• facebook
  • twitter
  • youtube
Wednesday, 14 October, 2026

রেজিস্ট্রেশন ছাড়া পশুপাখির ব্যবসা করা যাবে না : হাইকোর্ট

সারা রাজ্যে বেআইনি পশু-পাখির ব্যবসা বন্ধের নির্দেশ কলকাতা হাই কোর্টের। ১৬ সেপ্টেম্বরের নির্দেশ শুধু গ্যালিফ স্ট্রিটের মধ্যে

রেজিস্ট্রেশন ছাড়া পশুপাখির ব্যবসা করা যাবে না : হাইকোর্ট

কলকাতা হাইকোর্ট (File Photo: iStock)

সারা রাজ্যে বেআইনি পশু-পাখির ব্যবসা বন্ধের নির্দেশ কলকাতা হাই কোর্টের। ১৬ সেপ্টেম্বরের নির্দেশ শুধু গ্যালিফ স্ট্রিটের মধ্যে সীমাবদ্ধ নয়, রাজ্যের সর্বত্র তা কার্যকর করতে হবে বলে স্পষ্ট জানিয়ে দিলেন প্রধান বিচারপতি রবীন্দ্র ভি ঘুগে ও বিচারপতি ওম নারায়ণ রায়ের ডিভিশন বেঞ্চ। একই সঙ্গে, এ বিষয়ে অবিলম্বে তৎপর হওয়ার নির্দেশ দেওয়া হয়েছে রাজ্য প্রাণী কল্যাণ পর্ষদকে।

পাখি, মাছ ও পশুর ব্যবসার ক্ষেত্রে রাজ্য সরকারের নির্দিষ্ট নির্দেশিকা রয়েছে। সেই নির্দেশিকা মেনে রাজ্য প্রাণী কল্যাণ পর্ষদের অনুমোদন ও প্রয়োজনীয় নথিভুক্তি না থাকলে এই ব্যবসা করা যাবে না। নির্ধারিত নিয়ম মেনেই ব্যবসায়ীদের অনুমতি নিতে হবে বলে জানানো হয়েছে।

এ দিন কলকাতা হাই কোর্টে রাজ্যের তরফে একটি রিপোর্ট জমা দেওয়া হয়। সেখানে উল্লেখ করা হয়েছে, রাজ্যে পশু-পাখির ব্যবসার জন্য নির্দিষ্ট নির্দেশিকা রয়েছে এবং সেই নিয়ম কার্যকর হচ্ছে কি না, তা দেখভালের দায়িত্ব রাজ্য প্রাণী কল্যাণ পর্ষদের। রিপোর্টের প্রেক্ষিতে গ্যালিফ স্ট্রিট ব্যবসায়ী সমিতির তরফে পাল্টা হলফনামা জমা দেওয়ার অনুমতি চাওয়া হয়। সেই আবেদন মঞ্জুর করেছে আদালত।

এ দিন আদালতবান্ধব অভিযোগ করেন, শ্রীরামপুরেও বেআইনিভাবে পশু-পাখির ব্যবসা চলছে। বিষয়টিতে আদালতের হস্তক্ষেপও দাবি করেন তিনি। সেই অভিযোগের প্রেক্ষিতেই বেআইনি পশু-পাখির ব্যবসা বন্ধে রাজ্যজুড়ে নির্দেশ কার্যকর করার কথা স্পষ্ট করে দেয় হাই কোর্ট। ফলে শুধু গ্যালিফ স্ট্রিট নয়, রাজ্যের অন্যত্রও এই ধরনের ব্যবসার উপর নজরদারি বাড়ানোর দায়িত্ব এখন রাজ্য প্রাণী কল্যাণ পর্ষদের।