• facebook
  • twitter
  • youtube
Thursday, 15 October, 2026

ইস্টবেঙ্গল ফুটবলারদের বকেয়া বেতন মিটিয়ে তাদের অনুশীলনে ফেরালেন ক্লাব কর্তারা

ইস্টবেঙ্গলের মতো ঐতিহ্যশালী ক্লাবের ক্ষেত্রে ফুটবলারদের বেতন নিয়ে এমন পরিস্থিতি স্বাভাবিক ভাবেই সমর্থকদের উদ্বেগ বাড়াচ্ছে। বিশেষ করে, বিদেশি ফুটবলারদের বেতনও বকেয়া থাকার খবর সামনে আসায় বিষয়টি আরও গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে।

ইস্টবেঙ্গল ফুটবলারদের বকেয়া বেতন মিটিয়ে তাদের অনুশীলনে ফেরালেন ক্লাব কর্তারা

Photo: X

ইস্টবেঙ্গলের ফুটবলারদের বকেয়া বেতন আংশিক মিটিয়ে তাদের অনুশীলনে ফেরালেন ক্লাবের কর্মকর্তারা। আগামী রবিবারই আইএসএল অভিযান শুরু করতে চলেছে গতবারের আইএসএল চ্যাম্পিয়নরা। তার আগে এই বেতন-সমস্যা হঠাৎ করে মাথাচাড়া দিয়ে উঠেছিল। কিন্তু আপাতত সেই সমস্যা মেটালেও অদূর ভবিষ্যতে যে ফের সেই সমস্যা মাথাচাড়া দিয়ে উঠবে না, সেই নিশ্চয়তা এখনও পাওয়া যায়নি।

গত দু’মাসের বেতন পাননি ইস্টবেঙ্গলের দেশি-বিদেশি ফুটবলারদের একাংশ, এমনই শোনা গিয়েছিল ফুটবলারদের ঘনিষ্ঠ সূত্রে। ফলে বুধবারের অনুশীলন তারা বয়কট করেন। রাজারহাটে ন্যাশনাল সেন্টার অফ এক্সেলেন্সের মাঠে গিয়েও অনুশীলন না করে একে একে বেরিয়ে যান তাঁরা। কোচ আন্তোনিও লোপেজ হাবাসও তাঁদের এই সিদ্ধান্তের বিরোধিতা করেননি। বকেয়া মেটানো না হলে অনুশীলন বয়কট চালিয়ে যাওয়ার হুঁশিয়ারিও দিয়েছিলেন ফুটবলাররা।

বৃহস্পতিবারই ফুটবলারদের সেই বকেয়া বেতন মিটিয়ে দেন ক্লাব কর্তারা। তবে আংশিক বকেয়া মেটান তাঁরা। ফলে আপাতত স্বস্তি ফিরেছে ইস্টবেঙ্গল শিবিরে। তবে আইএসএলের মধ্যে ফের যে এই সমস্যা দেখা দেবে না, কে বলতে পারে?

লাল-হলুদ শিবিরের আর্থিক সমস্যা অনেক গভীরে, এমনই জানাচ্ছেন ওয়াকিবহাল মহল। শুধু ফুটবলারদের বেতন মেটানোর মধ্যেই সেই সঙ্কট সীমাবদ্ধ নয়। ক্লাবের আর্থিক স্থিতিশীলতা নিশ্চিত করতে অনেকদিন ধরেই দীর্ঘমেয়াদি সমাধান খুঁজছেন কর্তারা। কিন্তু সেই সমাধান তাঁরা এখনও পাননি। ইমামি চুক্তি ছেড়ে বেরিয়ে যাওয়ার পর নতুন বিনিয়োগকারী খুঁজে পেতে ইস্টবেঙ্গল ব্যর্থ হলে আগামী কয়েক মাসের মধ্যে ফের একই ধরনের আর্থিক সঙ্কট তৈরি হতে পারে।

এই মুহূর্তে লাল-হলুদ কর্তারা বকেয়া বেতন মিটিয়ে পরিস্থিতি কিছুটা স্বাভাবিক করতে সফল হলেও এর পরেও বড় প্রশ্ন থেকেই যাচ্ছে—দীর্ঘমেয়াদে ইস্টবেঙ্গলের আর্থিক স্থিতিশীলতা নিশ্চিত করবে কে?

ক্লাব সূত্রের খবর, ইস্টবেঙ্গল ক্লাবের ব্যাঙ্ক অ্যাকাউন্টে বর্তমানে প্রায় চার কোটি টাকা রয়েছে। কিন্তু এক অজানা সমস্যার কারণে সেই টাকা ব্যবহার করতে পারছে না ক্লাব কর্তৃপক্ষ। ফলে অ্যাকাউন্টে অর্থ টাকা সত্ত্বেও ফুটবলারদের বেতন মেটাতে সমস্যা হচ্ছে। পরিস্থিতি সামাল দিতে ক্লাবের সঙ্গে জড়িত কয়েকজনের সাহায্য নিয়ে আপাতত এই অবস্থা সামলান দেবব্রত সরকাররা। কিন্তু ইনভেস্টর না এলে এরপর কাদের সাহায্য পাবেন, সেটাই প্রশ্ন।

দলের একাধিক ফুটবলার গত দু’মাসের বেতন না পাওয়ায় ক্ষুব্ধ। কোচ হাবাসও এই পরিস্থিতিতে ফুটবলারদের পাশে দাঁড়িয়ে অনুশীলন বয়কটে যোগ দেন বলে জানা গিয়েছে। বকেয়া টাকা হাতে না পেলে এবং অনুশীলনে না ফেরার অবস্থানে ফুটবলাররা অটল থাকলে দলের প্রস্তুতিতে যে তার কুপ্রভাব পড়ত, এই নিয়ে কোনো সন্দেহ নেই।

ইস্টবেঙ্গলের মতো ঐতিহ্যশালী ক্লাবের ক্ষেত্রে ফুটবলারদের বেতন নিয়ে এমন পরিস্থিতি স্বাভাবিক ভাবেই সমর্থকদের উদ্বেগ বাড়াচ্ছে। বিশেষ করে, বিদেশি ফুটবলারদের বেতনও বকেয়া থাকার খবর সামনে আসায় বিষয়টি আরও গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে।

কোচ ও ফুটবলারদের সঙ্গে আলোচনার মাধ্যমে সমস্যা মিটিয়ে অনুশীলন ফের শুরু করানোও এ দিন কর্তাদের কাছে বড় চ্যালেঞ্জ হয়ে উঠেছিল। কিন্তু সেই অবস্থা সামলে নেন তাঁরা। তবে ব্যাঙ্কে প্রায় চার কোটি টাকা থাকা সত্ত্বেও কেন সেই অর্থ ব্যবহার করা যাচ্ছে না, তার বিস্তারিত কারণ এখনও স্পষ্ট নয়। একই ভাবে, বকেয়া বেতন এবং অনুশীলন বয়কট নিয়ে ক্লাবের তরফে কী জানানো হয়, সে দিকেও নজর থাকবে।