• facebook
  • twitter
Sunday, 19 April, 2026

বাংলাদেশে ভারতের রাষ্ট্রদূত হতে চলেছেন দীনেশ ত্রিবেদী

দীনেশ ত্রিবেদীর বিশেষত্ব হল তাঁর বাংলা ভাষায় দক্ষতা এবং দুই বাংলার সংস্কৃতি সম্পর্কে গভীর জ্ঞান

পশ্চিমবঙ্গের প্রবীণ রাজনীতিবিদ দীনেশ ত্রিবেদীকে বাংলাদেশে ভারতের পরবর্তী রাষ্ট্রদূত (হাই কমিশনার) হিসেবে পাঠানোর সিদ্ধান্ত কার্যত চূড়ান্ত করেছে কেন্দ্র। সবকিছু পরিকল্পনা অনুযায়ী এগোলে, পশ্চিমবঙ্গের চলতি ভোটপর্ব শেষ হওয়ার পরই এই নিয়োগ সংক্রান্ত সরকারি প্রক্রিয়া শুরু হবে বলে জানা যাচ্ছে। কেন্দ্রীয় সরকারের উচ্চপর্যায়ে দীর্ঘ আলোচনা ও বিবেচনার পরই এই গুরুত্বপূর্ণ কূটনৈতিক দায়িত্বের জন্য তাঁকে বেছে নেওয়া হয়েছে।

বর্তমানে বাংলাদেশে ভারতের রাষ্ট্রদূত হিসেবে দায়িত্বে রয়েছেন প্রণয় বর্মা। সূত্রের খবর, তাঁকে বেলজিয়ামে পাঠানো হতে পারে এবং তাঁর স্থলাভিষিক্ত হবেন ত্রিবেদী। যদিও এখনও আনুষ্ঠানিক ঘোষণা হয়নি, তবে বিষয়টি এখন চূড়ান্ত পর্যায়ে রয়েছে।

Advertisement

বাংলাদেশের সাম্প্রতিক রাজনৈতিক প্রেক্ষাপটে এই সিদ্ধান্ত বিশেষ তাৎপর্যপূর্ণ। শেখ হাসিনার ক্ষমতাচ্যুতির পর মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকার গঠিত হয়। সেই সময় থেকে ভারত-বাংলাদেশ সম্পর্ক কিছুটা টানাপোড়েনের মধ্য দিয়ে যাচ্ছিল। গত ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচনের পর বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ক্ষমতায় আসে এবং তারেক রহমান প্রধানমন্ত্রী হন। বর্তমানে দুই দেশের সম্পর্ক আরও মসৃণ করার জন্য উভয় পক্ষ থেকেই উদ্যোগ নেওয়া হচ্ছে, আর সেই প্রক্রিয়ায় ত্রিবেদীর ভূমিকা গুরুত্বপূর্ণ হতে পারে বলে মনে করছে কেন্দ্র।

Advertisement

দীনেশ ত্রিবেদীর বিশেষত্ব হল তাঁর বাংলা ভাষায় দক্ষতা এবং দুই বাংলার সংস্কৃতি সম্পর্কে গভীর জ্ঞান। রবীন্দ্রনাথ ঠাকুর ও কাজী নজরুল ইসলাম-এর সাহিত্য ও সাংস্কৃতিক ঐতিহ্য সম্পর্কে তাঁর সুগভীর ধারণা রয়েছে। পাশাপাশি তিনি একজন দক্ষ সেতারবাদকও। ফলে কূটনৈতিক সম্পর্কের পাশাপাশি সাংস্কৃতিক সেতুবন্ধন তৈরিতেও তিনি কার্যকর ভূমিকা নিতে পারবেন বলে মনে করা হচ্ছে।

গুজরাতি পরিবারে জন্ম হলেও ত্রিবেদীর শিক্ষাজীবন ও রাজনৈতিক উত্থান মূলত পশ্চিমবঙ্গেই। সেন্ট জেভিয়ার্স থেকে স্নাতক হওয়ার পর তিনি বিদেশে এমবিএ সম্পন্ন করেন। আশির দশকে ভারতীয় জাতীয় কংগ্রেসে রাজনৈতিক জীবন শুরু করে পরে জনতা দলে যোগ দেন। ১৯৯৮ সালে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে তৃণমূল কংগ্রেস গঠিত হলে তিনি সেই দলের প্রথম সাধারণ সম্পাদক হন।

পরবর্তীতে তিনি কেন্দ্রীয় মন্ত্রী হিসেবেও দায়িত্ব পালন করেছেন মনমোহন সিংয়ের মন্ত্রিসভায়। যদিও পরবর্তী সময়ে তৃণমূলের সঙ্গে দূরত্ব তৈরি হয় এবং ২০২১ সালে তিনি বিজেপিতে যোগ দেন। বর্তমানে বিজেপির সঙ্গেই যুক্ত রয়েছেন তিনি। সব কিছু ঠিকঠাক থাকলে, শীঘ্রই এক বাংলার রাজনীতি থেকে উঠে এসে আর এক বাংলায় কূটনৈতিক দায়িত্বে নতুন অধ্যায় শুরু করতে চলেছেন দীনেশ ত্রিবেদী।

Advertisement