মহিলাদের স্বনির্ভর করতে বাংলায় লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প চালু করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এই প্রকল্পে প্রতি মাসে আর্থিক সাহায্য পান রাজ্যের মহিলারা। মমতার দেখানো পথে হেঁটেছে একাধিক রাজ্য। এবার মমতা বন্দ্যোপাধ্যায়ের লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে আদলেই পাঞ্জাবেও মহিলাদের প্রতি মাসে আর্থিক সাহায্যের কথা ঘোষণা করল আম আদমি পার্টির সরকার।
শনিবার বিধানসভায় বাজেট পেশ করতে গিয়ে অর্থমন্ত্রী হরপাল সিং চিমা ঘোষণা করেন, ‘মুখ্যমন্ত্রী মাওয়ান ধিয়ান সাতিকার যোজনা’ প্রকল্পের মাধ্যমে পাঞ্জাবের ১৮ উর্দ্ধ মহিলারা প্রতি মাসে ১০০০ টাকা করে পাবেন। তফসিলি জাতির মহিলারা পাবেন মাসে দেড় হাজার টাকা করে।’
Advertisement
২০২২-এ পাঞ্জাব বিধানসভা নির্বাচনের প্রচারে আম আদমি পার্টি প্রতিশ্রুতি দিয়েছিল, ক্ষমতায় এলে তারা প্রতি মাসে মহিলাদের আর্থিক সাহায্য করবে। ওই প্রতিশ্রুতির উপর ভর করেই নির্বাচনে জেতে আপ। সরকার গঠনের চার বছর বাদে সেই প্রকল্প শুরু করায় আপ সরকারকে তোপ দেগেছে বিরোধীরা। পাঞ্জাবের মুখ্যমন্ত্রী ভগবন্ত সিং মানকে কটাক্ষ করে বিজেপি বলেছে, এক বছরের মধ্যেই পাঞ্জাবে বিধানসভার নির্বাচন। তার আগে এই প্রকল্প ঘোষণা করে ভোটে জিততে চাইছে আপ। কংগ্রেসের কটাক্ষ, চার বছর পর মুখ্যমন্ত্রীর প্রতিশ্রুতির কথা মনে পড়ল। ভোট আসছে বলেই এই ঘোষণা।
Advertisement
তবে বিরোধীদের কটাক্ষকে আমল দিতে নারাজ পাঞ্জাবের অর্থমন্ত্রী। হরপাল সিং সাফ জানিয়েছেন, এই প্রকল্পের মাধ্যমে রাজ্যের সব মহিলা প্রতি মাসে আর্থিক সাহায্য পাবেন। যে মহিলাদের নাম অন্যান্য সামাজিক প্রকল্পে নথিভুক্ত রয়েছে এবং তাঁরা আর্থিক সাহায্য পান, তাঁরাও ‘মুখ্যমন্ত্রী মাওয়ান ধিয়ান সাতিকার যোজনা’য় প্রতি মাসে টাকা পাবেন। একই সঙ্গে ‘মুখ্যমন্ত্রী সেহাত যোজনা’ প্রকল্পের মাধ্যমে এবার থেকে প্রত্যেক পরিবার বছরে চিকিৎসার জন্য ১০ লক্ষ টাকা করে পাবেন।
Advertisement



