• facebook
  • twitter
  • youtube
Wednesday, 2 September, 2026

আকাশের হ্যাটট্রিকে ডার্বির আগে স্বস্তির জয় পেল লাল-হলুদ ব্রিগেড

দ্বিতীয়ার্ধের ৬৭ মিনিট নাগাদ ইউনাইটেডের শট পোস্টে লেগে ফিরে আসে। ৮২ মিনিটে মহম্মদ বিলালের কাছেও সুযোগ ছিল। কিন্তু এদিন

আকাশের হ্যাটট্রিকে ডার্বির আগে স্বস্তির জয় পেল লাল-হলুদ ব্রিগেড

Akash Hattrick Photo-SNS

আগেই কলকাতা লিগের সুপার সিক্স নিশ্চিত হয়ে গিয়েছিল ইস্টবেঙ্গলের। ফলে, ডার্বির আগে শেষ ম্যাচটা ছিল কার্যত নিয়মরক্ষার।

পাশাপাশি, আগামী সোমবার কলকাতা লিগের ডার্বির আগে নিজেদের ঝালিয়ে নেওয়ার এটাই শেষ সুযোগ ছিল লাল-হলুদ ব্রিগেডের সামনে। আর সেই পরীক্ষায় বেশ ভালো ভাবেই পাস করল কোচ অর্চিষ্মান বিশ্বাসের ইস্টবেঙ্গল।

বুধবার নৈহাটির বঙ্কিমাঞ্জলি স্টেডিয়ামে ইউনাইটেড কলকাতাকে ৩-০ গোলে হারিয়ে দিলেন উত্তম হাঁসদা, অঙ্কন ভট্টাচার্য্য-রা। ম্যাচের নায়ক আকাশ হেমব্রম। তাঁর হ্যাটট্রিকে ভর করেই ১০ ম্যাচে ২৬ পয়েন্ট নিয়ে নিজেদের জায়গা আরও মজবুত করে নিল লাল-হলুদ ব্রিগেড। একইসঙ্গে, ডার্বি ম্যাচের আগে আত্মবিশ্বাস বাড়িয়ে নিল তারা।

এদিন ম্যাচের শুরু থেকেই আক্রমণের ঝড় তুলেছিল ইস্টবেঙ্গল। একের পর এক সুযোগ তৈরি হলেও প্রথম ২০ মিনিটে গোলের মুখ খুলতে পারেনি তারা। খেলার ২৩ মিনিট নাগাদ অবশ্য আর ভুল করেননি আকাশ। দুর্দান্ত থ্রু পাস পেয়ে এগিয়ে গিয়ে ইউনাইটেড গোলরক্ষক সুরজ মল্লিককে পরাস্ত করে দলকে এগিয়ে দেন তিনি। গোলের পর রোনাল্ডোর কায়দায় বিশেষ সেলিব্রেশন করতেও দেখা যায় তাঁকে। গোল খেয়ে সমতা ফেরানোর লক্ষ্যে আক্রমণের চাপ বাড়ায় ইউনাইটেডও। প্রতীক লামা, সালাম রঞ্জন সিংরা পাল্টা আক্রমণে বিরতির আগেই সমতা ফেরানোর সুযোগও পেয়ে গিয়েছিলেন। কিন্তু গোলের সামনে গিয়েও ব্যর্থ হন তাঁরা। ফলে, প্রথমার্ধের খেলা শেষ হয় ১-০ অবস্থায়।

দ্বিতীয়ার্ধের ৬৭ মিনিট নাগাদ ইউনাইটেডের শট পোস্টে লেগে ফিরে আসে। ৮২ মিনিটে মহম্মদ বিলালের কাছেও সুযোগ ছিল। কিন্তু এদিন ম্যাচটা যেন ছিল একেবারেই ইস্টবেঙ্গলের। খেলার শেষ লগ্নে ৮৬ মিনিটে নিজের দ্বিতীয় গোল করেন আকাশ। আর সংযুক্ত সময়ে (৯০+৪) হ্যাটট্রিক পূর্ণ করার পাশাপাশি দলের হয়ে তৃতীয় গোল করে জয় নিশ্চিত করেন তিনি।

ম্যাচ জিতে স্বাভাবিকভাবেই উচ্ছসিত ইস্টবেঙ্গল কোচ অর্চিষ্মান বিশ্বাস। ম্যাচ শেষে তিনি বলেন, ‘ছেলেরা খুব ভাল পারফরম্যান্স করেছে। এই জয়ের সম্পূর্ণ কৃতিত্ব ওদের’।

ম্যাচের নায়ক আকাশ জানান, ‘পাঠচক্রের বিরুদ্ধে পেনাল্টি মিস করেছিলাম। তাই, এই হ্যাটট্রিক আমার কাছে স্মরণীয়। ডার্বি ম্যাচে মোহনবাগান সুপার জায়ান্টের বিরুদ্ধেও আমি গোল করতে চাই ‘। হ্যাটট্রিকের পর আপাতত আকাশের লক্ষ্য এটাই।