BRICS সম্মেলে যোগ দেবেন না বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান (Tarique Rahman), এমন খবর আগেই জানা গিয়েছিল। এবার ঢাকার দাবি, তাঁকে বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসেবে নয়, BIMSTEC-এর চেয়ারম্যান হিসেবে সম্মেলনে আমন্ত্রণ জানানো হয়েছে। এই ঘটনায় দু’দিনের BRICS সম্মেলনে বাংলাদেশের অনুপস্থিতি নিয়ে প্রশ্ন উঠেছে। বাংলাদেশের বিদেশ প্রতিমন্ত্রী হুমায়ুন কবির জানিয়েছেন, সম্মেলনে বাংলাদেশের কোনও সরকারি প্রতিনিধিত্ব থাকবে না।
‘দ্য ডেইলি স্টার’-এর প্রতিবেদন অনুযায়ী, হুমায়ুন কবির জানিয়েছেন, ভারত প্রধানমন্ত্রী তারেক রহমানকে (Tarique Rahman) বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসেবে নয়, BIMSTEC-এর প্রধান হিসেবে BRICS সম্মেলনে আমন্ত্রণ জানানো হয়েছে।
রাষ্ট্রনেতা হিসেবে আমন্ত্রণ নয়, দাবি ঢাকার
২০২৬ সালের BRICS সম্মেলনের আয়োজক ভারত। সম্মেলনে একাধিক দেশের রাষ্ট্রনেতা এবং বিভিন্ন আঞ্চলিক সংগঠনের প্রতিনিধিদের আমন্ত্রণ জানানো হয়েছে। সেই তালিকায় BIMSTEC-এর চেয়ারম্যান হিসেবেই তারেক রহমানকে (Tarique Rahman) আমন্ত্রণ জানানো হয়েছে বলে দাবি বাংলাদেশের।
দ্বিপাক্ষিক সফরেই ভারত যাবেন রহমান
ঢাকার ফরেন সার্ভিস অ্যাকাডেমিতে বক্তব্য রাখতে গিয়ে হুমায়ুন কবির বলেন, তারেক রহমানের (Tarique Rahman) প্রথম ভারত সফর বহুপাক্ষিক কোনও বৈঠকের অংশ হিসেবে হওয়া উচিত নয়। দুই দেশের মধ্যে উপযুক্ত পরিবেশ তৈরি হলে পরবর্তী সময়ে দ্বিপাক্ষিক সফরের পরিকল্পনা করা হবে বলেও জানান তিনি।
গত ১৭ ফেব্রুয়ারি ২০২৬ প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেওয়ার পরই তারেক রহমানকে ভারত সফরের জন্য আমন্ত্রণ জানিয়েছিল নয়াদিল্লি। পরে আগস্টে ভারত BRICS সম্মেলনে BIMSTEC, ASEAN, আফ্রিকান ইউনিয়ন, গাল্ফ কো-অপারেশন কাউন্সিল (GCC), CELAC এবং ইউরেশিয়ান ইকনমিক ইউনিয়ন (EAEU)-সহ একাধিক আঞ্চলিক সংগঠনের চেয়ারম্যান বা প্রতিনিধিদের আমন্ত্রণ জানায়।
আরও পড়ুন: BRICS-এ যোগ দিতে ৭ বছর পর ভারতে শি জিনপিং, মোদীর সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক নিয়ে জল্পনা
ভারতের BRICS তালিকায় নেই বাংলাদেশের নাম
১০ সেপ্টেম্বর ভারতের বিদেশ মন্ত্রক জানায়, BRICS সম্মেলনে ASEAN, আফ্রিকান ইউনিয়ন এবং ইউরেশিয়ান ইকনমিক ইউনিয়নের প্রতিনিধিত্ব করবেন যথাক্রমে ফিলিপিন্সের প্রেসিডেন্ট ফার্দিনান্দ আর মার্কোস, বুরুন্ডির প্রেসিডেন্ট এভারিস্ত নাদাইশিমিয়ে এবং কাজাখস্তানের প্রেসিডেন্ট কাসিম-জোমার্ট তোকায়েভ।
অন্যদিকে CELAC-এর প্রতিনিধিত্ব করবেন উরুগুয়ের বিদেশমন্ত্রী মারিও লুবেতকিন এবং GCC-র হয়ে উপস্থিত থাকবেন বাহরাইনের বিদেশমন্ত্রী আবদুল্লাতিফ বিন রশিদ আল জ়ায়ানি।তবে ওই ঘোষণায় বাংলাদেশের নাম উল্লেখ করা হয়নি।
এর আগে ঢাকা জানিয়েছিল, তারেক রহমানের সম্ভাব্য ভারত সফর নিয়ে নয়াদিল্লির সঙ্গে আলোচনা চলছে। তবে বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভার্চুয়াল সাংবাদিক বৈঠক করার পর সেই আলোচনা কার্যত থমকে যায়।




