কলকাতা ফুটবল লিগ প্রিমিয়ার ডিভিশনের গ্রুপ পর্বের খেলা শেষ। এ বার শুরু হবে সুপার সিক্সের লড়াই। মঙ্গলবার চ্যাম্পিয়নশিপ রাউন্ডের সূচি ঘোষণা করল আইএফএ। আগামী ১০ সেপ্টেম্বর থেকে ১৯ সেপ্টেম্বর পর্যন্ত চলবে এই সুপার সিক্স রাউন্ড। প্রথম দিনই মাঠে নামছে মোহনবাগান সুপার জায়ান্ট ও ইস্টবেঙ্গল এফসি।
গ্রুপ পর্বে যাদের সঙ্গে খেলা হয়ে গিয়েছে, তাদের সঙ্গে আর খেলতে হবে না সুপার সিক্সে। যেমন, মোহনবাগান সুপার জায়ান্টকে সুপার সিক্সে ভবানীপুর ও ইস্টবেঙ্গলের মুখোমুখি হতে হবে না। এই ফরম্যাটে প্রতি দলকে তিনটি করে ম্যাচ খেলতে হবে সুপার সিক্স পর্বে। সব ম্যাচ হয়ে যাওয়ার পর সেরা দলই হবে এ বারের কলকাতা লিগ চ্যাম্পিয়ন।
১০ সেপ্টেম্বর বিকেল তিনটেয় ঘরের মাঠে কোল ইন্ডিয়ার বিপক্ষে মাঠে নামবে মোহনবাগান সুপার জায়ান্ট। একই দিনে, একই সময়ে ঘরের মাঠে ইউনাইটেড এসসির মুখোমুখি হবে ইস্টবেঙ্গল। এর পরের দিন, অর্থাৎ ১১ সেপ্টেম্বর নৈহাটির বঙ্কিমাঞ্জলি স্টেডিয়ামে ভবানীপুরের বিরুদ্ধে সুপার সিক্সের প্রথম ম্যাচ খেলবে মহমেডান এসসি।
দ্বিতীয় রাউন্ডে ১৩ সেপ্টেম্বর সবুজ-মেরুন ব্রিগেডের মুখোমুখি হবে ইউনাইটেড এফসি। এর পর ১৪ সেপ্টেম্বর বারাসত স্টেডিয়ামে হবে চ্যাম্পিয়নশিপ রাউন্ডের প্রথম মিনি ডার্বি। দুপুর তিনটেয় এই ম্যাচে মুখোমুখি হবে ইস্টবেঙ্গল ও মহমেডান। ১৭ সেপ্টেম্বর একই মাঠে নামবে মোহনবাগান ও মহমেডান। শেষ দিনে, ১৯ সেপ্টেম্বর, ইস্টবেঙ্গল খেলবে কোল ইন্ডিয়ার বিরুদ্ধে এবং অপর ম্যাচে ইউনাইটেড এসসির প্রতিপক্ষ ভবানীপুর।
সুপার সিক্সের ক্রীড়াসূচি:
১০ সেপ্টেম্বর- কোল ইন্ডিয়া-মোহনবাগান (মোহনবাগান, বিকেল ৩.০০)
১০ সেপ্টম্বর- ইউনাইটেড এসসি-ইস্টবেঙ্গল (ইস্টবেঙ্গল, বিকেল ৩.০০)
১১ সেপ্টেম্বর- মহমেডান-ভবানীপুর (নৈহাটি, বিকেল ৩.০০)
১৩ সেপ্টেম্বর- ইউনাইটেড এসসি-মোহনবাগান (মোহনবাগান, বিকেল ৩.০০)
১৪ সেপ্টেম্বর- ইস্টবেঙ্গল-মহমেডান (বারাসত, বিকেল ৩.০০)
১৫ সেপ্টেম্বর- কোল ইন্ডিয়া-ভবানীপুর (ব্যারাকপুর, বিকেল ৩.০০)
১৭ সেপ্টেম্বর- মোহনবাগান-মহমেডান (বারাসত, বিকেল ৩.০০)
১৯ সেপ্টেম্বর- কোল ইন্ডিয়া-ইস্টবেঙ্গল (ইস্টবেঙ্গল, বিকেল ৩.০০)
১৯ সেপ্টেম্বর- ভবানীপুর-ইউনাইটেড এসসি (বারাসাত, বিকেল ৩.০০)




