• facebook
  • twitter
Thursday, 30 April, 2026

প্রতিযোগিতামূলক পরীক্ষার দুর্নীতি উন্মোচন, নতুন ধারাবাহিক ঘিরে উত্তেজনা

প্রতিযোগিতামূলক পরীক্ষার দুনিয়ার অন্ধকার দিক তুলে ধরছে নতুন তামিল ধারাবাহিক ‘Exam’, যেখানে রহস্য, চাপ এবং মানবিক সংঘাত একসঙ্গে উঠে এসেছে।

প্রতিযোগিতামূলক পরীক্ষার জগতে দীর্ঘদিন ধরে চলে আসা অনিয়ম ও দুর্নীতির চিত্র এবার সামনে আনতে চলেছে একটি নতুন ধারাবাহিকে। প্রাইম ভিডিওতে প্রকাশিত আসন্ন তামিল ধারাবাহিক ‘এক্সাম’-এর ঝলক প্রকাশ্যে আসতেই দর্শকদের মধ্যে কৌতূহল তুঙ্গে উঠেছে।

জাতীয় পুরস্কারপ্রাপ্ত নির্মাতা এ সরকুনমের লেখা ও পরিচালনায় তৈরি এই সাত পর্বের রুদ্ধশ্বাস কাহিনীর কেন্দ্রে রয়েছে ঝাঁসি নামের এক তরুণী। চরিত্রটিতে অভিনয় করেছেন দুশরা বিজয়ন। গল্পে দেখা যাবে, সমাজের সামনে লুকিয়ে থাকা প্রতারণার জাল ফাঁস করতে মরিয়া ঝাঁসি, যার পাশে রয়েছে তার পরামর্শদাতা জয়চন্দ্রন, চরিত্রে আব্বাস।

Advertisement

অন্যদিকে, এই পরিকল্পনাকে ভেস্তে দিতে দৃঢ়প্রতিজ্ঞ এক পুলিশ আধিকারিক মারামল্লি, যার ভূমিকায় রয়েছেন অদিতি বালান। গল্প এগোতে থাকলে এই তিন চরিত্রের জীবনের সংঘাত ও সিদ্ধান্ত কীভাবে একে অপরের সঙ্গে জড়িয়ে পড়ে, সেটাই তুলে ধরা হবে ধারাবাহিকে।

Advertisement

পরিচালক এ. সারকুনম জানিয়েছেন, এই গল্প শুধু পরীক্ষায় দুর্নীতি নয়, তার বাইরেও মানুষের উচ্চাকাঙ্ক্ষা, চাপ এবং সিদ্ধান্তের প্রভাবকে গভীরভাবে তুলে ধরবে। তাঁর মতে, সমাজের বিভিন্ন স্তরের মানুষ এই গল্পের সঙ্গে নিজেদের মিল খুঁজে পাবেন। অভিনেত্রী দুষারা বিজয়ন বলেন, ‘ঝাঁসি চরিত্রে অভিনয় করা আমার জীবনের অন্যতম কঠিন কিন্তু তৃপ্তিদায়ক অভিজ্ঞতা। সে সাহসী, দৃঢ়চেতা এবং নিজের থেকেও বড় এক লক্ষ্য নিয়ে লড়াই করে চলেছে।’

অন্যদিকে, অদিতি বালান জানান, ‘মারামল্লি চরিত্রটি বহুস্তরীয় এবং বাস্তব। নিজের সিদ্ধান্তের ফলের মুখোমুখি হয়ে তাকে ভিতরের দ্বন্দ্ব ও বাইরের চাপ—দুটোর সঙ্গেই লড়তে হয়।’ দীর্ঘদিন পর মূল ধারার তামিল বিনোদন জগতে ফিরছেন আব্বাস। তিনি বলেন, ‘এই গল্পের বিশেষ আকর্ষণ তার নানা বাঁক ও চমক, যা দর্শকদের শেষ পর্যন্ত ধরে রাখবে। আমার চরিত্রটি ঝাঁসির যাত্রায় নতুন মাত্রা যোগ করবে।’

প্রতিযোগিতামূলক পরীক্ষার জগতে ঘটে চলা অনিয়ম ও দুর্নীতির বিষয়টি সাধারণ মানুষের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই ধারাবাহিক সেই বাস্তবতাকেই নাটকীয়ভাবে তুলে ধরতে চলেছে, যা দর্শকদের ভাবতে বাধ্য করবে।

Advertisement