প্রযুক্তিগত বিনিয়োগের নামে পরিবেশের তোয়াক্কা না করে যথেচ্ছ জঙ্গল কাটার অভিযোগে এবার ফিনল্যান্ডে (Finland) ফৌজদারি তদন্তের মুখে পড়ল তথ্যপ্রযুক্তি জায়ান্ট গুগল (Google)। ‘দ্য গার্ডিয়ান’ (The Guardian) সংবাদমাধ্যমের রিপোর্ট অনুযায়ী, উত্তর ফিনল্যান্ডের গ্রামীণ এলাকায় গুগলের একটি প্রস্তাবিত ডেটা সেন্টারের (datacentre site) কাজ ঘিরে এই আইনি জটিলতা তৈরি হয়েছে। অভিযোগ, ফিনল্যান্ডের নিজস্ব পরিবেশ আইন লঙ্ঘন করে এবং বাধ্যতামূলক পরিবেশের উপর প্রভাব কতটা, সেই মূল্যায়ন (environmental impact assessments) সম্পন্ন হওয়ার আগেই ডেটা সেন্টারের জন্য নির্দিষ্ট ওই বিশাল জঙ্গল সাফ করে দিয়েছে গুগল।
৩৩০ হেক্টর জঙ্গল ধ্বংস
ফিনল্যান্ডের পুলিশের প্রাথমিক তথ্য অনুযায়ী, মুহোস (Muhos) এলাকায় গুগল তাদের নিজস্ব ডেটা সেন্টার গড়ার জন্য ৩৩০ হেক্টর বা প্রায় ৮১৫ একর জমির জঙ্গল পুরোপুরি কেটে সাফ করে দিয়েছে। ফিনল্যান্ডে গুগলের সহযোগী সংস্থা ‘টুইকে ফিনল্যান্ড’-এর (Tuike Finland) বিরুদ্ধে এই বেআইনিভাবে জঙ্গল কাটা ও জল নিকাশি ব্যবস্থা ধ্বংস করার অভিযোগ উঠেছে।
গত বৃহস্পতিবার এক আনুষ্ঠানিক বিবৃতিতে ফিনিশ পুলিশ জানিয়েছে, টুইকে ফিনল্যান্ডের ডেটা সেন্টার নির্মাণস্থলে জল সরবরাহ ও নিকাশি ব্যবস্থায় স্পষ্টতই গাফিলতি ও অস্পষ্টতা মিলেছে। এই সমস্ত অভিযোগের সত্যতা যাচাই করতেই গুগলের বিরুদ্ধে ফৌজদারি তদন্ত শুরু হয়েছে। ফিনল্যান্ডে গুগলের কান্ট্রি ম্যানেজার অ্যান্টি জারভিনেন (Antti Järvinen) জঙ্গল কাটার জন্য ক্ষমা চাইলেও দাবি করেছেন যে, সেই সময়কার আইনি বোঝাপড়ার ভিত্তিতেই তাঁরা কাজ এগিয়েছিলেন। গুগল কর্তৃপক্ষও জানিয়েছে, তারা পুলিশের তদন্তে সম্পূর্ণ সহযোগিতা করছে।
১৩০০ কোটি ইউরোর বিনিয়োগ
ঠান্ডা আবহাওয়া, ভূ-রাজনৈতিক স্থিতিশীলতা এবং সস্তায় বিপুল জমির কারণে ফিনল্যান্ডের মতো নরডিক দেশগুলি বরাবরই টেক কোম্পানিগুলির কাছে ডেটা সেন্টার তৈরির আদর্শ জায়গা। গুগল ফিনল্যান্ডে তাদের আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা এআই পরিকাঠামোর (AI infrastructure project) জন্য ১৩০০ কোটি ইউরো বিনিয়োগের ঘোষণা করেছে, যা ইউরোপে কোম্পানির সর্ববৃহৎ বিনিয়োগ। ফিনিশ প্রধানমন্ত্রী পেত্তেরি ওরপো (Petteri Orpo) গত সেপ্টেম্বরে গুগলের এই পদক্ষেপকে স্বাগত জানিয়ে একে জাতীয় অর্থনীতির জন্য লাভজনক বলেছিলেন।
কিন্তু ফিনল্যান্ডের পরিবেশ সংক্রান্ত নজরদারি সংস্থা (LVV) চলতি মাসের শুরুতেই মুহোস এবং দক্ষিণ-পূর্বের ওটানমাকি (Otanmäki) এলাকায় গুগলের ডেটা সেন্টারের কাজ স্থগিত করার নির্দেশ দেয়। পরিবেশকর্মীদের হিসেব অনুযায়ী, মুহোসে প্রায় আড়াই লক্ষ এবং ওটানমাকিতে প্রায় দেড় লক্ষ গাছ ইতিমধ্যেই কাটা পড়েছে।
গুগলের এই বেপরোয়া আচরণের পর ফিনল্যান্ড জুড়ে জাতীয় স্তরে বিতর্ক শুরু হয়েছে। পথেঘাটে শুরু হয়েছে গণবিক্ষোভও। হেলসিঙ্কি বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সায়েন্সের অধ্যাপক জুসি কাঙ্গাশারজুর মতে, এই ডেটা সেন্টারগুলি থেকে ফিনল্যান্ডের স্থানীয় মানুষের বিশেষ কোনও লাভ নেই, আসল লাভ গুগল এবং তাদের আন্তর্জাতিক গ্রাহকদের। পরিবেশের এই বিপুল ক্ষতি রুখতে এবং ডেটা সেন্টারগুলির ওপর কড়া নজরদারির দাবিতে ইতিমধ্যেই ৯৩ হাজারের বেশি ফিনিশ নাগরিক একটি পিটিশনে স্বাক্ষর করেছেন, যা আগামী এপ্রিলে হতে চলা সংসদীয় নির্বাচনেও প্রভাব ফেলবে বলে মনে করছে রাজনৈতিক পর্যবেক্ষকরা।




