• facebook
  • twitter
  • youtube
Monday, 7 September, 2026

দিল্লিতে বাড়ি ধসে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ৭, পলাতক মালিকের খোঁজে লুক আউট নোটিস

দিল্লির মুখ্যমন্ত্রী রেখা গুপ্তা সোমবার ফের ঘটনাস্থলে গিয়ে উদ্ধারকাজ ও নিরাপত্তা পরিস্থিতি খতিয়ে দেখেন। সরকার আশপাশের পিজি আবাসন এবং অন্যান্য ভবনে পরিদর্শনের নির্দেশ দিয়েছে। নিয়ম ভেঙে তৈরি বা পরিচালিত ভবনগুলি সিল করে দেওয়া হবে

দিল্লিতে বাড়ি ধসে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ৭, পলাতক মালিকের খোঁজে লুক আউট নোটিস

Image: IANS

দিল্লির সত্য নিকেতনে মেস বাড়ি ধসে এখনও পর্যন্ত মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৭ (Delhi House Incident)। সোমবার দিল্লি পুলিশ জানিয়েছে, এখনও পর্যন্ত ১২ জনকে উদ্ধার করা হয়েছে। এদিকে ধসে পড়ে বাড়ির মালিক হরিরাম বনসলের খোঁজে দিল্লি, হরিয়ানা ও উত্তরপ্রদেশজুড়ে তল্লাশি শুরু করেছে পুলিশ।

মালিককে খুঁজে বের করতে ১০টি পুলিশ দল গঠন করা হয়েছে। তাঁর বিরুদ্ধে লুক আউট নোটিস জারি করা হয়েছে। হরিরাম বনসলের গুরুগ্রামে একটি বাড়ি রয়েছে বলে জানা গিয়েছে। তবে তাঁর এখনও কোনও খোঁজ মেলেনি।

দুর্ঘটনার পর একাধিক (Delhi House Incident) পদক্ষেপ করা হয়েছে। দিল্লি সরকার আশপাশের পেইং গেস্ট আবাসনগুলি পরিদর্শনের নির্দেশ দিয়েছে। পাশাপাশি বেআইনি পাঁচতলা ভবনের বিরুদ্ধে অভিযান চালানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। অন্যদিকে, এই মর্মান্তিক ঘটনাকে কেন্দ্র করে দায়ের হওয়া একটি আবেদনের শুনানি করতে চলেছে দিল্লি হাইকোর্ট। একই সঙ্গে ঘটনাটি ঘিরে রাজনৈতিক মহলেও তীব্র চাপানউতোর শুরু হয়েছে।

আরও পড়ুন: ছাত্রাবাস ধসের পর কড়া দিল্লি পুরসভা, চারতলার বেশি উঁচু অবৈধ বাড়ি দেখলেই সিল করার নির্দেশ

বেআইনি ভবন পরিদর্শন ও সিল করার নির্দেশ

দিল্লির মুখ্যমন্ত্রী রেখা গুপ্তা সোমবার ফের ঘটনাস্থলে গিয়ে উদ্ধারকাজ ও নিরাপত্তা পরিস্থিতি খতিয়ে দেখেন। সরকার আশপাশের পিজি আবাসন এবং অন্যান্য ভবনে পরিদর্শনের নির্দেশ দিয়েছে। নিয়ম ভেঙে তৈরি বা পরিচালিত ভবনগুলি সিল করে দেওয়া হবে।

এছাড়াও দিল্লি জুড়ে বেআইনিভাবে নির্মিত পাঁচতলা ভবনগুলি দ্রুত সিল করার নির্দেশ দেওয়া হয়েছে। মুখ্যমন্ত্রীর দপ্তর জানিয়েছে, তদন্তে দিল্লি পুরনিগমের কোনও আধিকারিকের গাফিলতি প্রমাণিত হলে তাঁদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। দুর্ঘটনাস্থলের আশপাশের ভবনগুলিকে নিরাপদ রাখতে লোহার জ্যাক বসানো হয়েছে।

ফাটল দেখা দেওয়ায় খালি করা হল আশপাশের হস্টেল

মেস বাড়িটি ধসের (Delhi House Incident) পর আশপাশের কয়েকটি ভবনেও ফাটল দেখা দিয়েছে। ফলে সেখানকার বাসিন্দাদের সরিয়ে নেওয়া হয়েছে। একটি মেয়েদের হস্টেলও খালি করে দেওয়া হয়েছে। স্থানীয় এক ছাত্রের দাবি, বহু ছাত্রছাত্রী আপাতত আত্মীয় বা বন্ধুদের বাড়িতে আশ্রয় নিয়েছেন।

দিল্লি হাইকোর্টে শুনানি

সোমবার জরুরি ভিত্তিতে বিষয়টি দিল্লি হাইকোর্টের প্রধান বিচারপতির সামনে তুলে ধরা হয়েছে। মামলাটি শুনতে রাজি হয়েছে দিল্লি হাইকোর্ট। দিল্লির লেফটেল্যান্ট গভর্নর তরণজিৎ সিং সান্ধু ঘটনাটি নিয়ে উচ্চপর্যায়ের বৈঠকও ডেকেছেন। সেখানে মুখ্যমন্ত্রী রেখা গুপ্তা এবং ডিডিএ, এমসিডি ও দিল্ল পুলিশের শীর্ষ আধিকারিকদের উপস্থিত থাকার কথা।

আরও পড়ুন: দিল্লিতে ধসে পড়া বাড়ির ধ্বংসস্তূপে আটকে পড়া পড়ুয়ার ভিডিও কল, সেই ভিডিও ভাইরাল

রাজনৈতিক চাপানউতোর

ঘটনাকে কেন্দ্র করে রাজনৈতিক তরজা ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে। কংগ্রেস সাংসদ প্রমোদ তিওয়ারি এই ঘটনাকে নিছক দুর্ঘনটা বলতে নারাজ। তাঁর অভিযোগ, ছাত্ররা পিজি হিসেবে ভবনটিতে থাকাকালীন সংস্কারের কাজ চলছিল। এই ঘটনায় প্রশাসনেরর ভূমিকাও তদন্ত করা উচিত।

অন্যদিকে, বিজেপি বিধায়ক অনিল শর্মা বিরোদীদের রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত মন্তব্যের অভিযোগ করেছেন। তাঁর দাবি, প্রায় ৪০ থেকে ৫০ বছরের পুরনো ওই ভবনে মেরামতির সময় কোনও ভুলের কারণেই বিপর্যয় ঘটে থাকতে পারে। তদন্তে যাঁদের গাফিলতি প্রমাণিত হবে, তাঁদের প্রত্যেকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলেও তিনি জানিয়েছেন।

দেখুন: বাড়ির নিরাপত্তা নিয়ে বড় সিদ্ধান্ত, দিল্লিতে বাধ্যতামূলক