• facebook
  • twitter
  • youtube
Monday, 16 November, 2026

রামকৃষ্ণ মঠ ও মিশনের সহ-অধ্যক্ষ প্রয়াত, গভীর শোকপ্রকাশ করলেন মুখ্যমন্ত্রী

১৯৭৮ সাল পর্যন্ত বেঙ্গালুরু মঠে নানা গুরুত্বপূর্ণ দায়িত্ব সামলেছেন স্বামী ভজনানন্দজি। পরে রামকৃষ্ণ সংঘের ইংরেজি মুখপত্র ‘প্রবুদ্ধ

রামকৃষ্ণ মঠ ও মিশনের সহ-অধ্যক্ষ প্রয়াত, গভীর শোকপ্রকাশ করলেন মুখ্যমন্ত্রী

Swami Bhajananda Maharaj Photo-SNS

প্রয়াত রামকৃষ্ণ মঠ ও মিশনের সহ-অধ্যক্ষ ভজনানন্দ মহারাজ। বৃন্দাবনের রামকৃষ্ণ মঠ হাসপাতালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৯০ বছর। তাঁর প্রয়াণে শোকের ছায়া নেমে এসেছে রামকৃষ্ণ মঠের সন্ন্যাসী, ভক্ত এবং অনুরাগীদের মধ্যে। মঙ্গলবার দুপুর ২টোয় বৃন্দাবনে তাঁর শেষকৃত্য সম্পন্ন হবে। স্বামী ভজনানন্দজি মহারাজের প্রয়াণে গভীর শোকপ্রকাশ করেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। মুখ্যমন্ত্রীর দপ্তরের পক্ষ থেকে সমাজমাধ্যমে প্রকাশিত শোকবার্তায় বলা হয়েছে, তাঁর মৃত্যু আধ্যাত্মিক জগতের অপূরণীয় ক্ষতি। শ্রীরামকৃষ্ণ, মা সারদা এবং স্বামী বিবেকানন্দের আদর্শ প্রচার এবং মানবসেবায় তাঁর আজীবনের অবদান চিরস্মরণীয় হয়ে থাকবে।

বেশ কিছুদিন ধরেই শারীরিক নানা জটিলতায় ভুগছিলেন স্বামী ভজনানন্দজি। হৃদ্‌যন্ত্র এবং শ্বাসযন্ত্রের সমস্যা, রক্তে সংক্রমণ-সহ কিডনির অসুস্থতা নিয়ে বৃন্দাবনের ওই হাসপাতালেই চিকিৎসাধীন ছিলেন। সেখানেই সোমবার তাঁর জীবনাবসান হয়। ১৯৩৬ সালের ১ জুলাই কেরালার এর্নাকুলাম জেলায় জন্ম তাঁর। ছোটবেলা থেকেই আধ্যাত্মিক জীবন এবং ধর্মচর্চার প্রতি তাঁর আকর্ষণ ছিল। রামকৃষ্ণ মিশনের তৎকালীন সহ-অধ্যক্ষ স্বামী যতীশ্বরানন্দজির কাছে মন্ত্রদীক্ষা গ্রহণ করেন তিনি। ১৯৬১ সালে বেঙ্গালুরু রামকৃষ্ণ মঠে যোগ দেন। দীর্ঘ সাধনা এবং মিশনের নানা দায়িত্ব পালনের পর ১৯৭১ সালে সন্ন্যাসদীক্ষা লাভ করেন। মিশনের দশম অধ্যক্ষ স্বামী বীরেশ্বরানন্দজির কাছ থেকে সন্ন্যাস গ্রহণের পর তাঁর জীবনের নতুন অধ্যায় শুরু হয়।

১৯৭৮ সাল পর্যন্ত বেঙ্গালুরু মঠে নানা গুরুত্বপূর্ণ দায়িত্ব সামলেছেন স্বামী ভজনানন্দজি। পরে রামকৃষ্ণ সংঘের ইংরেজি মুখপত্র ‘প্রবুদ্ধ ভারতে’র সম্পাদনার দায়িত্ব গ্রহণ করেন তিনি। আধ্যাত্মিক চর্চার পাশাপাশি সাহিত্য এবং মননশীল লেখালেখির জগতেও তাঁর গুরুত্বপূর্ণ অবদান ছিল। শ্রীরামকৃষ্ণ, মা সারদা এবং স্বামী বিবেকানন্দের আদর্শ প্রচারে আজীবন নিজেকে নিয়োজিত রেখেছিলেন স্বামী ভজনানন্দজি।

স্বামী ভজনানন্দজি মহারাজের প্রয়াণে শোকস্তব্ধ মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। রামকৃষ্ণ মঠ ও মিশনের সঙ্গে বেলুড় মঠের সন্ন্যাসী এবং ভক্তদের প্রতিও সমবেদনা জানিয়েছেন মুখ্যমন্ত্রী। তাঁর প্রয়াণে রামকৃষ্ণ ভাবধারায় বিশ্বাসীদের মনে আধ্যাত্মিক এবং সাংগঠনিক পরিসরে যে শূন্যতা তৈরি হল সেটা সহজে পূরণ হওয়ার নয় বলে মনে করেন মুখ্যমন্ত্রী।