• facebook
  • twitter
  • youtube
Sunday, 27 September, 2026

কলকাতায় প্রথম বার আন্তর্জাতিক ফুটবল ম্যাচ, রাশিয়ার বিরুদ্ধে জোড়া লড়াইয়ে নামছে ভারতের মেয়েরা

১৮ সেপ্টেম্বর থেকেই কলকাতায় প্রস্তুতি শুরু করেছে ভারতীয় দল। ম্যাচের কাছাকাছি সময়ে চূড়ান্ত দল ঘোষণা করবেন ছেত্রী

কলকাতায় প্রথম বার আন্তর্জাতিক ফুটবল ম্যাচ, রাশিয়ার বিরুদ্ধে জোড়া লড়াইয়ে নামছে ভারতের মেয়েরা

India Women Photo-SNS

আনোয়ার আলিদের ব্রাজিল, উরুগুয়ে পর্ব মিটে গেলে কলকাতায় প্রথম বার আন্তর্জাতিক ম্যাচ খেলতে নামবে ভারতীয় মহিলা ফুটবল দল। রাশিয়ার বিরুদ্ধে দু’টি প্রীতি ম্যাচ খেলবে তারা। ফিফার মহিলা আন্তর্জাতিক উইন্ডোয় এই দুই ম্যাচ ভারতীয় মহিলা ফুটবলের ইতিহাসে নতুন এক অধ্যায়ের সূচনা করল।

আগামী ৮ এবং ১১ অক্টোবর কিশোর ভারতী ক্রীড়াঙ্গনে এই দুই ম্যাচ হবে। জুনে রেকর্ড ষষ্ঠ বার সাফ মহিলা চ্যাম্পিয়নশিপ জেতার পর এটাই ভারতের প্রথম আন্তর্জাতিক ম্যাচ। র‌্যাঙ্কিংয়ে ভারত রয়েছে ৬৯ নম্বরে। সেখানে রাশিয়া ২৭ নম্বরে। অর্থাৎ ইউরোপের শক্তিশালী প্রতিপক্ষের বিরুদ্ধে নিজেদের পরথ করার বড় সুযোগ পাচ্ছে ভারত।

বাংলাতেও দশ বছর পর ফিরছে ভারতীয় মহিলা ফুটবল দল। ২০১৬-য় সাফ মহিলা চ্যাম্পিয়নশিপের পর এই প্রথম বাংলায় খেলবে তারা। শেষ বার শিলিগুড়িতে হয়েছিল সাফ চ্যাম্পিয়নশিপ এবং চ্যাম্পিয়ন হয়েছিল ভারত। কলকাতায় অবশ্য এই প্রথম সিনিয়র মহিলা জাতীয় দলের আন্তর্জাতিক ম্যাচ হতে চলেছে।

রাশিয়ার সঙ্গে ভারতের শেষ দেখা হয়েছিল ২০২৫-এর পিঙ্ক লেডিজ কাপে। সেই ম্যাচে ০-২ হেরেছিল ভারত। তার আগে ২০২১ টার্কিশ উইমেন্স কাপে রাশিয়ার কাছে ০-৮ গোলে হেরেছিল তারা। সব মিলিয়ে দুই দলের আগের দু’টি সাক্ষাতেই জিতেছে রাশিয়া। অক্টোবরের ম্যাচে ঘরের মাঠে বদলা নেওয়ার সুযোগ ভারতের সামনে।

ভারতীয় মহিলা দলের কোচ ক্রিসপিন ছেত্রী মনে করছেন, রাশিয়ার মতো দলের বিরুদ্ধে ম্যাচগুলি ভবিষ্যতের জন্য গুরুত্বপূর্ণ। তাঁর কথায়, ‘শক্তিশালী প্রতিপক্ষের বিরুদ্ধে খেলা সব সময়ই দলের উন্নতির জন্য গুরুত্বপূর্ণ। দুবাইয়ে পিঙ্ক লেডিজ কাপে আমরা রাশিয়ার বিরুদ্ধে খেলেছি এবং ০-২ হেরেছিলাম। এ বারও শক্তিশালী একটি দলের বিরুদ্ধে নিজেদের পরীক্ষা করার সুযোগ পাব’।

১৮ সেপ্টেম্বর থেকেই কলকাতায় প্রস্তুতি শুরু করেছে ভারতীয় দল। ম্যাচের কাছাকাছি সময়ে চূড়ান্ত দল ঘোষণা করবেন ছেত্রী।

কলকাতায় খেলার সুযোগ নিয়েও উচ্ছ্বসিত ভারতীয় কোচ। তাঁর কথায়, ‘কলকাতায় এই ম্যাচগুলি হওয়া খেলোয়াড়দের জন্য বড় সুযোগ। রাশিয়ার মতো ভাল দলের বিরুদ্ধে খেলার পাশাপাশি, আশা করি আমরা ভাল দর্শকের সামনেও খেলতে পারব’।

রাশিয়ার সঙ্গে এই দুই ম্যাচ তাই শুধু আন্তর্জাতিক প্রীতি ম্যাচ নয়, কলকাতার মাটিতে ভারতীয় মহিলা ফুটবলের নতুন যাত্রারও সূচনা।