অক্টোবরই শেষ হয়েছিল অন্তর্বর্তী রক্ষাকবচের মেয়াদ। সময় থাকতে কেন বাড়ানোর আবেদন করা হয়নি? অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মামলায় আইনজীবীর সাফাইয়ে অসন্তোষ প্রকাশ বিচারপতি সৌগত ভট্টাচার্যের। শেষ পর্যন্ত অন্তর্বর্তী সুরক্ষার মেয়াদ বাড়ানোর আর্জি শুনতে শুক্রবারের দিন ধার্য করা হয়েছে।
অন্তর্বর্তী রক্ষাকবচের মেয়াদ শেষ হয়ে গিয়েছে ৬ অক্টোবর। অথচ তারপরেও সুরক্ষা বাড়ানোর আবেদন নিয়ে আদালতের দ্বারস্থ হতে দেরি কেন? তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক তথা সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মামলায় সোমবার কলকাতা হাইকোর্টে এই প্রশ্নেই কার্যত ক্ষোভ প্রকাশ করলেন বিচারপতি সৌগত ভট্টাচার্য।
আইনজীবীর ব্যাখ্যাতেও প্রথমে সন্তুষ্ট হননি তিনি। শেষ পর্যন্ত অবশ্য অন্তর্বর্তী সুরক্ষার মেয়াদ বৃদ্ধির আবেদনের শুনানির জন্য শুক্রবার সময় দিল আদালত। সোমবার সকালে বিচারপতি সৌগত ভট্টাচার্যের এজলাসে বিষয়টি উল্লেখ করেন অভিষেকের আইনজীবী সব্যসাচী বন্দ্যোপাধ্যায়। তাঁর আবেদন ছিল, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের উপর জারি থাকা অন্তর্বর্তী সুরক্ষার মেয়াদ বাড়ানো হোক।
কিন্তু মামলাটি উল্লেখ করতেই বিচারপতির প্রশ্ন, অবকাশকালীন বেঞ্চের সামনে সময় থাকতে কেন এই আবেদন জানানো হয়নি? ছুটির সময় অন্তর্বর্তী সুরক্ষা বাড়ানোর প্রয়োজন ছিল, অথচ তখন বিষয়টি আদালতে তোলা হল না কেন? এর উত্তরে অভিষেকের আইনজীবী জানান, বিষয়টি উল্লেখ না করা তাঁদের ভুল।
অভিষেককে ঘিরে একাধিক আদালতে একাধিক মামলা চলছিল। বিভিন্ন মামলার শুনানির তারিখ সামলাতে গিয়ে কার্যত এক আদালত থেকে অন্য আদালতে ছুটতে হয়েছে তাঁদের। সেই ব্যস্ততার মধ্যেই এই মামলায় অবকাশকালীন বেঞ্চের সামনে সুরক্ষা বৃদ্ধির আবেদন জানানো সম্ভব হয়নি। কিন্তু সেই মেয়াদ শেষ হওয়ার পর সুরক্ষা বৃদ্ধির আবেদন সময়মতো না ওঠায় সোমবার আদালতে নতুন করে প্রশ্নের মুখে পড়তে হল অভিষেকের আইনজীবীকে।




