• facebook
  • twitter
  • youtube
Saturday, 24 October, 2026

লক্ষ্মীর হাতেই এবারে অন্নপূর্ণা, পুরন্দরপুরে হতে চলেছে অন্যরকম লক্ষ্মীপুজো

পুজো উদ্যোক্তারা আশাবাদী এবারেও এখানে অনেক মানুষের সমাগম হবে। প্রতিমাশিল্পী অনিল বাগদির বলেন, যুগল মূর্তি তৈরি করতে একমাসেরও বেশি সময় লেগেছে। গৃহবধূরা জানিয়েছেন, প্রাপ্ত অর্থের সামান্য অংশ মায়ের পুজোয় নিবেদন করে তাঁরা কৃতজ্ঞতা জানাতে চান।

লক্ষ্মীর হাতেই এবারে অন্নপূর্ণা, পুরন্দরপুরে হতে চলেছে অন্যরকম লক্ষ্মীপুজো

Photo: SNS

অন্নপূর্ণা যোজনার টাকা এবার মা লক্ষ্মীর পায়ে। বীরভূমের পুরন্দরপুরের আদিরেপাড়ায় চলতি বছরে একেবারে অন্যরকম লক্ষ্মীপুজো। অন্নপূর্ণা যোজনা থেকে প্রাপ্ত অর্থের একাংশ দিয়ে মা লক্ষ্মীর পুজোর আয়োজন করছেন গৃহবধূরা। ২৫ ফুট উচ্চতার লক্ষ্মী ও অন্নপূর্ণার যুগল মূর্তিই তাদের এবারের আকর্ষণ।

উদ্যোক্তাদের দাবি, স্থানীয় মহিলাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে রাজ্য সরকারের তরফে অন্নপূর্ণা যোজনার টাকা ঢুকছে। সেই টাকার কিছু অংশ মহিলারা পুজোর জন্য দিয়েছেন। সেই টাকাই পুজোর অন্যতম আর্থিক ভরসা বলে জানিয়েছেন উদ্যোক্তারা। যদিও এর পাশাপাশি অন্যান্য অনুদানও রয়েছে। উদ্যোক্তারা ধন ও অন্নের দেবীকে একই মণ্ডপে প্রতিষ্ঠা করে পুরাণের বিশেষ আখ্যান তুলে ধরতে চাইছেন।

৩৮ বছর ধরে পুরন্দরপুর বিধান স্মৃতি সঙ্ঘের পরিচালনায় এই পুজো হয়ে আসছে। ঝাড়খণ্ড থেকে শুরু করে বিভিন্ন জায়গার অনেক দর্শনার্থী এখানে এসে উপস্থিত হন। পুজো উদ্যোক্তারা আশাবাদী এবারেও এখানে অনেক মানুষের সমাগম হবে। প্রতিমাশিল্পী অনিল বাগদির বলেন, যুগল মূর্তি তৈরি করতে একমাসেরও বেশি সময় লেগেছে। গৃহবধূরা জানিয়েছেন, প্রাপ্ত অর্থের সামান্য অংশ মায়ের পুজোয় নিবেদন করে তাঁরা কৃতজ্ঞতা জানাতে চান।

আরও পড়ুন: বৃদ্ধের সম্পত্তি রক্ষার আইনি লড়াই, আইনজীবীর বিরুদ্ধে ফৌজদারি মামলা খারিজ হাইকোর্টে

পুরাণের কাহিনি অনুযায়ী, দেবী লক্ষ্মী পাতালে আশ্রয় নেওয়ার পর তিন লোকে দুর্ভিক্ষ দেখা দিয়েছিল। পরে মহাদেবের নির্দেশে ধনলক্ষ্মী কাশীতে গিয়ে অন্নপূর্ণার কাছে অন্ন প্রার্থনা করেছিলেন। অন্নপূর্ণার দানে ফের সমৃদ্ধ হয় জগৎ। সেটাই এবার মণ্ডপে ফুটিয়ে তোলা হচ্ছে। পুজো উদ্যোক্তা বুদ্ধদেব সাধু জানান, পুজোর ৩৫তম বছরে ২২ ফুটের লক্ষ্মী প্রতিমা তৈরি হয়েছিল। পরের বছর সেই প্রতিমার উচ্চতা বেড়ে হয় ২৫ ফুট। সেবার লক্ষ্মীর পাশে স্থান পেয়েছিলেন নারায়ণ। এবার সঙ্গী অন্নপূর্ণা।