মলদোভা থেকে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কিকে নিয়ে সবেমাত্র টেক অফ করেছে ফ্লাইট। ঠিক সেই সময়ে বড়সড় বিপদের হাত থেকে রক্ষা পেলেন জেলেনস্কি। ফ্লাইটটি টেক অফের পরেই একটি ড্রোন সামনে এসে যায়। নরওয়ের প্রধানমন্ত্রী জোনাস গাহর স্টোর জানিয়েছেন, ইউক্রেনের প্রেসিডেন্টের ফ্লাইটটি একটি ড্রোনের সঙ্গে প্রায় ধাক্কা খেতে যাচ্ছিল। কিন্তু কোনও রকমে সংঘর্ষের হাত থেকে বেঁচে যায়। বুধবার নরওয়ের সরকারি সম্প্রচারমাধ্যম এনআরকে-কে দেওয়া সাক্ষাৎকারে তিনি এ কথা জানিয়েছেন। তবে ড্রোনটি জেলেনস্কির বিমানের কতটা কাছাকাছি এসেছিল, সে বিষয়ে বিস্তারিক কিছু জানা যায়নি।
নরওয়ের প্রধানমন্ত্রী বলেন, মলদোভা থেকে ফ্লাইটটি ছাড়ার পরেই সেটি একটি ড্রোনের মুখে পড়েছিল। জেলেনস্কি নরওয়ের প্রয়াত রাজা হ্যারাল্ড পঞ্চমের শেষকৃত্যে যোগ দিতে সেখানে যাচ্ছিলেন। জেলেনস্কির ফ্লাইটকে ঘিরে এই ঘটনা সামনে আসার পাশাপাশি মঙ্গলবার মলদোভার আকাশসীমায় দুটি রুশ ড্রোন প্রবেশের ঘটনাও ঘটে। ফ্লাইট-ট্র্যাকিং-এর তথ্য অনুযায়ী, ড্রোন অনুপ্রবেশের পর রাজধানী কিশিনাউ বিমানবন্দরে সাময়িকভাবে বিমান ওঠানামা বন্ধ করা হয়। বেশ কয়েকটি ফ্লাইটকে দেশের বাইরে অন্য বিমানবন্দরে পাঠিয়ে দেওয়া হয়। আবার কিছু বিমানকে অপেক্ষা করার কথা বলা হয়।
মলদোভা কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী, একটি ড্রোন মাঠে ভেঙে পড়ার পর তাতে আগুন ধরে যায়। অন্য ড্রোনটি মলদোভার আকাশসীমা পেরিয়ে রোমানিয়ার আকাশসীমায় প্রবেশ করে। মলদোভার প্রেসিডেন্ট মাইয়া সান্দু এই ঘটনাকে গুরুতর হুমকি হিসেবে উল্লেখ করেছেন। একই দিনে ইউক্রেন সীমান্তে পৃথক হামলায় ২ জন নিহত হওয়ার ঘটনাতেও তিনি নিন্দা জানান।
জেলেনস্কি প্রধানমন্ত্রী স্টোরে, অর্থমন্ত্রী জেন্স স্টলটেনবার্গ এবং বিদেশমন্ত্রী এসপেন বার্থ এইডের সঙ্গে বৈঠক করেন। আলোচনায় ইউক্রেন ও নরওয়ের সামরিক সহায়তা, বিশেষ করে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ও বেসামরিক সহায়তার বিষয়টি গুরুত্ব পেয়েছে। জেলেনস্কি নরওয়ের প্রধানমন্ত্রীর সঙ্গে প্রতিরক্ষা শিল্পের কর্তাদের সঙ্গেও বৈঠক করেন। সেখানে ইউরোপীয় অ্যান্টি-ব্যালিস্টিক প্রতিরক্ষা ব্যবস্থা ফ্রেয়া নিয়ে আলোচনা হয়। ইউরোপের আকাশসীমা সুরক্ষায় সরকার ও প্রতিরক্ষা সংস্থাগুলির দায়িত্ব ভাগাভাগি এবং প্রকল্পটির বাস্তবায়ন এগিয়ে নেওয়ার বিষয়ে আলোচনা হয়েছে বলে জানান জেলেনস্কি।
আরও পড়ুন: ইরানের ৫ তেলবাহী জাহাজে মার্কিন হামলা, পাল্টা ক্ষেপণাস্ত্র তেহরানের
চার বছরের বেশি সময় ধরে রাশিয়ার পূর্ণাঙ্গ সামরিক অভিযানের মুখে থাকা ইউক্রেন নিয়মিত ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার শিকার হচ্ছে। বুধবার অসলোতে রাজা হ্যারাল্ড পঞ্চমের শেষকৃত্যে অন্যান্য রাষ্ট্রপ্রধান ও বিশিষ্ট অতিথিদের সঙ্গে অংশ নেন জেলেনস্কি। শেষকৃত্য শেষে তিনি নরওয়ে ছাড়েন। নরওয়ের প্রধানমন্ত্রী জোনাস গাহর স্টোর জানিয়েছেন, এরপর জেলেনস্কির কানাডা সফর রয়েছে। সেখানে তিনি কানাডীয় নেতাদের সহ্গে বৈঠক করবেন।




