিত্বের সংকটে সোনাগাছির ঊষা সমবায়

সদস্যদের গচ্ছিত অর্থ কমছে, পাল্লা দিয়ে বাড়ছে অনাদায়ী ঋণের বোঝা। একসময় যৌনকর্মীদের আর্থিক স্বনির্ভরতার অন্যতম ভরসা ছিল সোনাগাছির

গ্রাহক কমেছে, বাড়ছে অনাদায়ী ঋণ, অস্তিত্বের সংকটে সোনাগাছির ঊষা সমবায়

সদস্যদের গচ্ছিত অর্থ কমছে, পাল্লা দিয়ে বাড়ছে অনাদায়ী ঋণের বোঝা। একসময় যৌনকর্মীদের আর্থিক স্বনির্ভরতার অন্যতম ভরসা ছিল সোনাগাছির ঊষা কো-অপারেটিভ সোসাইটি। কিন্তু বর্তমানে অস্তিত্বের সংকটে এই প্রবীণ সমবায় সংস্থা।

একদিকে বিকল্প হিসাবে একাধিক বাণিজ্যিক ব্যাঙ্কের প্রসার, অন্যদিকে গ্রাহকদের আমানত তুলে নেওয়ার প্রবণতা—এই দুইয়ের চাপে ক্রমশ দুর্বল হচ্ছে ঊষার আর্থিক কাঠামো। পরিস্থিতি সামাল দিতে এবার সমবায়কে পুনরুজ্জীবিত করার উদ্যোগ নিয়েছে আমরা পদাতিক।

সমবায় সূত্রে জানা গিয়েছে, ২০০৪ সালের পর থেকেই ঊষার গ্রাহকদের একাংশ তাঁদের গচ্ছিত অর্থ তুলে নিতে শুরু করেন। বর্তমানে অনেকেই শুধু ন্যূনতম পরিমাণ টাকা জমা রেখে বাকি অর্থ তুলে নিয়েছেন।

ব্যাঙ্ক পরিচালন সমিতির সদস্য শান্তনু সাহার দাবি, কোভিড অতিমারি এবং নোটবন্দির সময় থেকেই এই সমবায়ের বিরুদ্ধে অপপ্রচার শুরু হয়েছিল। সেই প্রচারে প্রভাবিত হয়ে বহু গ্রাহক তাঁদের টাকা তুলে নেন। তার পর থেকেই আর্থিক সংকট আরও গভীর হয়েছে।

শুধু আমানত কমে যাওয়াই নয়, ঋণ আদায় নিয়েও সমস্যায় পড়েছে ঊষা। সমবায় থেকে ঋণ নেওয়া গ্রাহকদের একাংশ টাকা ফেরত দিতে চাইছেন না বলে অভিযোগ।

ফলে প্রায় দুই থেকে আড়াই কোটি টাকা এখনও ঋণ হিসাবে বাজারে আটকে রয়েছে। বাড়ছে অনাদায়ী ঋণের পরিমাণ। সমবায়ের আর্থিক কাঠামোর উপরেও তার প্রভাব পড়ছে।

শতাব্দী সাহার অভিযোগ, বাণিজ্যিক ব্যাঙ্কের ক্ষেত্রে গ্রাহকেরা যে নিয়ম মেনে চলেন, সমবায়ের ক্ষেত্রে তাঁদের একাংশ সেই নিয়ম মানতে চাইছেন না। এর আগে ঊষার বিরুদ্ধে বিভিন্ন সংগঠনের তরফে আর্থিক তছরুপের অভিযোগও তোলা হয়েছিল।

তবে পরবর্তী সময়ে সরকারি অডিটে সেই অভিযোগের সত্যতা মেলেনি বলে দাবি সমবায় কর্তৃপক্ষের। ১৯৯৫ সালে নিবন্ধিত এই সমবায় একসময় যৌনকর্মীদের আর্থিক নিরাপত্তা ও স্বনির্ভরতার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছিল।

তবে সমবায়ের কাজকর্মের ক্ষেত্রে কিছু নির্দিষ্ট বিধিনিষেধ রয়েছে। শান্তনু সাহার বক্তব্য, ঊষার সমবায়ের লাইসেন্স থাকলেও বাণিজ্যিক ব্যাঙ্কের মতো কাজ করার জন্য প্রয়োজনীয় লাইসেন্স নেই। এর আগে একটি বেসরকারি ব্যাঙ্কের সঙ্গে যৌথ উদ্যোগে প্রতিটি গ্রাহককে ১,৪৭৭ টাকা করে দেওয়ার ব্যবস্থা করা হয়েছিল। সেই উদ্যোগের পর সমবায়ের প্রতি গ্রাহকদের আগ্রহ কিছুটা বেড়েছিল। যদিও পরবর্তী সময়ে ফের সমস্যা তৈরি হয়।

এবার ঊষাকে নতুন করে ঘুরে দাঁড় করানোর দায়িত্ব নিতে চাইছে আমরা পদাতিক। সংস্থার তরফে গ্রাহকদের মধ্যে সচেতনতা বাড়ানো, ধারাবাহিক প্রচার এবং পুরনো গ্রাহকদের ফিরিয়ে আনার উদ্যোগ নেওয়া হবে।

পাশাপাশি নতুন গ্রাহক যুক্ত করারও পরিকল্পনা রয়েছে। সমবায়ের কর্মীদের বক্তব্য, আর্থিক অনটন ও অনিশ্চয়তার মধ্যে থাকা যৌনকর্মীদের কাছে একসময় ঊষা ছিল বড় ভরসা। সেই আর্থিক নিরাপত্তার জায়গাটি ফিরিয়ে আনতেই এবার সমবায়কে পুনরুজ্জীবিত করার চেষ্টা চলছে।