• facebook
  • twitter
Friday, 13 March, 2026

রাশিয়া থেকে আরও ৩০ মিলিয়ন ব্যারেল তেল কিনছে ভারত

রাশিয়ার তেল কেনার বিষয়ে ‘ছাড়’ দেওয়ার সিদ্ধান্ত প্রকাশ্যে আসার পর আমেরিকার মধ্যেই সমালোচনার মুখে পড়ে ট্রাম্প প্রশাসন।

প্রতীকী চিত্র

পশ্চিম এশিয়া জুড়ে চলা সংঘাতের জেরে এবং হরমুজ প্রণালীতে উত্তেজনার কারণে জ্বালানি সরবরাহ নিয়ে উদ্বেগ বাড়ছে। এরই মধ্যে রাশিয়া থেকে অতিরিক্ত তেল কিনতে চলেছে ভারত। সূত্রের খবর, মস্কোর কাছ থেকে অতিরিক্ত ৩০ মিলিয়ন ব্যারেল অপরিশোধিত তেল কিনতে চলেছে নরেন্দ্র মোদী সরকার। এর ফলে রাশিয়া থেকে ভারতের তেল আমদানি প্রায় ৫০ শতাংশ পর্যন্ত বৃদ্ধি পেতে পারে বলে মনে করা হচ্ছে।

কয়েক দিন আগেই ডোনাল্ড ট্রাম্প প্রশাসন রাশিয়ার তেল কেনার ক্ষেত্রে ভারতকে ৩০ দিনের একটি ‘ছাড়’ দেওয়ার কথা ঘোষণা করেছিল। মনে করা হচ্ছে সেই সুযোগই কাজে লাগাচ্ছে দিল্লি। ইরান যুদ্ধের আবহে হরমুজ প্রণালীতে আটকে থাকা তেলবাহী জাহাজ গুলিতে হামলা চালাচ্ছে তেহরান। এর ফলে ওই প্রণালী এবং মধ্যপ্রাচ্যের বিভিন্ন বন্দরে ভারতমুখী বহু তেল ও পণ্যবাহী জাহাজ আটকে পড়েছে।

Advertisement

উল্লেখযোগ্য, ভারতের মোট অপরিশোধিত তেল ও প্রাকৃতিক গ্যাসের প্রায় ৪০ শতাংশই আসে হরমুজ প্রণালী দিয়ে। তাই সরবরাহে সম্ভাব্য বিঘ্ন এড়াতে বিকল্প পথ খুঁজছে দিল্লি।
মনে করা হচ্ছে, আন্তর্জাতিক জলসীমায় থাকা রুশ তেলবাহী জাহাজগুলি থেকেই ভারতের জন্য অতিরিক্ত ৩০ মিলিয়ন ব্যারেল তেল সরবরাহ করা হবে।

Advertisement

প্রসঙ্গত, রাশিয়ার তেল কেনার বিষয়ে ‘ছাড়’ দেওয়ার সিদ্ধান্ত প্রকাশ্যে আসার পর আমেরিকার মধ্যেই সমালোচনার মুখে পড়ে ট্রাম্প প্রশাসন। ইউক্রেন যুদ্ধের সময় রাশিয়ার তেলের বাজার বন্ধ করতে উদ্যোগী হয়েছিল ওয়াশিংটনই। তবে মার্কিন প্রশাসন পরে সাফাই দিয়ে জানায়, এটি কোনও আনুষ্ঠানিক অনুমতি নয়, বরং ভারতকে তেল কেনার ক্ষেত্রে একটি অনুরোধমূলক ছাড় দেওয়া হয়েছে।

সরকারি সূত্রে আগেই জানা গিয়েছিল, জ্বালানি সরবরাহ স্বাভাবিক রাখতে প্রায় ৪০টি দেশ থেকে ঘুরপথে তেল আনা হচ্ছে। বর্তমানে ভারতের প্রায় ৬০ শতাংশ জ্বালানি তেলই বিকল্প রুট দিয়ে আসছে। এই পরিস্থিতিতে কেন্দ্রীয় মন্ত্রী পীযূস গোয়েল আশ্বস্ত করে বলেছেন, বিশ্বের বিভিন্ন দেশে জ্বালানি সঙ্কট দেখা দিলেও ভারতে এখনও তেমন পরিস্থিতি তৈরি হয়নি।

Advertisement