• facebook
  • twitter
Thursday, 2 April, 2026

প্রার্থীপদ নিয়ে জট কাটল স্বপ্নার অবশেষে চাকরি থেকে বরখাস্ত করল রেল

রেলের এই সিদ্ধান্ত সামনে আসতেই এক মুহূর্ত দেরি না করে সোমবার সকালেই নির্বাচনী প্রচারে নেমে পড়েন স্বপ্না। সঙ্গে ছিলেন দলের নেতা কৃষ্ণ দাস ও খগেশ্বর রায়।

প্রতিনিধিত্বমূলক চিত্র

বিধানসভা নির্বাচনে স্বপ্না বর্মনের প্রার্থীপদ নিয়ে অবশেষে জট কাটল। সোমবার রেলের তরফে সোনাজয়ী অ্যাথলিট স্বপ্না বর্মনকে চাকরি থেকে বরখাস্ত করা হয়েছে। আলিপুরদুয়ার রেলওয়ে ডিভিশনের তরফে এই সিদ্ধান্তের কথা জানানো হয়েছে। তার ফলে স্বপ্না বর্মনের প্রার্থীপদ নিয়ে আর কোনও বাধা রইল না। রেলের এই সিদ্ধান্ত সামনে আসতেই এক মুহূর্ত দেরি না করে সোমবার সকালেই নির্বাচনী প্রচারে নেমে পড়েন স্বপ্না। সঙ্গে ছিলেন দলের নেতা কৃষ্ণ দাস ও খগেশ্বর রায়।

রাজনৈতিক ময়দানে আত্মপ্রকাশের পর থেকেই রেলের চাকরি নিয়ে বিতর্কে জড়িয়েছিলেন স্বপ্না। তৃণমূল কংগ্রেসের প্রার্থীতালিকা প্রকাশের পরেই স্বপ্নার বিরুদ্ধে শৃঙ্খলাভঙ্গের অভিযোগ আনে রেল কর্তৃপক্ষ। স্বপ্নার তরফে চাকরিতে ইস্তফা দিলেও প্রথমে তাঁকে অনুমতি দেওয়া হয়নি। পরে কলকাতা হাইকোর্টের জলপাইগুড়ি সার্কিট বেঞ্চের তরফে নির্দেশ দেওয়া হয় যে, ৩০ মার্চের মধ্যে রেলকে তাদের সিদ্ধান্ত জানাতে হবে। আদালতের নির্দেশ অনুযায়ী, সোমবার চাকরি থেকে স্বপ্নাকে বরখাস্ত করল রেল।

Advertisement

গত ২৭ ফেব্রুয়ারি কলকাতায় তৃণমূলের দপ্তরে এসে আনুষ্ঠানিকভাবে তৃণমূলে যোগদান করেন অ্যাথলিট স্বপ্না বর্মন। তৃণমূলে যোগদানের পর গত ১৬ মার্চ তিনি চাকরি ছাড়ার আবেদন করেন। কিন্তু তার আগেই রেল তাঁর বিরুদ্ধে শোকজ নোটিস জারি করে। এরপরেই আইনি পথে এগোন স্বপ্না বর্মন। সোমবার রেলের তরফে ‘নো ডিউস’ সার্টিফিকেট পেয়েছেন স্বপ্না। তারপরেই তিনি বলেছেন, ‘এখন রেলের তরফে নো ডিউস সার্টিফিকেট পেয়ে গিয়েছি। এখন আর কোনও বাধা নেই। তাই প্রচারে নেমেছি।’ বুধবার রাজগঞ্জে স্বপ্নার হয়ে প্রচারে সভা করবেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। সেই সভাস্থলের প্রস্তুতিও খতিয়ে দেখেন স্বপ্না।

Advertisement

Advertisement