অমৃতসর থেকে নিউ জলপাইগুড়িগামী কর্মভূমি এক্সপ্রেসে ভয়াবহ আগুন। শুক্রবার দুপুরে পাঞ্জাবের রাজুপুরা স্টেশনের কাছে সরাই বাঞ্জারা এলাকায় চলন্ত ট্রেনের চারটি কামরায় আগুন লাগে। মুহূর্তের মধ্যে আগুন ছড়িয়ে পড়ে চারটি কামরায়। কালো ধোঁয়ায় ঢেকে যায় চারপাশের আকাশ। ঘটনায় কয়েক জন যাত্রী আহত হয়েছেন বলে খবর। তবে এখনও পর্যন্ত কোনও হতাহতের খবর মেলেনি। দমকল ও রেলের আধিকারিকদের দীর্ঘ চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা হয়। কীভাবে এই আগুন লাগল, তা খতিয়ে দেখা হচ্ছে।
জানা গিয়েছে, শুক্রবার অমৃতসর থেকে যাত্রা শুরু করেছিল ১২৫০৮ কর্মভূমি এক্সপ্রেস। বেলা ১টা নাগাদ পাঞ্জাবের সরাই বাঞ্জারায় রাজপুরা স্টেশনের কাছে ট্রেনটিতে আগুন লাগে। ট্রেনের ইঞ্জিনের পর পাঁচ নম্বর কামরায় প্রথম আগুন দেখা যায়। পরে তা দ্রুত ছড়িয়ে পড়ে অন্য তিনটি কামরায়। আগুন লাগার খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছয় দমকলবাহিনী ও রেল আধিকারিকেরা। অম্বালা ডিভিশনের এক পদস্থ রেল আধিকারিক জানিয়েছেন, আগুন নিয়ন্ত্রণে আনা হয়েছে। আহত যাত্রীদের চিকিৎসার ব্যবস্থাও করা হচ্ছে।
#WATCH | Rajpura, Punjab: Fire breaks out in 4 coaches of Karmabhumi Express in the Ambala division; no casualties reported Northern Railway CPRO Himanshu Shekhar Upadhyay stated that the train stopped safely after its safety system was triggered near Sarai Banjara station. The fire is being brought under control; senior officials are on-site, and no injuries have been reported.
— ANI (@ANI) November 6, 2026
কর্মভূমি এক্সপ্রেসের আগুনের ছবি ও ভিডিও ভাইরাল হয়েছে। সেখানে দেখা যাচ্ছে, ট্রেনের একাধিক কামরা থেকে আগুনের শিখা বেরিয়ে আসছে। ঘন কালো ধোঁয়ায় ঢেকে গিয়েছে আশপাশের এলাকা। রেলকর্মীদের আগুন নেভানোর চেষ্টা করতেও দেখা গিয়েছে।
পাটিয়ালার জেলাশাসক হিমাংশু আগরওয়াল জানিয়েছেন, ট্রেনের প্যান্ট্রি কার থেকে আগুন ছড়িয়ে থাকতে পারে। শর্ট সার্কিটের সম্ভাবনাও উড়িয়ে দেওয়া হচ্ছে না। অন্যদিকে, রেল পুলিশের এসএইচও গুরপ্রীত সিংয়ের দাবি, একটি কামরার পাখায় শর্ট সার্কিট থেকে আগুন লাগতে পারে। পরে তা অন্য কামরাগুলিতে ছড়িয়ে পড়ে।যাত্রীদের অন্য ট্রেনে তাঁদের পৌঁছে দেওয়ার ব্যবস্থা করা হচ্ছে। তবে বিকল্প ট্রেনের ব্যবস্থা করতে কিছুটা সময় লাগবে।
দেখুন:




