• facebook
  • twitter
  • youtube
Wednesday, 17 June, 2026

রাত পোহালেই জয়েন্টের ফল প্রকাশ

রাত পোহালেই প্রকাশ হতে চলেছে রাজ্য জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষার ফল। এমনটাই জানানো হয়েছে পশ্চিমবঙ্গ রাজ্য জয়েন্ট এন্ট্রান্স বোর্ডের তরফে।

রাত পোহালেই প্রকাশ হতে চলেছে রাজ্য জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষার ফল। এমনটাই জানানো হয়েছে পশ্চিমবঙ্গ রাজ্য জয়েন্ট এন্ট্রান্স বোর্ডের তরফে। বৃহস্পতিবার দুপুর দেড়টা নাগাদ সাংবাদিক সম্মেলন করে ফলপ্রকাশ করা হবে।

নতুন সরকার গঠনের পরে এটাই ছিল রাজ্যের প্রথম প্রতিযোগিতামূলক পরীক্ষা। রাজ্য সরকারের জয়েন্ট এন্ট্রান্স বোর্ড জানিয়েছিল, চলতি বছরে মোট ১,২০,৮৫৬ জন পরীক্ষার্থী নাম লিখিয়েছিল এই পরীক্ষা দেওয়ার জন্য। ২৬৭টি পরীক্ষাকেন্দ্রে পরীক্ষা হয়েছে। যার মধ্যে রাজ্যের ২৬৪টি কেন্দ্রে, ত্রিপুরার ২টি কেন্দ্রে এবং অসমের একটি কেন্দ্রে পরীক্ষা নেওয়া হয়েছে।

২৪ মে হয়েছিল পরীক্ষা। আর ফল প্রকাশ হচ্ছে ১৮ জুন। অর্থাৎ মাত্র ২৬ দিনের মধ্যেই ফলপ্রকাশ করতে চলেছে রাজ্য জয়েন্ট বোর্ড। বিকেল ৪টে থেকে ওয়েবসাইট থেকে ফলাফল ডাউনলোড করতে পারবেন পরীক্ষার্থীরা।

২০২৫ এ মোট পরীক্ষার্থীর সংখ্যা ছিল ১ লক্ষ ১ হাজার ৬৪৩ জন। তাদের মধ্যে রাজ্যের পরীক্ষার্থী ৭৭ হাজার ৭৯৪ জন এছাড়াও ভিন রাজ্য থেকে ২৩ হাজার ৮৫০ জন পরীক্ষা দেন। রাজ্যের পরীক্ষার্থীদের পাশের হার ছিল ৯৬.৬৪ শতাংশ। রাজ্যের বিভিন্ন বিশ্ববিদ্যালয় এবং শিক্ষাপ্রতিষ্ঠানে ইঞ্জিনিয়ারিং, টেকনোলজি, ফার্মাসি এবং আর্কিটেকচার নিয়ে স্নাতক স্তরে ভর্তি হওয়া যায় এই পরীক্ষায় র‌্যাঙ্কের মাধ্যমে।

প্রতিবারের মত এবারের পরীক্ষাতেও ছিল একাধিক নিয়মাবলী। পরীক্ষা শুরুর ৩০ মিনিট আগে পরীক্ষাকেন্দ্রে যেতে হত। সেই সঙ্গে মোবাইল, ক্যালকুলেটর, স্মার্ট ওয়াচ, ব্লু টুথ ডিভাইস নিয়ে প্রবেশে নিষেধাজ্ঞা ছিল। কোনোরকম অসৎ কাজ পরীক্ষাকেন্দ্রে করলে পুরো পরীক্ষা বাতিল হয়ে যাবে এরকম সতর্কতাও আগে থেকে দেওয়া হয়েছিল। কার্যত নিয়মের বেড়াজালে বেঁধে এইবারের পরীক্ষা হয়েছিল।