• facebook
  • twitter
  • youtube
Saturday, 3 October, 2026

সপ্তমীর দিন রাজ্যে আসবেন প্রধানমন্ত্রী! দুর্গাপুজোয় কলকাতায় নানা কর্মসূচি মোদীর

অন্যদিকে ১০ অক্টোবর মহালয়া। সেদিন ইডেন গার্ডেন্সে বড় অনুষ্ঠান রয়েছে। এখনও পর্যন্ত যা খবর তাতে চক্ষুদানের অনুষ্ঠান হবে। তার

সপ্তমীর দিন রাজ্যে আসবেন প্রধানমন্ত্রী! দুর্গাপুজোয় কলকাতায় নানা কর্মসূচি মোদীর

PM Modi Photo-SNS

মহালয়ায় রাজ্যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আসছেন না সেটা ইতিমধ্যেই সকলে জেনে গিয়েছেন। মহালয়ার দিন বড় অনুষ্ঠান রয়েছে পশ্চিমবঙ্গে। সেখানে আসতে পারছেন না প্রধানমন্ত্রী বলে নবান্ন সূত্রে খবর। কিন্তু দুর্গাপুজোর মধ্যেই মহাসপ্তমীর দিন নরেন্দ্র মোদী কলকাতার মাটিতে থাকবেন বলে জানা যাচ্ছে। যদিও এই নিয়ে সরকারিভাবে এখনও কিছু জানানো হয়নি। দেবীপক্ষের সূচনাতেই ইডেন গার্ডেন্সে বর্ণাঢ্য অনুষ্ঠানে যোগ দিচ্ছেন না প্রধানমন্ত্রী। এই খবর পাওয়ার পর অনেকেরই মন খারাপ হয়েছিল। তাই এবার সপ্তমীর দিন রাজ্যে আসবেন প্রধানমন্ত্রী বলে সূত্রের খবর। এমনকী মহাষ্টমীর দিন বেলুড় মঠে যেতে পারেন মোদী। সেখানে কুমারী পুজো দেখবেন এবং অঞ্জলি দেবেন বলে খবর মিলেছে।

এদিকে বিজেপির পক্ষ থেকে এখনও জানানো হয়নি প্রধানমন্ত্রী পশ্চিমবঙ্গে দুর্গাপুজোর সময় থাকবেন। তবে একটি সূত্রে এই খবর মিলেছে। প্রধানমন্ত্রী আগে কখনও এসে স্বচক্ষে পশ্চিমবঙ্গের দুর্গাপুজো দেখেননি। এবার রাজ্যে ডবল ইঞ্জিন সরকার তৈরি হয়েছে। তাই রাজ্যের মানুষকে শুভেচ্ছা জানাতে এবং দুর্গাপুজোয় সামিল হতেই এই সূচি বদল করা হয়েছে বলে সূত্রের খবর। নিজের চোখে দুর্গাপুজো দেখা এবং তাতে মেতে উঠতেই এমন সফর বলে মনে করা হচ্ছে। বাংলা ও বাঙালির সঙ্গে একাত্ম হতে চান প্রধানমন্ত্রী বলে জানা গিয়েছে।

অন্যদিকে ১০ অক্টোবর মহালয়া। সেদিন ইডেন গার্ডেন্সে বড় অনুষ্ঠান রয়েছে। এখনও পর্যন্ত যা খবর তাতে চক্ষুদানের অনুষ্ঠান হবে। তার মধ্যে দিয়েই সূচনা হবে এবারের দুর্গাপুজো। একটা রোড-শো হওয়ার কথা আছে। আর তার জন্য আলোকসজ্জায় সেজে উঠবে রেড রোড। দুর্গাপুজোর শোভাযাত্রায় থাকবে ২৩টি জেলার ২৩ ধরনের নৃত্যকলা। সেখানে তুলে ধরা হবে বাংলার সাংস্কৃতিক ঐতিহ্যকে। ইডেনে এক হাজার মহিলার উলুধ্বনি হবে। বাজবে ১০ হাজার ঢাক। প্রধানমন্ত্রী এলে এটা হবে বলে ঠিক হয়েছিল। কিন্তু প্রধানমন্ত্রী না এলেও সেটা হবে বলেই মনে করা হচ্ছে। কারণ এই অনুষ্ঠান বাতিল হয়নি। প্রধানমন্ত্রীর বদলে মহালয়ার দিন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ থাকবেন বলে জানা গিয়েছে।

তাছাড়া রাজ্য সরকারের প্রতিনিধিরা কদিন আগে বৈঠকে বসেছিলেন সিএবি কর্তাদের সঙ্গে। সেখানেই নাকি রাজ্য সরকারের পক্ষ থেকে জানিয়ে দেওয়া হয়েছে, মহালয়ার দিন আসবেন না প্রধানমন্ত্রী। এই তথ্য সূত্র মারফত মিলেছে। তার বদলে মহাসপ্তমীর দিন পশ্চিমবঙ্গে পা রাখবেন প্রধানমন্ত্রী বলে জানা যাচ্ছে। যদিও পিএমও থেকে এখনও সরকারিভাবে এই সূচি নিয়ে কোনও তথ্য দেওয়া হয়নি।