• facebook
  • twitter
  • youtube
Friday, 7 August, 2026

‘প্রশ্নফাঁস খুনের চেয়ে জঘন্য’ বার্তা ছত্তিশগড় হাইকোর্টের

প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস শুধু আইনভঙ্গ নয়, তা লক্ষ লক্ষ তরুণ-তরুণীর ভবিষ্যৎ ধ্বংসের অপরাধ। তাই প্রশ্নফাঁসকে

‘প্রশ্নফাঁস খুনের চেয়ে জঘন্য’ বার্তা ছত্তিশগড় হাইকোর্টের

PIC- X

প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস শুধু আইনভঙ্গ নয়, তা লক্ষ লক্ষ তরুণ-তরুণীর ভবিষ্যৎ ধ্বংসের অপরাধ। তাই প্রশ্নফাঁসকে ‘খুনের চেয়েও জঘন্য অপরাধ’ বলে কড়া পর্যবেক্ষণ করল ছত্তিশগড় হাইকোর্ট। একই সঙ্গে ছত্তিশগড় পাবলিক সার্ভিস কমিশনের (সিজিপিএসসি) প্রশ্নফাঁস মামলায় অভিযুক্ত অবসরপ্রাপ্ত এক আইএএস আধিকারিক এবং কমিশনের প্রাক্তন সচিব জীবন কিশোর ধ্রুবের জামিনের আবেদনও খারিজ করে দিল আদালত।

বিচারপতি বিভু দত্ত গুরুর একক বেঞ্চ জানিয়েছে, একজন মানুষ খুন হলে তার প্রভাব একটি পরিবারের উপর পড়ে। কিন্তু প্রশ্নপত্র ফাঁসের ফলে লক্ষ লক্ষ পরীক্ষার্থীর কেরিয়ার ধ্বংস হয়ে যায়। সমাজের মেধাভিত্তিক ব্যবস্থা ও সরকারি নিয়োগ প্রক্রিয়ার উপর মানুষের আস্থা ভেঙে পড়ে। তাই এই ধরনের অপরাধকে কোনওভাবেই সাধারণ অপরাধ হিসেবে দেখা যায় না।

সিবিআইয়ের অভিযোগ, সরকারি পদে থাকার সুযোগ কাজে লাগিয়ে পরীক্ষার আগে গোপন প্রশ্নপত্র সংগ্রহ করেছিলেন জীবন কিশোর ধ্রুব। পরে সেই প্রশ্নপত্র নিজের ছেলে সুমিত ধ্রুবের হাতে তুলে দেন বলে অভিযোগ। তদন্তকারীদের দাবি, সেই সুবিধা নিয়েই সুমিত ডেপুটি কালেক্টর পদে নির্বাচিত হন। তদন্তে একাধিক গুরুত্বপূর্ণ নথিও উদ্ধার হয়েছে বলে জানানো হয়েছে।

এই পর্যবেক্ষণ এমন এক সময় সামনে এল, যখন দেশজুড়ে নিট-ইউজি প্রশ্নফাঁস ইস্যু নিয়ে বিতর্ক তুঙ্গে। সম্প্রতি নিট-ইউজি প্রশ্নফাঁস মামলার চার্জশিটে সিবিআই জানিয়েছে, ন্যাশনাল টেস্টিং এজেন্সির (এনটিএ) একাধিক বিষয়বিশেষজ্ঞ এই চক্রে জড়িত ছিলেন। ১৩ জনের বিরুদ্ধে নির্দিষ্ট অভিযোগ আনা হয়েছে। তদন্তে উঠে এসেছে, পরীক্ষা শুরুর কয়েক মাস আগেই প্রশ্নফাঁসের ছক কষা হয়েছিল।

এই আবহে ছত্তিশগড় হাইকোর্টের কড়া মন্তব্যকে তাৎপর্যপূর্ণ বলেই মনে করছে আইনমহল। আদালতের স্পষ্ট বার্তা, প্রশ্নফাঁসের মতো অপরাধে জড়িতদের ক্ষেত্রে কোনও রকম নমনীয়তা দেখানো হবে না। কারণ, এই অপরাধের ক্ষত শুধু একজনের নয়, গোটা প্রজন্মের ভবিষ্যতের উপর আঘাত হানে।