• facebook
  • twitter
  • youtube
Saturday, 6 June, 2026

পাঞ্জাবে পুলিশি অভিযানে গুলিবিদ্ধ হয়ে মৃত্যু যুবকের, এলাকায় তীব্র উত্তেজনা

পুলিশের দাবি, গুলি চলাকালীন লাভপ্রীতের কোমরে দুটি গুলি লাগে।

পাঞ্জাবে পুলিশি অভিযানের সময়ে গুলিবিদ্ধ হয়ে মৃত্যু হল এক যুবকের। ঘটনাটি ঘটেছে পাঞ্জাবের জলন্ধর জেলার বাঙ্গিওয়াল গ্রামে। মৃত যুবকের নাম লাভপ্রীত সিং(২২)। গোটা ঘটনাকে ঘিরে বাঙ্গিওয়াল গ্রামে ইতিমধ্যেই তীব্র উত্তেজনা ছড়িয়েছে। ঘটনাকে ঘিরে পুলিশ এবং মৃতের পরিবারের বক্তব্যে বড় ধরনের অসঙ্গতি সামনে এসেছে বলে জানা গিয়েছে।

পুলিশ সূত্রের খবর, শুক্রবার সন্ধ্যায় মেহতপুর থানার স্টেশন হাউস অফিসার অমন সাইনির নেতৃত্বে একটি দল লাভপ্রীত সিংয়ের বাড়িতে অভিযান চালায়। পুলিশের দাবি, চলতি বছরে একটি খুনের চেষ্টা মামলায় অভিযুক্ত ছিলেন লাভপ্রীত। তিনি গত চার মাস ধরে পলাতক ছিলেন।

জলন্ধর গ্রামীণ জেলার সিনিয়র সুপারিনটেনডেন্ট অব পুলিশ হরবিন্দর সিং বির্ক জানিয়েছেন, অভিযানের সময় পুলিশকে বাধার মুখে পড়তে হয়েছিল। তাঁর দাবি, লাভপ্রীতের পরিবারের সদস্য ও আত্মীয়রা লাঠি ও পাথর নিয়ে পুলিশের উপরে হামলা চালায়। পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যাওয়ায় পুলিশ আত্মরক্ষার জন্য গুলি চালাতে বাধ্য হয়।

পুলিশের দাবি, গুলি চলাকালীন লাভপ্রীতের কোমরে দুটি গুলি লাগে। গুরুতর আহত অবস্থায় তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরে সেখানেই তাঁর মৃত্যু হয়। ঘটনায় অমন সাইনি এবং কনস্টেবল সুখবিন্দর সিংও আহত হয়েছেন বলে পুলিশ জানিয়েছে। এছাড়াও লাভপ্রীতের বিরুদ্ধে আরও চারটি অপরাধমূলক মামলা ছিল বলেও দাবি পুলিশের।

তবে মৃতের পরিবার পুলিশের এই বক্তব্য সম্পূর্ণভাবে অস্বীকার করেছে। লাভপ্রীতের কাকা জসওয়ন্ত সিং অভিযোগ করেছেন, সন্ধ্যা প্রায় ৭টা ১৫ মিনিট নাগাদ পুলিশ বাড়িতে এসে পরিবারের সদস্যদের মারধর শুরু করে। পরিবারের লোকজন প্রতিবাদ করলে পুলিশ নির্বিচারে তাঁদের উপরে গুলি চালায়। পরিবারের দাবি, শুধু লাভপ্রীতকে লক্ষ্য করেই নয়, পুলিশ এলাকার মানুষকে ভয় দেখিয়ে আকাশে গুলি ছোড়ে।

এদিকে, ঘটনার কয়েকটি ভিডিও ইতিমধ্যেই সমাজমাধ্যমে ছড়িয়ে পড়েছে। স্থানীয় বাসিন্দাদের তোলা ওই ভিডিওগুলিতে পুলিশ ও পরিবারের সদস্যদের মধ্যে ধস্তাধস্তির ছবি ফুটে উঠেছে বলে জানা গিয়েছে। এই ঘটনায় বিভিন্ন মহল থেকে নিরপেক্ষ তদন্তের দাবি উঠেছে।