কর্ণাটকে অনুর্ধ ১৬-দের জন্য নিষিদ্ধ হচ্ছে সমাজমাধ্যম। শুক্রবার বিধানসভায় রাজ্যের বাজেট পেশ করতে গিয়ে এই কথা জানিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী সিদ্দারামাইয়া। মুখ্যমন্ত্রী বলেন, ‘শিশুদের অতিরিক্ত মোবাইল ফোন ব্যবহারের প্রবণতা কমাতেই এই উদ্যোগ।’ এই নিয়ম কার্যকর হলে কর্ণাটকই হবে দেশের প্রথম রাজ্য যেখানে শিশুদের সমাজমাধ্যম ব্যবহারে নিষেধাজ্ঞা আরোপ হতে চলেছে। উল্লেখ্য, অস্ট্রেলিয়া, ফ্রান্সের মতো কিছু দেশ আগেই সমাজমাধ্যম ব্যবহারে বয়সের বিধিনিষেধ চালু করেছে।
মোবাইল ফোনের মাত্রাতিরিক্ত আসক্তি শিশু-কিশোরদের উপর বিরূপ প্রভাব ফেলছে বলে বারেবারে জানিয়েছেন চিকিৎসক ও মনোবিদরা। বিশেষজ্ঞরা জানিয়েছেন, ঘণ্টার পর ঘণ্টা মোবাইলের স্ক্রিনের দিকে তাকিয়ে থাকার ফলে শিশুদের মধ্যে পড়াশোনায় মনোযোগ কমছে। তাদের আচরণ বদলে যাচ্ছে। এমনকী, বিভিন্ন মানসিক সমস্যাও দেখা দিচ্ছে। কর্ণাটকের মুখ্যমন্ত্রী সিদ্দারামাইয়া বিশেষজ্ঞদের এই মতামতকে বিশেষ গুরুত্ব দিয়েছেন। মুখ্যমন্ত্রী বিধানসভায় বলেন, মোবাইলের অনিয়ন্ত্রিত ব্যবহার অত্যন্ত গুরুতর একটি সামাজিক সমস্যা।
Advertisement
মোবাইল ফোনের অনিয়ন্ত্রিত ব্যবহারই শিশু ও কিশোরদের মধ্যে সমাজমাধ্যমের প্রতি আসক্তি তৈরি করেছে। সমাজমাধ্যমে যে শুধু ভালো জিনিস আসে তা নয়। অনেক ক্ষতিকর জিনিসও সামনে আসে। সেই সমস্ত ক্ষতিকর জিনিসের প্রভাবে শৈশব, কৈশোর বদলে যাচ্ছে। তাই শিশুদের উপর অতিরিক্ত মোবাইল ব্যবহারের বিরূপ প্রভাব ঠেকাতে ১৬ বছরের কমবয়সিদের জন্য সমাজমাধ্যম ব্যবহার নিষিদ্ধ করা হবে।
Advertisement
এই সিদ্ধান্ত নেওয়ার আগে তিনি বিশেষজ্ঞদের সঙ্গে বিস্তারিত আলোচনা করেছেন বলেও মুখ্যমন্ত্রী জানান। সূত্রের খবর, শিক্ষা প্রতিষ্ঠানগুলিতে এই ধরনের নিষেধাজ্ঞা কীভাবে কার্যকর করা যায়, তা জানার জন্য বিশেষজ্ঞ ও বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের উপাচার্যদের থেকে মতামত চেয়েছে সিদ্দারামাইয়া সরকার।
বর্তমানে ভারতের কোনও রাজ্যেই সমাজমাধ্যম ব্যবহারের ক্ষেত্রে বয়সের বাধা নেই। সূত্রের খবর, কর্ণাটকের মতোই একই ধরনের পরিকল্পনা রয়েছে গোয়া এবং অন্ধ্রপ্রদেশ সরকারের। সম্ভবত ১৬ বছরের কম বয়সিদের জন্য এই দুই রাজ্যেও শীঘ্রই সমাজমাধ্যম ব্যবহার নিষিদ্ধ হতে পারে। কেন্দ্রীয় সরকারও বিষয়টি নিয়ে ভাবনাচিন্তা করছে বলে খবর। কেন্দ্রীয় তথ্যপ্রযুক্তি ও সম্প্রচারমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব জানিয়েছেন, বয়সভিত্তিক বিধিনিষেধ নিয়ে সমাজমাধ্যম প্ল্যাটফর্মগুলির সঙ্গে সরকার আলোচনা চালাচ্ছে।
Advertisement



