• facebook
  • twitter
  • youtube
Sunday, 30 August, 2026

পাঞ্জাবের দাপুটে আপ নেতাকে গুলি করে খুন, মোটরবাইকের পিছনে ধাওয়া করে হত্যা

এরপর গুলিবিদ্ধ হয়ে রাস্তায় লুটিয়ে পড়েন গুরপ্রীত। তখন আশঙ্কাজনক অবস্থায় তাঁকে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন

পাঞ্জাবের দাপুটে আপ নেতাকে গুলি করে খুন, মোটরবাইকের পিছনে ধাওয়া করে হত্যা

AAP Leader Murder Photo-SNS

হাতে গোনা আর কয়েক মাস পরই পাঞ্জাবে বিধানসভা নির্বাচন। আর তার আগেই নৃশংসভাবে খুন হলে গেলেন আম আদমি পার্টির নেতা গুরপ্রীত সিং গোপি। শনিবার রাতে পাঞ্জাবের মামদোটে গুরপ্রীতকে গুলি করে খুন করা হয় বলে অভিযোগ উঠেছে। কয়েকজন দুষ্কৃতী এই খুনের পিছনে রয়েছে বলে খবর। পুলিশের প্রাথমিক অনুমান, এই খুনের নেপথ্যে পুরনো বিবাদ এবং নির্বাচনকেন্দ্রিক বিরোধ আছে। এই দুই কারণকে এখন খতিয়ে দেখা হচ্ছে। ইতিমধ্যেই এই খুনের ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

পুলিশ সূত্রে খবর, নিহত আপ নেতার নাম গুরপ্রীত সিং গোপী। শনিবার রাতে তিনি তাঁর এক বন্ধুর সঙ্গে মোটরবাইকে করে যাচ্ছিলেন। তাঁদের আরও কয়েকজন বন্ধু একটি গাড়িতে ছিল। ঠিক তখন রাতের অন্ধকারের সুযোগ নিয়ে গুরপ্রীতদের মোটরবাইকের পিছনে ধাওয়া করতে থাকে অন্য একটি চাকচাকার গাড়ি। ওই গাড়িতেই ছিল হামলাকারীরা। মোটরবাইকের কাছাকাছি এসেই গুরপ্রীতকে লক্ষ্য করে এলোপাথাড়ি গুলি চালায় দুষ্কৃতীরা। আর গুলির আঘাতে ঘটনাস্থলেই মৃত্যু হয় আপ নেতার। এমনকী গুরপ্রীতের বন্ধুদের চারচাকার গাড়িটিকেও লক্ষ্য করে গুলি চালায় দুষ্কৃতীরা বলে অভিযোগ।

এরপর গুলিবিদ্ধ হয়ে রাস্তায় লুটিয়ে পড়েন গুরপ্রীত। তখন আশঙ্কাজনক অবস্থায় তাঁকে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন। পরিবার সূত্রে খবর, গুরপ্রীতদের মোটরবাইকের পিছনে একটি গাড়িতে তাঁদের কয়েকজন বন্ধুও যাচ্ছিলেন। হামলাকারীরা ওই গাড়িকেও লক্ষ্য করে গুলি চালায় বলে অভিযোগ। ফলে এই হামলার ঘটনায় আরও কয়েকজনের নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠে গিয়েছে। গোটা ঘটনা খতিয়ে দেখছেন তদন্তকারীরা। হত্যাকারীদের গ্রেপ্তারের জন্য একাধিক পুলিশের দল গঠন করা হয়েছে। শুরু হয়েছে নানা জায়গায় তল্লাশি।

পুলিশ সূত্রে খবর, এই খুনের মূল অভিযুক্তের বিরুদ্ধে অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগ রয়েছে এবং তার অপরাধের ইতিহাসও আছে। মামদোটের এই ঘটনায় পাঞ্জাবের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে আর একবার প্রশ্ন উঠে গেল। একইসঙ্গে হামলার নেপথ্যে নির্বাচনকেন্দ্রিক বিরোধের অভিযোগ সামনে আসায় বিষয়টি গভীর উদ্বেগের সৃষ্টি করেছে। গুরপ্রীতের দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। কী কারণে গুরপ্রীতকে খুন করা হলো সেটা এখনও স্পষ্ট নয়। তবে প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, পুরনো শত্রুতার জেরেই এই খুনের ঘটনা ঘটেছে। এই বিষয়ে পুলিশ সুপার ভূপিন্দর সিং সিধু বলেন, ‘দু’পক্ষের মধ্যে দীর্ঘদিনের বিবাদ ছিল। হামলাকারীদের শনাক্ত করা হয়েছে। শীঘ্রই তাদের গ্রেপ্তার করা হবে।’